জমকালো বেনারসিতে ঐতিহ্যের সাজে
১২.১২.১২ তে বিয়ে করছেন সাকিব আল হাসান। খবর আসার পরই কনের সাজটা কেমন হচ্ছে, তা নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে যায়। এ বছরের ট্রেন্ড মতোই সাজবেন উম্মে আহমেদ শিশির? নাকি চলতি ট্রেন্ডের বাইরে গিয়ে একদমই নিজস্ব স্টাইল তৈরি করবেন? বিয়ের অনুষ্ঠান তো পরে হবে। আকেদ কি সাদা, গোলাপি, নীল এমন কোনো রঙে দেখা যাবে তাঁকে? চুল কি খোলা থাকবে? পাথরের গয়না, না ঐতিহ্যবাহী সোনার গয়না? ওড়না পরবেন, নাকি শাড়ির আঁচলেই ঘোমটা টানবেন? এমন কত প্রশ্নই তো আসছিল মনে। শেষ পর্যন্ত শিশিরকে দেখা যায় একদমই বাঙালি কনের ঐতিহ্যবাহী সাজে। টকটকে লাল বেনারসি, খোঁপা আর জমকালো সোনার গয়নায়। আর সাজলেন কিউবেলার ধানমন্ডি শাখায় রূপবিশেষজ্ঞ ফারজানা আরমানের কাছে।বিয়ের তিন দিন আগে ফারজানা আরমানকে ফোন করেন সাকিব নিজেই। তিনি চান, কনে কিউবেলাতেই সাজুক। ফারজানা আরমান পরে শিশিরের সঙ্গে কথা বলেন। শিশির ফোনে জানান তিনি একদম ন্যাচারাল লুক চান। ভারী বেইস মেকআপ যেন দেওয়া না হয়। আর ত্বকের রং যেন ঠিক থাকে। লাল রং পছন্দ তাঁর। তাই সাজটাও হতে হবে সে রকম। এ ছাড়া পুরো সাজে যাতে ঐতিহ্যের ছোঁয়া থাকে, সেটিও বলে দেন।শিশির দেশের বাইরে থাকেন। কিন্তু বিয়ের দিন সাজতে চেয়েছেন বাংলাদেশের বউয়ের মতো। ট্রেন্ডি কিন্তু দেশি ঢঙে নিজেকে সাজাতে চেয়েছিলেন তিনি। ১২ ডিসেম্বর দুপুরেই তিনি কিউবেলায় চলে আসেন। সঙ্গে ছিলেন তাঁর বোন ও সাকিবের বোন। শুরুতেই তাঁর ত্বকের সঙ্গে মিলিয়ে হালকা বেইস মেকআপ করা হয়। ভারী ফাউন্ডেশন ব্যবহার করেননি ফারজানা আরমান। তিনি বলেন, ‘শিশিরের ত্বক খুব ভালো। তাই মেকআপ করতে একটুও বেগ পেতে হয়নি। এখানে আসার পর ওর হাতে লাল মেহেদি পরানো হয়। আর নখে লাল নেইলপলিশ।’এ বছর বিয়ের কনে সাজের ট্রেন্ডে ছিল হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে হালকা সাজ। তবে শিশিরকে সাজানোর সময় চলতি ট্রেন্ড নাকি মনেই আনেননি ফারজানা আরমান। হালকা কিন্তু জমকালো ভাব আনতে শিশিরের চোখে ব্রোঞ্জ আর কপার রঙের আইশ্যাডোর মিশেল দেন তিনি। গয়নার সবুজ পাথরের সঙ্গে মিলিয়ে চোখের নিচের অংশে সবুজ, নীল ও বাদামি রঙের আইশ্যাডো ব্যবহার করেন। কাজল দিয়ে হালকা স্মোকি ভাব আনার চেষ্টা করেন। মুখে হালকা গোলাপি ও ব্রোঞ্জ ব্লাশঅন ব্যবহার করেন। ঠোঁটে ম্যাট লাল লিপস্টিক। শীতে গ্লসি লিপস্টিক ব্যবহারের ট্রেন্ড থাকলেও দীর্ঘক্ষণ রাখার জন্য ম্যাট লিপস্টিক ব্যবহার করা হয়। ফারজানা আরমান জানান, শিশিরের নাক খাড়া। ফলে হালকা বাদামি ও গোলাপি হাইলাইটস ব্যবহার করা হয়েছে।আর সাজটাকে পরিপূর্ণ করতেই কপালে সাদা পাথর বসানো লাল রঙের টিপ পরিয়ে দেন। পাশে সিঁথি করে চুলটাকে টেনে না বেঁধে একটু ঢিলে করে পেছনে সাধারণ খোঁপা করে দেন। আটপৌরে কিন্তু জমকালো করার জন্য শাড়ির আঁচল ভাঁজ করে পরেননি শিশির। আঁচল ছেড়ে শাড়িটি পরেছিলেন। কনের নাকে ছিল হীরার ছোট্ট নাকফুল। গয়না হিসেবে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সোনার গয়নাকে। সবুজ পাথর ও মিনা করা নিখুঁত ভারী কাজের সোনার হার ছিল গলায়। শাড়ির সঙ্গে মিলিয়ে গলায় একটাই হার পরেছিলেন। আকেদর অনুষ্ঠান বলেই বোধ হয় সিতাপাটি, নথ এসব পরেননি। কপালে লাল-সবুজ পাথর বসানো টিকলি। কানে ছিল ঝুমকা। হাতে কয়েক গোছা চুড়ি। শাড়িতে পেটানো জরির কাজ, ওড়নাটা তাই একরঙা লাল মসলিনের, তাতে পাড় বসানো। হাতে ছিল সোনালি পাথরের ক্লাচ।