জমকালো ব্যান্ড সংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে ডিসি হিল পার্ক। ড্রাম আর গিটারের উন্মাতাল সুর ছড়িয়ে পড়ছিল বহুদূর। সন্ধ্যা নামতেই মঞ্চের ওপর বসানো স্পট লাইটগুলো জ্বলে ওঠে। গানের তালে তালে নাচতে থাকা দর্শকদের উল্লাসের সঙ্গে যোগ হয় আলোর ঝলকানি। ১ ফেব্রুয়ারি ডিসি হিল পার্কে ব্যান্ড সংগীতের এমন জমকালো আসরের আয়োজন করেছিল চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ)। চট্টগ্রামের প্রায় ২০টির মতো ব্যান্ড সংগীত পরিবেশন করে ‘ইকুইটি ব্যান্ড ফেস্টিভ্যাল’ নামের এই আসরে।বিকেল তিনটায় ব্যান্ড দ্য ক্রসের ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানটির মাধ্যমে শুরু হয় আসর। এরপর মঞ্চে আসে ব্যান্ড ‘কিউর অব কার্স’, ‘ষড়ঋতু’, ‘রাশ’ ও ‘আর্তনাদ’। এই ব্যান্ডগুলো দুটি করে গান গেয়ে বিদায় নেওয়ার পর পর মঞ্চে শুরু হয় শুভেচ্ছা জানানোর পালা। এই সময় শুভেচ্ছা বক্তব্য দেন ইকুইটি প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মইনুল ইসলাম মাহমুদ চৌধুরী, পিএইচপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন, ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াসউদ্দিন, আনজুমান আরা বেগম, সিএমবিএর উপদেষ্টা সুব্রত বড়ুয়া রনি, মো. আলী, আবদুল মান্নান ও সিএমবিএর সভাপতি আহমেদ নেওয়াজ।এরপর মঞ্চ কাঁপাতে আসে ব্যান্ড আসওয়াদ। তারা একে একে পরিবেশন করে ‘নবী মোর পরশমণি’, ‘কী জ্বালা দি গেলা মোরে’। এরপর মঞ্চে আসে ব্যান্ড স্পার্ক, ঐতিহ্য, সোলজার, মোশন ইউনিভার্সের মতো তারুণ্যনির্ভর দল। সবশেষে রাত ১১টায় এক্সপ্লোর ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে শেষ হয় এই বর্ণিল আয়োজনের।আয়োজন সম্পর্কে সিএমবিএর সহসভাপতি সেলিম জাহান বলেন, ‘জীবনের পথচলাকে মধুময় করে তুলতে সংগীতের বিকল্প নেই। আমরা এ ধরনের আয়োজনের মাধ্যমে সংগীতকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।’