জমকালো ক্যাটওয়াক
ঝলমলে মঞ্চে রঙিন আলোর খেলা। ডিজাইনারদের দুরুদুরু বুক। সবার চোখ র্যাম্পে। অবশেষে প্রহর গোনা শেষ। বাজল লালনের সুর ‘আমি যারে বাসি ভালো’। গানের তালে তালে শুরু হয় ফ্যাশন প্রতিযোগিতার কিউ। র্যাম্পে ইমি, রুহি, হীরা, রাইসাদের পরনে বাঙালির চিরন্তন পোশাক শাড়ি। ঈদের আগমনী ধ্বনি নিয়ে আসা ফ্যাশনে তাই শাড়ির রং ও কাপড়ে ছিল উৎসবের আমেজ। জমকালো রঙে শাড়ি ‘ক’ বিভাগে মসলিন, জামদানি, সিল্ক, অ্যান্ডির ওপর বিভিন্ন মাধ্যমে কুঁচি, পাড় ও আঁচলে কাজের প্রাধান্য দেখা যায়। উৎসব মানেই নারীর ক্ষেত্রে যেমন শাড়ি, তেমনি ছেলেদের পাঞ্জাবি। দ্বিতীয় কিউতে উঠে আসে ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি। চুড়িদার, জিনসের সঙ্গে কালো, সাদা, সবুজ, পেস্টসহ বিভিন্ন রঙের বাহার ছিল চোখে পড়ার মতো। পাঞ্জাবিগুলোর মধ্যে শেরওয়ানি কলার, পাশ্চাত্য ঢঙের মিশেলে হাত, বুক ও নেক লাইনে কাজ চোখে পড়ে। মডেলদের উপস্থাপনও ছিল আকর্ষণীয়। এরপর ‘কালার বাঁশি রইতে না দেয় ঘরে’ গানের সঙ্গে ‘খ’ বিভাগের শাড়ি প্রদর্শন করে যান মডেলরা। এই বিভাগে তুলনামূলক হালকা কাজ দেখা যায়। সুতি, অ্যান্ডি, জামদানি তে ছিল এমব্রয়ডারি, অ্যাপ্লিক ও হাতের কাজ। এরপর ছিল তরুণীদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ ‘ক’ বিভাগ। বিভিন্ন ধরনের সিল্ক, মসলিন ও অ্যান্ডির কাপড়ে কাটিং ও প্যাটার্নে ডিজাইনারদের সৃজনশীলতার পরিচয় ছিল। এমব্রয়ডারি, কারচুপি লেইস বিডসের কাজের কামিজের ঝুলে লম্বা ও খাটো দুটোই চোখে পড়ে। সঙ্গে চুড়িদার, স্ট্রেট কাটিং প্যান্ট ও চাপা সালোয়ারই প্রাধান্য পেয়েছে। ‘নেশা লাগিল রে’, ‘দোলা দে’ গানের সঙ্গে নাচের পর কিউ ছিল সালোয়ার-কামিজ ‘খ’ বিভাগ। এ বিভাগেও প্যাটার্নে ভিন্নতা দেখা যায়। সালোয়ার-কামিজের পরেই আসে ফতুয়া ছেলে ও মেয়ে। ফ্যাশন শোর আসল মজা ফিউশনে। ফিউশনে ছিল আটটি পোশাক। বিভিন্ন উপাদান, রং, বিডস, সুতা, ইত্যাদি ব্যবহার করে নতুন ধাচের আটটি পোশাকই ছিল নজরকাড়া। আরেকটি আকর্ষণীয় কিউ ছিল যুগল। ‘যাই ভুলে যাই কিছু স্মৃতি’ গানের সঙ্গে সাত জোড়া যুগল প্রদর্শন করে যান বাহারি রঙের সাত জোড়া পোশাক। যুগল পাঞ্জাবি-যুগল শাড়ি, সালোয়ার-কামিজ-পাঞ্জাবি ঘোষণা করে যায় ঈদের আগাম বারতা। এভাবে চলতে থাকে একে একে নয়টি কিউ। মডেলদের কোরিওগ্রাফিতে ছিলেন লুনা।