জব্বারের সাধনা
বারবার চেষ্টার পর অবশেষে সাফল্যের রাজটিকা উঠল কপালে! নেই নেই করেও এমন উদাহরণ পত্রিকার পাতায় খুব বেশি বিরল নয়। সেই দিক থেকে জব্বার হোসেনের খবরটা নিশ্চিতভাবে খানিকটা ব্যতিক্রম। নিরলস সংগ্রামীদের প্রায় সবাই খবর হয়ে উঠেছেন সাফল্যের সোনার হরিণকে বশে আনার পর। কিন্তু ভারতের উত্তর প্রদেশের জব্বার হোসেন খবর হয়েছেন তার আগেই। একবার না পারিলে দেখ শতবার। জব্বার হোসেন চেষ্টা করেছেন পাক্কা ৪৫ বার! কিন্তু সফল হতে পারেননি অদ্যাবধি। বরাবরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৬৬ বছর বয়সী এই মুদি দোকানি। ফলাফলও ওই একই—অকৃতকার্য!হ্যাঁ, পরীক্ষার প্রচলিত ধারায়, শিক্ষার মাপকাঠিতে জব্বার হোসেন হয়তো ব্যর্থ একজন—খুব সত্যি কথা। কিন্তু বারে বারে ফেল করা সেই জব্বারই আবার অন্য একটি জায়গায় গিয়ে হয়ে ওঠেন শিক্ষকদের ‘শিক্ষক’। নায়কের সেরা নায়ক। সেই জায়গার নাম প্রচেষ্টা আর অধ্যবসায়ের দুনিয়া। এতবার অকৃতকার্য হওয়ার লজ্জায় ডুবেও জব্বার অসদুপায় অবলম্বনের কথা ভাবেননি একটিবারও। বৃদ্ধ মুদি দোকানি বাহবা পাওয়ার দাবিদার স্রেফ এই কারণেও।পরীক্ষার খাতায় মেলেনি কাঙ্ক্ষিত নম্বর। নাম ওঠেনি কৃতকার্য ছাত্রদের সুদীর্ঘ তালিকায়। তবে জব্বার হোসেনের নাম বুঝি এবার পাকাপাকিভাবে খোদাই হয়ে রইল মানুষের প্রচেষ্টা আর অধ্যবসায়ের ইতিহাসের পাতায়!আমাদের দেশে, প্রতিবার পরীক্ষার ফল বেরোয়। দু দিন পর খবর আসে অভিমানী শিক্ষার্থীর আত্মহত্যার। আর হতাশায় মুষড়ে পড়ার নজির তো চোখে পড়বে আমার-আপনার চারপাশেই। পরীক্ষার ফল যাদের মনঃপূত হয়নি তাদের কাছে অনুরোধ—একটিবার অন্তত জব্বার হোসেনের খবরটি পড়ে দেখুন।— ই. হো. চৌ