জন্মনিবন্ধনে সচেতন জামালখানের বাসিন্দারা
‘পাসপোর্টের জন্য এবং মেয়ের স্কুলে ভর্তির প্রয়োজনে দুই বছর আগেই আমার পরিবারের সব সদস্যদের জন্মনিবন্ধন করিয়েছি। এ সনদ তো এখন সব ক্ষেত্রেই কাজে লাগছে।’ জন্মনিবন্ধন সনদের প্রয়োজনীয়তা বলতে গিয়ে কথাগুলো বলেন জামালখান লিচুবাগান এলাকার বাসিন্দা সওয়ালিজ বাংলাদেশ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এ এম এম মুরাদ। একই এলাকার বাসিন্দা নুরুল মোস্তফা, রোজিনা আক্তার ও তানিয়া সুলতানা বলেন, ‘তাঁদের পরিবারের প্রত্যেক সদস্যেরই জন্মনিবন্ধন সনদ করা আছে। জন্মনিবন্ধন সনদ নাকি সবখানে লাগে। এ জন্যই করে রেখেছি।’ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সূত্রে জানা যায়, ২১ নম্বর ওয়ার্ডে জন্মনিবন্ধনের হার সন্তোষজনক। ২০১০ সালে জন্মনিবন্ধিত হয়েছে তিন হাজার ৮৫৮ জনের। ২০১১ সালের জানুয়ারি-জুন পর্যন্ত—এ ছয় মাসে জন্মনিবন্ধন করেছেন মোট এক হাজার ২৯৩ জন। তবে জানুয়ারি-মার্চের তুলনায় এপ্রিল-জুনের নিবন্ধনের হার কম। এ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘বছরের প্রথম দিকে স্কুল-কলেজে ভর্তিতে জন্মনিবন্ধনের সনদ দরকার হয়। এ জন্য সে সময় নিবন্ধনের হারও থাকে বেশি। শিশুদের ক্ষেত্রে শুধু স্কুল পড়ুয়াই নয়, প্রতি মাসে গড়ে চার-পাঁচজন নবজাতকেরও জন্মনিবন্ধন করা হয়। জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আপনারা কী কোনো উদ্যোগ নিয়েছেন?—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেউ জাতীয়তার সনদ নিতে এলে তখন আমরা জন্মনিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁদের বলি। তা ছাড়া আগামী সপ্তাহ থেকে ব্যানার-ফেস্টুনের মধ্য দিয়ে সচেতনতা কার্যক্রম চালানোর পরিকল্পনা নিয়েছি।