নদীর এক পাড়ে বসে মাছ ধরছে বানর। অন্য পাড়ে কুমির রোদ পোহাচ্ছে শুয়ে। তার চোখ বানরের দিকে। সে ভাবছে, ‘এখন সাঁতরে যাব বাঁদরটার কাছে, জিজ্ঞেস করব, “মাছ কি ধরা পড়ছে দু-একটা?” যদি বলে পড়ছে, আমি বলব, “অমন কুৎসিত চেহারা দেখে মাছগুলো তো ভয়েই ধরা দেবে!” আর যদি বলে পড়ছে না, তাহলে বলব, “এত বিটকেলে চেহারা দেখলে মাছ কি আর ধরা দেয়...”।’সফল পরিকল্পনার তৃপ্তিতে উৎফুল্ল কুমির সাঁতরে গেল বানরের কাছে, জিজ্ঞেস করল, ‘কী হে, বাঁদর ভায়া, মাছ ধরা পড়ছে দু-একটা?’বানর জবাব দিল, ‘এমন বিদ্ঘুটে চেহারার প্রাণী পানিতে সাঁতরে বেড়ালে মাছেরা কি আর থাকে আশপাশে?’ আরশোলা দূর করতে কোনো পদক্ষেপই সফল হয়নি বলে অতিষ্ঠ হয়ে ওঠা এক লোককে তার বন্ধু পরামর্শ দিল, ‘রান্নাঘরে ঢুকে জোরে জোরে বলবে, “ঘরে কোনো খাবার নেই, ঘরে কোনো খাবার নেই।” দেখবে আরশোলাগুলো সব একসঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে।’বন্ধুর কথামতো কাজ করে সে ফল পেল। সব আরশোলা তার বাড়ি থেকে বেরিয়ে গেল। খুশিমনে ঘুমাতে গেল সে। রাতে ঘুম ভাঙল কিসের যেন সুড়সুড়িতে। তাকিয়ে দেখল, আরশোলাগুলো ফিরে এসেছে। তাদের সর্দার এক টুকরো রুটি হাতে নিয়ে তাকে বলছে, ‘এই যে ভাই, উঠুন। আপনার জন্য খাবার নিয়ে এসেছি।’