জন্মনিয়ন্ত্রণ কার্ড
সিটি করপোরেশনে যাওয়ার জন্য রাস্তায় রিকশার অপেক্ষায় ছিলাম। এই সময় ওই বিশেষ জায়গায় রিকশা তেমন একটা পাওয়া যায় না। অনেকক্ষণ অপেক্ষা করে হাল ছেড়ে দিয়ে যখন বাসায় ফিরে যাব, ঠিক তখনি রাস্তার বিপরীত দিক থেকে রিকশায় আসা এক ভদ্রলোককে দেখে দাঁড়িয়ে গেলাম। কাছে আসতেই বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলাম, ‘কোথায় যাবেন?’ উত্তরে ভদ্রলোক বললেন, সিটি করপোরেশনে যাবেন। দুজনের গন্তব্য একই জায়গায় হওয়ায় ভদ্রলোকের রিকশায় আমাকে নেওয়ার অনুরোধ করলাম, তিনি রাজি হলে উঠে পড়লাম ভদ্রলোকের রিকশায়। রিকশায় যেতে যেতে আলাপচারিতায় পরিচয়পর্বটা সেরে ফেললাম। ভদ্রলোক তেমন শিক্ষিত নন। তো কথার একপর্যায়ে জিজ্ঞেস করলাম, তিনি কিসের জন্য সেখানে (সিটি করপোরেশনে) যাচ্ছেন। ভদ্রলোক বললেন, জন্মনিয়ন্ত্রণ কার্ড আনার জন্য। তাঁর কথা শুনে আমি তো হতবাক। জন্মনিয়ন্ত্রণের অনেক পদ্ধতির কথাই শুনেছি, কিন্তু কার্ড পদ্ধতির কথা তো কখনো শুনিনি, সেটা আবার কী। বিষয়টা বোঝার জন্য জিজ্ঞেস করলাম, কার্ডটি কিসের জন্য দরকার? ভদ্রলোক উত্তরে বললেন, ছেলেকে স্কুলে ভর্তি করাবেন বলে। আমি বুঝলাম, উনি জন্মনিবন্ধন কার্ডের কথাই বলছেন, জন্মনিয়ন্ত্রণ কার্ড নয়। সিলেট।