জমকালো ফ্যাশনসন্ধ্যা


আলো ঝলমলে মঞ্চ। দ্যুতি ছড়ানো রংবাহারি পোশাক। বাঙালির চিরায়ত পোশাকে গানের ছন্দে মডেলদের ক্যাটওয়াক। অন্য রকম এক সন্ধ্যা কাটালেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ফ্যাশন শো। ফাঁকে ফাঁকে ছিল নাচ ও কথামালা।
শুরুতেই মঞ্চে নূপুরের নিক্বণ। সঞ্চারী নৃতকলা একাডেমির একঝাঁক কিশোর-কিশোরী নৃত্যের ছন্দে গেয়ে গেল দেশাত্মবোধকের জয়গান। এরপর ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জারিগান।
ফ্যাশন কিউ শুরু হয় ডিজাইনার রওশন আরা চৌধুরীর সাদকালো থিম নিয়ে করা পোশাক নিয়ে। ‘আজি আকাশ কালো হয়ে’ গানের সঙ্গে র্যাম্প মাতান মডেলরা। এ ছাড়া ডিজাইনার লুৎফা সানজিদার ‘সবুজ’, সুলতানা নূরজাহানের নীল-সাদা, এইচ এম ইলিয়াসের ‘ফিউশন’, কাজী শাহতাজ পারভিনের ‘পিংক’, মনিদীপা দাশের ‘গোল্ডেন’ ও ফারজানা মালিকের ‘মাল্টিকালার’ থিমের পোশাক নজর কাড়ে দর্শকদের। বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ছিল সাত রঙের ডিজাইন করা বিভিন্ন পোশাকের অনন্য উপস্থাপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তামিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন মফজল আহম্মেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জহির আহম্মদ।
ফ্যাশন কিউর ফাঁকে একক নৃত্য পরিবেশন করে মঞ্চ মাতান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিয়া চৌধুরী। সঞ্চারী একাডেমির পাশপাশি নৃত্য পরিবেশন করেন মায়াবি ড্যান্সের শিল্পীরাও।