জন্মভূমির টানে বারবার...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার প্রিয় জন্মভূমি পাবনায় এসে আমি অভিভূত। মনে পড়ছে, আমার শৈশবের কথা। সারা পাবনা শহর ছিল আমার প্রিয় ব্যক্তিদের কোলাহলে ভরা। আজ বহু বছর পর সেই উঠোনে প্রণাম করে এলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’গত ৭ মার্চ পাবনা প্রেসক্লাবের পরিদর্শন বইয়ে কথাগুলো লিখেছেন খ্যাতিমান মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার। জন্মভূমির টানে এদিন তিনি পাবনায় এসেছিলেন। কিছুক্ষণ কাটিয়ে গেছেন পৈতৃক বাড়িতে। পার্থ প্রতিম মজুমদারের দাদার বাড়ি ছিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাগদুলি গ্রামে। সেখানে ১৯২৬ সালে তাঁর বাবা শ্রী হিমাংশু কুমার বিশ্বাসের জন্ম। ১৯৩৬ সালে দাদার মৃত্যুর পর দাদি ছেলেকে (পার্থ প্রতিমের বাবা) নিয়ে পাবনার কালাচাঁদপাড়ায় ভাইদের কাছে চলে আসেন। তিনি পাবনার প্রসিদ্ধ ঠাকুরবাড়ি ‘কালাচাঁদবাড়ি’র কন্যা ছিলেন (এ বাড়ির নামানুসারে কালাচাঁদপাড়ার নাম রাখা হয়)। ফলে পাবনায়ই গড়ে ওঠে পার্থ প্রতিম মজুমদারের পৈতৃক বাড়ি। পাবনা শহরের বড় বাজারসংলগ্ন সেই বাড়িতে পার্থ প্রতিমের জন্ম। দ্বিতল এ বাড়িতেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। বাড়ির পাশে মাহিমচন্দ্র জুবলি উচ্চবিদ্যালয়ে তিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর শহরে জিসিআই স্কুল থেকে এসএসসি পাস করেন। বাবা শ্রী হিমাংশু বিশ্বাসের রূপছায়া স্টুডিওর বিজ্ঞাপন মডেল ছিলেন পার্থপ্রতিম মজুমদার। তিনি খালি গায়ে দড়ি দিয়ে বাঁধা হাফপ্যান্ট পরে ঘোড়া হয়ে বসা, পিঠের ওপর ছোট ভাই রূপকুমার। এমন একটি ছবি বড় ফ্রেমে বাঁধানো ছিল স্টুডিওটিতে। ছবিটির ওপর লেখা ছিল ‘এই মধুর স্মৃতি ধরে রাখুন, রূপছায়া স্টুডিও’। ছবিটি বিজ্ঞাপন হিসেবে তখন স্লাইডের মাধ্যমে শহরের রূপকথা ও বাণী সিনেমা হলে দেখানো হতো। বাড়িটি এখন আর তাঁদের নেই। বহু বছর আগে বিক্রি হয়েছে। তবে বাড়ির সেই দ্বিতল ভবনটি আজও আছে। কিছুটা পরিবর্তন ঘটলেও নিজের জন্মস্থানটি খুব সহজেই খুঁজে বের করেছেন পার্থ প্রতিম। গত ৭ মার্চের দিনটি কাটিয়েছেন জন্মভিটায়। প্রণাম করেছেন ভিটার মাটি। আর বলে গেছেন, ‘এই বাড়িতে আমি জন্মেছি। আমার প্রিয় বাবা এখানে বাস করতেন। তিনি ছিলেন একজন উদার মনের ও মায়া-মমতায় ঘেরা মানুষ। আমি যা-ই হই না কেন, সবই তাঁর আদর্শের শিক্ষা। তাই এই জন্মভূমি আমায় টানে। আমি বারবার ফিরে আসতে চাই পাবনায়।’