দ্বিতীয় দফায়ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না জন্মনিবন্ধন প্রকল্পের কাজ। এই পর্যন্ত চট্টগ্রাম শহরের মোট জনসংখ্যার মাত্র ৩৩ শতাংশ মানুষের জন্মনিবন্ধন হয়েছে। পর্যাপ্ত লোকবলের অভাব, সমন্বয়হীনতা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার করণে এই প্রকল্পের কাজে গতি আসছে না।সম্প্রতি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তারা নানা সমস্যা তুলে ধরেন। ওই বৈঠকে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলাপ্রশাসক ও জন্মনিবন্ধন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা প্রকল্পের ধীর গতির কারণ হিসেবে জনবলসংকট, কম্পিউটারের অভাবসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রকল্প বাস্তবায়নে প্রচার-প্রচারণা এবং উদ্বুদ্ধকরণের কাজ ঠিকমতো হয়নি বলেও সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ করেন। জন্মনিবন্ধন প্রকল্পের পরিচালক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী চট্টগ্রামে এই প্রকল্পের কার্যক্রম ঠিক সময়ে শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ৮ জুলাই প্রথম আলোকে তিনি বলেন, ‘চট্টগ্রামে প্রকল্পের পরিস্থিতি একটু খারাপ। এরপরও কার্যক্রমে গতিশীলতা আনার চেষ্টা চালাচ্ছি।’ তিনি জানান, চট্টগ্রামে জন্মনিবন্ধনের হার কম হলেও জেলার ১৫টি উপজেলার ৮৯ দশমিক ৪১ শতাংশ মানুয়ের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহায়তায় ২০০১-২০০৬ সাল পর্যন্ত দেশের ২৮টি জেলায় ও চারটি সিটি করপোরেশনে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ শুরু হয়। এরপর ২০০৪ সালের ৭ ডিসেম্বর জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন প্রবর্তন করে সরকার। আইনটি ২০০৬ সালের ৩ জুলাই থেকে কার্যকর হয়। পাঁচ বছরের পাইলট প্রকল্প শেষে ২০০৭-২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত এ সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়। এ প্রকল্পের জন্য ইউনিসেফ বরাদ্দ দিয়েছে পাঁচ হাজার ৮৬৩ কোটি টাকা। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, নগরের ৪১টি ওয়ার্ডের গত চার বছরে জন্মনিবন্ধন সনদ ইস্যু হয়েছে ১০ লাখ নয় হাজার ৬১১টি। এক বছরে জন্মনিবন্ধন সনদ ইস্যু হয়েছে ২৪ হাজার ৬২৪টি। চার বছরে জেলার ১৫টি উপজেলায় জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয় ৪৪ লাখ ৫৮ হাজার ৯৪৯টি। এক বছরে ১৫টি উপজেলায় জন্মনিবন্ধন সনদ ইস্যু হয়েছে ১১ লাখ ১৪ হাজার ৭৩৭টি। গত চার বছরে ১৫টি উপজেলায় জন্মনিবন্ধন সনদ খাতে আয় হয়েছে ৮১ লাখ নয় হাজার টাকা। অপরদিকে নগরের ৪১টি ওয়ার্ডের জন্মনিবন্ধন সনদ খাতে আয় হয়েছে ১২ লাখ টাকা। সিটি করপোরেশন এলাকার জন্ম ও মৃত্যুনিবন্ধন স্টিয়ারিং কমিটির সদস্যসচিব স্বাস্থ্য কর্মকর্তা (কিউরেটিভ) শাহানা পারভীন জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে গাফিলতির কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এ প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে হচ্ছে।’ তবে প্রকল্প বাস্তবায়নে ধীর গতির কথা তিনি স্বীকার করেন। তিনি চট্টগ্রাম নগরে জন্মনিবন্ধনের কাজ শতকরা ৬০-৭০ ভাগ শেষ হয়েছে বলে দাবি করেন।এদিকে, সিটি করপোরেশনের অন্তত ১০টি ওয়ার্ডে কারিগরি সমস্যার কারণে প্রকল্পের কাজ থমকে গেছে বলে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা অভিযোগ করেছেন। দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘আমার ওয়ার্ডে কম্পিউটার অচল। নতুন কম্পিউটার সরবরাহের জন্য বার বার আবেদন করেও ফল হচ্ছে না।’ এ প্রসঙ্গে শাহানা পারভীনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘কম্পিউটার সরবরাহের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতিরও অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের কাছ থেকে জন্মনিবন্ধন সনদ ফি নেওয়া হয় না। ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের কাছ থেকে ফি আদায় করা হয়। সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে জন্ম ও মৃত্যুনিবন্ধন সহকারীরা অতিরিক্ত টাকা আদায় করছেন।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন শাহানা পারভীন। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী বলেন, ‘জন্মনিবন্ধন সনদ পাওয়া জন্মগত অধিকার। এ প্রকল্প শত ভাগ বাস্তবায়ন করতে পারলে আদমশুমারি খাতে সরকারের আর্থিক অপচয় রোধ হবে।’ স্থানীয় সরকার শাখা চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. রেজাউল করিম প্রকল্প বাস্তবায়নে ধীর গতির কথা স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ গ্রহণে মানুষের আগ্রহ কম। এ ব্যাপারে নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’ প্রকল্প সংশ্লিষ্ট চট্টগ্রামের কর্মকর্তারা জানান, ‘ব্যক্তিগত পরিচিতি, বয়স নির্ধারণ, রাষ্ট্রের বিভিন্ন পরিকল্পনা গ্রহণে, পাসপোর্ট তৈরি, ব্যবসা-বাণিজ্যের সনদ, ভোটার তালিকা প্রণয়ন, জমি নিবন্ধন, আমদানি-রপ্তানি সনদ, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তিসহ গুরুত্বপূর্ণ নানা কাজে জন্ম ও মৃত্যুনিবন্ধন সনদ বাধ্যতামূলক।