জন্মনিবন্ধন করতে ভোগান্তি
রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা আদিল চৌধুরী এ বছরের শুরুতে তাঁর পাঁচ বছরের মেয়ে কথা চৌধুরীকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। ভর্তির সময় বিদ্যালয় থেকে জানানো হয়, কথার জন্মসনদ অবশ্যই জমা দিতে হবে। এরপর কথার বাবা আদিল চৌধুরী তড়িঘড়ি করে জন্মসনদ সংগ্রহ করতে ঢাকা সিটি করপোরেশনে যান। সেখান থেকে জানানো হয়, সনদ পেতে সময় লাগবে। কিন্তু কথার স্কুলে ভর্তির সময় ফুরিয়ে আসছে। তিনি আবার সিটি করপোরেশনে গেলে একজন কর্মচারী এক হাজার টাকার বিনিময়ে কথার জন্মনিবন্ধন করে দেন।মালিবাগ রেললাইন-লাগোয়া বস্তির নিজের ঘরে বসে ছিলেন হানিফ হাওলাদার। তাঁর তিন বছরের শিশু শামিম হাওলাদার ঘরের পাশে পাথর নিয়ে খেলছিল। ছেলের জন্মনিবন্ধন করেছেন কি না জানতে চাইলে হানিফ হাওলাদার বলেন, ‘কয় দিন আগে এই এলাকার ওয়ার্ড কমিশনারের অফিসে পোলার জন্মনিবন্ধন করাইতে গেছিলাম। হেরা কইছে ৪০০ টেকা লাগব। তাই আর করা হয় নাই।’হানিফ হাওলাদারের মতো এমন অনেকেই আছেন, যাঁরা শিশুর জন্মনিবন্ধন করাতে চান। কিন্তু টাকার অঙ্ক শুনে আর সেটি করানোর উৎসাহ পান না।সরেজমিনে রাজধানীর ধানমন্ডি, আজিমপুর, মালিবাগ, মগবাজার, গ্রিন রোড, ইন্দিরা রোড, তেজগাঁও, মিরপুর ও মতিঝিল এলাকা ঘুরে দেখা গেছে, শিক্ষিত ও সচ্ছল পরিবারের শিশুদের জন্মনিবন্ধনের ব্যাপারে তাঁদের অভিভাবকেরা বেশ সচেতন। নিজেদের উদ্যোগে তাঁরা সিটি করপোরেশনে গিয়ে শিশুদের জন্মনিবন্ধন করিয়ে থাকেন।সেনা কল্যাণ ভবনে কর্মরত আহমেদ কবীর জানান, তাঁর ছেলে শাহ কবীরের জন্মের এক বছরের মাথায় তিনি নিজেই সিটি করপোরেশনে গিয়ে জন্মনিবন্ধন করিয়েছেন। তবে সেখানে তাঁর সন্তান যে হাসপাতালে জন্ম নিয়েছে, সেখানকার একটি সনদপত্র সিটি করপোরেশনে দেখাতে হয়েছে।তবে অপেক্ষাকৃত কম সচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের সন্তানদের জন্মনিবন্ধন করাতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। বেশি সমস্যায় পড়েন যাঁদের শিশুদের জন্ম হাসপাতালে হয় না। সাধারণত হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সেখান থেকে জন্মসনদ দেওয়া হয়, যা পরবর্তী সময়ে জন্মনিবন্ধনের সময় বেশ কাজে লাগে। সেখানে শিশুর জন্ম তারিখ, সালসহ বেশ কিছু দরকারি তথ্য লেখা থাকে। তবে এমন অনেক শিশুই আছে, যাদের জন্ম হাসপাতালে হয় না। পরবর্তী সময়ে তাদের জন্মের সনদ না থাকার কারণে সেই শিশুদের জন্মনিবন্ধন করতে নানা ধরনের সমস্যা হয়।শেওড়াপাড়া এলাকার বাসিন্দা মোমেনা বেগম বলেন, তাঁর শিশুর জন্ম হয়েছে নানার বাড়িতে। পরে তার জন্মনিবন্ধন করাতে সিটি করপোরেশনে গেলে সেখানকার কর্মরত ব্যক্তিরা নানা টালবাহানা করেন। পরে ৫০০ টাকা দিলে করে দেওয়া হবে বলে জানান। বাধ্য হয়ে তিনি টাকা দিয়েই তাঁর সন্তানের জন্মনিবন্ধন করিয়েছেন।বেশ কয়েকজন বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণত শিশুদের স্কুলে ভর্তির আগে জন্মসনদের দরকার হয়। সে সময় সবাইকে সিটি করপোরেশন থেকে এই সনদ সংগ্রহ করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়। সিটি করপোরেশনের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা টাকা ছাড়া জন্মনিবন্ধন করাতে চান না। কিন্তু শিশুদের স্কুলে ভর্তি হতে যেহেতু জন্মসনদ দেওয়া বাধ্যতামূলক, তাই তাঁরা বাধ্য হয়ে টাকার বিনিময়ে হলেও জন্মনিবন্ধন করিয়েছেন।আজিমপুর এলাকার বাসিন্দা জাহানারা চৌধুরী জানান, তাঁর মেয়ে নাফিসাকে স্কুলে ভর্তির সময় জন্মনিবন্ধন করাতে সিটি করপোরেশনে গেলে সেখান থেকে বলা হয়, অনেক কাজের চাপ আছে, করতে দেরি হবে। পরে একজন কাছে এসে চুপিচুপি বলেন, ‘কিছু টাকা দেন, তাড়াতাড়ি হয়ে যাবে।’ পরে বাধ্য হয়ে জাহানারা ৬০০ টাকার বিনিময়ে জন্মনিবন্ধন করেন। এভাবে আরও অনেকে প্রতিনিয়ত শিশুর জন্মনিবন্ধন করাতে গিয়ে হেনস্তা হচ্ছেন।অথচ ঢাকা সিটি করপোরেশন থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বিনা মূল্যে জন্মনিবন্ধন করার কথা বলা হয়েছে। তবে ১৮ বছরের বেশি বয়সীদের ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের অঞ্চল-২-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, ১৮ বছরের নিচের বয়সীদের জন্য বিনা মূল্যে জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়। অনেক সময় এটি পেতে টাকা নেওয়ার অভিযোগের কথা শোনা যায়। কিন্তু কে টাকা নিচ্ছেন, তা জানা গেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।