জবাবদিহি নিশ্চিত করতে পারলে ক্ষুধা দারিদ্র্য দূর করা সম্ভব হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান পার্বত্য জেলায় সরকার চলতি অর্থবছরে (২০১০-১১) ১০৫ কোটি টাকার উন্নয়নকাজ করেছে। এতে জেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের আর্থসামাজিক জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। ১৩ জুন জেলা প্রশাসন আয়োজিত তথ্যপ্রযুক্তি মেলায় ‘ডিজিটাল বাংলাদেশ: লক্ষ্য ও অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। অপরদিকে, বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) প্রকাশিত নির্দেশিকা (ডাইরেক্টরি) অনুযায়ী জেলার ৪১টি সংস্থা প্রায় ৪২ কোটি টাকার উন্নয়নকাজ করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের রাইটার্স হলে দুদিনের আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. হানিফ সিদ্দিকী। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুল আহসান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমদ। সরকারি-বেসরকারি সংস্থার তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে বক্তব্য দেন। উপস্থিত প্রযুক্তিবিদদের কাছে বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান তাঁরা। মো. হানিফ সিদ্দিকী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলে দেশের ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সম্ভব হবে। এই লক্ষ্যে দেশে সরকারি উদ্যোগে চার হাজার ৫০১টি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র চালু করা হয়েছে। ৪০ শতাংশ বিদ্যালয়ে কম্পিউটার সুবিধা ও ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের ব্যবস্থা করা হয়েছে। সভায় বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার সাতটি উপজেলায় এ বছর ১০৫ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৮৪ টাকার উন্নয়নকাজ হয়েছে। সরকারি-বেসরকারি মিলে উন্নয়নব্যয় হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা। উন্নয়ন ব্যয়ের হিসাব অনুযায়ী, জেলা পরিষদ ৩০ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকা ও দুই হাজার ৪৫৯ টন খাদ্যশস্য ব্যয় করেছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ২১ কোটি ৯৩ লাখ, স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) ২৯ কোটি ৬২ লাখ ৭৫ হাজার, সড়ক ও জনপথ বিভাগ তিন কোটি ২৫ লাখ, সিভিল সার্জন কার্যালয় দুই কোটি ৫০ লাখ ৬৩ হাজার এবং পল্লী উন্নয়ন বোর্ড এক কোটি ৩৯ লাখ টাকার উন্নয়নকাজ করেছে।