
সভ্যতার শুরুতে মানুষ নিজের জন্মদিন নিয়ে একেবারেই মাথা ঘামাত না। দিনটিকে বিশেষ কিছু ভাবার কথা সে সময় কারও মনেই হয়নি। এই তারিখটা যে বিশেষভাবে মনে রাখতে হবে, সেটাও ছিল অকল্পনীয়। তবে প্রাচীন চীনে কারও জন্মদিনটিকে আলাদাভাবে উদ্যাপনের ব্যাপারটা প্রথম শুরু হয়। ত্রয়োদশ শতকে মার্কো পোলো চীনে গিয়ে আনন্দের সঙ্গে বিষয়টি আবিষ্কার করেন। চীনে জন্মদিনকে আলাদাভাবে মনে রাখার পেছনে একটা বিশেষ উদ্দেশ্য কাজ করত। ব্যাপারটা ছিল পুরোপুরিই জ্যোতির্বিদ্যাকেন্দ্রিক। সাধারণত কোনো ব্যক্তির ভবিষ্যৎ-চর্চা ও তাঁর সৌভাগ্য-দুর্ভাগ্যের বিচার করতেই এই জন্ম তারিখের সংরক্ষণ হতো সেখানে।
জন্মদিনটাকে উত্সবের দিন করে ফেলার কৃতিত্বও কিন্তু এই এশিয়া মহাদেশের মানুষের। খ্রিষ্টপূর্ব প্রথম শতকে পশ্চিম এশিয়ার অধিবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবের জন্মদিনের দিনটিতে উত্সব করা শুরু করে। জন্মদিনে উত্সব করার এই ব্যাপারটি প্রথম উঠে আসে গ্রিক ঐতিহাসিক হেরাডোটাসের একটি লেখায়। তিনি লিখেছেন, পশ্চিম এশিয়ার মানুষেরা জন্মদিনের দিনটিতে ধুমধামের সঙ্গে উত্সব করত। সেই উত্সবের খাবারের তালিকায় থাকত প্রচুর মিষ্টি-জাতীয় খাদ্য।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল