জমকালো আয়োজনে ইউসিবির নবযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘অবিচ্ছিন্নতায় আমরা সফল। একতাবদ্ধ থাকাতেই আমাদের উন্নয়ন। আমরা প্রজ্বলিত হই একতার শক্তিতে। আমাদের এগিয়ে চলা বা বেড়ে ওঠার শক্তিও একতা।’ এমন সব বিশ্বাসের স্লোগানে গ্রাহকের সঙ্গে নিজেদের সম্পর্কের কথা ব্যক্ত করেছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।

স্বাগত বক্তব্য দিচ্ছেন ইউসিবির এমডি মুহাম্মদ আলী
স্বাগত বক্তব্য দিচ্ছেন ইউসিবির এমডি মুহাম্মদ আলী

ব্যাংকটির নতুন লোগো উন্মোচন উপলক্ষে এমন সব স্লোগান লেখা প্ল্যাকার্ডে সাজানো হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) ‘হল অব ফেইম’। হলের বাইরে প্রবেশপথেও ছিল এমন প্রচারণা। আর সেই স্লোগানের বিশ্বাসকে ফুটিয়ে তোলা হয়েছে নতুন লোগোতেও। একে অপরের হাত ধরাধরির যুগলবন্ধনে তৈরি করা হয়েছে এ লোগো। এ উপলক্ষে গত বৃহস্পতিবার রাতে আয়োজন করা হয় জমকালো অনুষ্ঠান। দেশের খ্যাতনামা দুই শিল্পী মুস্তাফা মনোয়ার ও রফিকুন নবীর হাত থেকে নতুন লোগোটি তুলে দেওয়া হয় ব্যাংকের চেয়ারম্যান এম এ হাসেমের হাতে। অনুষ্ঠানমঞ্চে ঘোষণা করা হয়, নতুন লোগোটি ছড়িয়ে পড়বে দেশের ৫৬ হাজার বর্গমাইলজুড়ে। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মনিরুজ্জামান।

গানে গানে দর্শক মাতালেন রুনা লায়লা l প্রথম আলো
গানে গানে দর্শক মাতালেন রুনা লায়লা l প্রথম আলো

এর আগে লোগো বোর্ডে দুটি স্কেচ বা নকশা ফুটিয়ে তোলেন চিত্রশিল্পী রফিকুন নবী ও মুস্তাফা মনোয়ার। লোগোর পাশে লোগোর আদলে মুস্তাফা মনোয়ার ফুটিয়ে তোলেন সন্তান কোলে স্নেহময়ী এক মায়ের চিত্রকল্প। আর রফিকুন নবী আঁকেন একটি পাখির চিত্র। একটি ওড়ার প্রতীক, আরেকটি মমতার বন্ধনে বেঁধে রাখার। তা দেখে অনুষ্ঠান মঞ্চে সঞ্চালকের দায়িত্বে থাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান ঘোষণা দিলেন, প্রতিটি গ্রাহককে মমতার বন্ধনে আবদ্ধ করে ইউসিবি পাখির মতোই উড়বে।
বক্তব্য, লোগো উন্মোচন, সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো ছিল আড়াই ঘণ্টার আয়োজন। চোখধাঁধানো সাজে সাজানো হয় অনুষ্ঠানমঞ্চ। উপস্থাপকদের আহ্বানে প্রথমে অনুষ্ঠানমঞ্চে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। তিনি তাঁর বক্তব্যে ৩২ বছরের পুরোনো ব্যাংকটির অতীত ও বর্তমান অবস্থার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে এটির লোগো পরিবর্তনের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দেন।

বক্তব্য দিচ্ছেন ইউসিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম
বক্তব্য দিচ্ছেন ইউসিবি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম এ হাসেম

ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যের পর মঞ্চে পরিবেশিত হয় দেবাংশু হোড় ও তাঁর দলের মূকাভিনয় বা মাইম প্রদর্শনী। এর পরপরই ছিল আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন পর্ব। একে একে মঞ্চে উঠে আসেন পরিচালনা পর্ষদের সদস্যরা। এ সময় অনুষ্ঠানমঞ্চের বড় পর্দায় দেখানো হয় কীভাবে লোগোটিতে দুটি হাত এক হয়ে এক যুগল বন্ধন তৈরি করেছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন লোগোর স্লোগান হলো ‘হাতে হাত ধরে অগ্রগতির পথে’।

মঞ্চে নৃত্য পরিবেশন করছেন বিদেশি শিল্পীরা। l প্রথম আলো
মঞ্চে নৃত্য পরিবেশন করছেন বিদেশি শিল্পীরা। l প্রথম আলো

মঞ্চে লোগো হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে ব্যাংকটির চেয়ারম্যান এম এ হাসেম বলেন, নতুন লোগোটি হচ্ছে পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রতীক। এর মাধ্যমে গ্রাহকের সঙ্গে ব্যাংকের সুদৃঢ় সম্পর্ক আরও বহুদূর এগিয়ে যাবে। এর পরপরই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। ছায়া উদ্দীপনা নাচে (শ্যাডো অ্যানিমেশন ড্যান্স) মঞ্চে ঝংকার তোলে হাঙ্গেরি থেকে আসা দল স্কারলেট এন্টারটেইনমেন্ট। এর পরের পরিবেশনা ছিল রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার। তিনি দুটি রবীন্দ্রসংগীত গেয়ে শোনান। এরপর মঞ্চে আসেন রুনা লায়লা। ‘দামাদাম মাস্ত কালান্দার...’ গানটি দিয়ে যখন রুনা লায়লা তাঁর পরিবেশনা শেষ করেন, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় ১১টা। কিন্তু হলভর্তি দর্শকের গানের অনুরোধ যেন শেষ হয় না। কণ্ঠ আর শরীরের পরিবেশনা মিলিয়ে রুনা লায়লার গান শোনার পাশাপাশি দেখারও বিষয় হয়ে ওঠে।