স্বপ্ন খেলা করছিল তখন প্রাঙ্গণজুড়ে। তার মাঝে উঁকি দিচ্ছিল সোনালি রোদ্দুর। লাল, নীল, হলুদে সেজেগুজে একাকার প্রাঙ্গণ। ১০ জুলাই ২০১০। ৬৫তম জন্মদিন আজ তার। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের জন্মদিন। ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের সঙ্গে নবীন ছাত্ররা মিলে আয়োজন করলেন রঙিন জন্মদিন উৎসবের। জন্মদিনের উৎসবটা শুরু হলো স্বপ্নীল পদযাত্রায়। ঢোল, বাঁশি আর ঝুনঝুনিটা অনেক আগেই পৌঁছে গেছে সবার হাতে হাতে। সেগুলো উঠল বেজে। কারও কারও মাথায় ঠাঁই পেল রূপকথার সেই দত্যি-দানোর শিং। এর সঙ্গে কেউ বা সেজেছে রাজা রত্ন সেনের অপরূপা সুন্দরী প্রেমিকা পদ্মাবতী। শুকপাখি যদিও উড়াল দিয়েছে তার। তবে পঙ্খীরাজে চড়ে রাজশোভাযাত্রা থেমে থাকেনি কারও। পুরো প্রাঙ্গণ চক্কর দিয়ে আনন্দমিছিলটার শেষ হয় ডা. মিলন মিলনায়তনের সামনে।তারপর...তারপর? তার আর পর নেই...শুরু হলো সীমাহীন আনন্দ উৎসব। নবীনের সঙ্গে প্রবীণের আনন্দে তখন তিরতির করে কাঁপছিল গাছের পাতা। কথা হলো ৩১তম ব্যাচের চিকিৎসক খালেকুজ্জামানের সঙ্গে। তাঁদের শ্যামল-সবুজ কলেজ প্রাঙ্গণ আজ আর আগের মতো সবুজ নেই—এই বলে আক্ষেপ করলেন তিনি। ৩০তম ব্যাচের চিকিৎসক জয়নুল আবেদিন ছুটে এসেছেন বন্ধুদের দেখতে গাজীপুর থেকে। সবাইকে পেয়ে চলছিল অতীত স্মৃতি রোমন্থন।বর্তমান শিক্ষার্থীরাও কিন্তু বসে ছিলেন না। নাচে-গানে-সাজে উঠেছিলেন মেতে। তবে ৬৩তম ব্যাচের কাউসার সারা রাত আয়োজন করতে করতে ক্লান্ত হয়ে তখনো ঘুমাচ্ছেন হলে। চার রঙের জামায় সেজেছেন নবীনেরা। তাহাজুল, অহিদ, কুমকুমও সেজেছেন বেশ। ‘কিরে, তুই তো শুকিয়ে গেছিস রে’—এই বলে পুরোনো বন্ধুকে জড়িয়ে ধরছিলেন আলাউদ্দিন। ব্যাচ ৬১-এর ইভা আর চৈতির মনটা বেশ খারাপ। ইন্টার্ন চলছে তাঁদের। এরপর বন্ধুরা কে কোথায় চলে যাবেন কে জানে। ব্যাচ ৬৫-এর তমা, হূদি, শান্তা পরেছেন লাল আর নীল শাড়ি। রুম্পার চুলে মস্ত একটা ডালিয়া।ততক্ষণে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। সবাই এসে জড়ো হলেন মিলনায়তনে। শুরুতেই স্মরণ করা হলো ৬৪ বছরে যাঁদের হারিয়েছেন তাঁদের। তারপর শুরু হলো মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সাংসদ রাশেদ খান মেনন ও সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের চেয়ারপারসন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক নাজমুন নাহার।চলল স্মৃতিচারণা। তারপর র্যাফল ড্র। দুপুরে খাবারটা সবাই খেলেন একই সঙ্গে। বিকেলে চলল টু থাউজ্যান্ড টুয়েলভ (২০১২) সিনেমার প্রদর্শনী। এরপর নাচ-গানে ভরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান। ততক্ষণে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত। সন্ধ্যাতারার ঝিলিক, তবে তা আকাশে নয়, ঢাকা মেডিকেলের প্রাঙ্গণজুড়ে।