জমকালো সাজেও আরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যৈষ্ঠ মাসের ঝাঁঝালো গরমে অস্থির সবাই। এই গরমেও থেমে নেই কোনো কিছু। নানারকম অনুষ্ঠান-দাওয়াত লেগেই থাকে। নিমন্ত্রণও এড়িয়ে যাওয়া চলে না। কিন্তু বেড়াতে গেলে তো আর যেনতেন সাজে যাওয়া যায় না। আর যদি নিমন্ত্রণ থাকে বিয়েবাড়ি বা বিশেষ কোনো নৈশভোজে, তাহলে তো কথাই নেই। একটু আনুষ্ঠনিক সাজ-পোশাকেই যেতে হবে। গরমে সাজতে ইচ্ছে করছে না বা কোনো জমকালো পোশাক পরতে ইচ্ছে করছে না, এমনটা বললেও তো চলে না। আমরা যদি একটু চিন্তাভাবনা করে পোশাক নির্বাচন করি এবং সাজসজ্জাটাও হয় সেই রকম, তাহলে এই গরমে দাওয়াতে যেতে একটুও খারাপ লাগবে না। এ সময়ে দাওয়াতে যেতে কেমন পোশাক পরা উচিত এবং সাজটাই বা কেমন হওয়া চাই, তা নিয়ে নকশার এ আয়োজন।ফ্যাশন ডিজাইনার মাহিন খান বলেন, ‘আমাদের দেশে প্রায় সারা বছরই গরম থাকে। তবে এ সময় ভ্যাপসা গরমটা যেন একটু বেশিই অস্থির করে তোলে সবাইকে। তাই এখন ঘরে-বাইরে ব্যবহারে চাই আরামদায়ক পোশাক। একই সঙ্গে অনেক ধরনের । সামাজিক অনুষ্ঠানে সামাজিকতা রক্ষা করতে চাইলেও পরতে হবে এমন পোশাক, যা নিজেকে আরাম দেবে; অন্যরা দেখেও স্বস্তি পাবে।’গরমে একটু জাঁকজমকপূর্ণ উৎসবে যাওয়ার জন্য মাহিন খানের মতে, শিফন, জর্জেট, সুতি ঢাকাই জামদানি, মসলিন, টাঙ্গাইলের জামদানি, টাঙ্গাইল বালুচরি, কোটা—এসব শাড়ি পরা যায়। ড্রেসিডেলের প্রধান নির্বাহী মায়া রহমান বলেন, শিফন ও জর্জেট শাড়ি হালকা হয় বলে এ সময় এই শাড়িগুলো পরতে আরাম। আবার এগুলোতে চুমকি, পুঁতি, রিবন, প্যাঁচ, এমব্রয়ডারি কাজ করা হলেও শাড়িগুলো খুব বেশি ভারী হবে না। এখন এসব কাজে বৈচিত্র্য আনতে চামড়ার ব্যবহারও চলছে। আবার শিফনে শার্টিনের অ্যাপলিক হলে তাতে শাড়িতে আসবে আভিজাত্যের ছোঁয়া। তাই এ ধরনের শাড়ি হয়ে উঠবে পরিপূর্ণ মাত্রায় পার্টিতে ব্যবহারের উপযোগী। মায়া রহমান মনে করেন ধূসর, পেস্তা, হালকা গোলাপি, সাদা, চাপা সাদা, পিচ ও লেবু সবুজ—এসব এ সময়ের রং। মাহিন খান মনে করেন, নীল, সবুজ ও হলুদটাও চলতে পারে এ সময়ের শাড়ির রঙে। শাড়ির সঙ্গে মানিয়ে ব্লাউজ তো তৈরি করবেনই। কিন্তু ব্লাউজ তৈরিতেও মাথায় রাখতে হবে গরমে আরামের বিষয়টি। একটু খোলা গলা হওয়া উচিত এ সময়। পিঠ যেন বন্ধ না থাকে। বরং সুন্দর করে তৈরি করিয়ে নিন খোলা পিঠের খাটো হাতার ব্লাউজ। স্বচ্ছন্দ বোধ করলে হাতাকাটা (স্লিভলেস) ব্লাউজও পরতে পারেন। শাড়ির সঙ্গে মেলানো ব্লাউজ যেমন তৈরি করতে হবে, তেমনি ব্লাউজের কাটটাও কিন্তু সুন্দর হওয়া চাই। যাঁরা অনুষ্ঠান-আয়োজনে সালোয়ার-কামিজ পরে অভ্যস্ত তাঁরা ভয়েল, আদ্দি, সুতি বা জর্জেটের কামিজ পরতে পারেন। তবে মাহিন খান মনে করেন, এসব কামিজের কাট যেন গরম উপযোগী হয়। হাতাকাটা কামিজ হলে অনেক বেশি আরামদায়ক হবে। তবে অনেকেই হাতাকাটা পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন না, তাই ম্যাগি হাতা বা ঘটি হাতা অথবা থ্রি কোয়ার্টারও চলতে পারে। গলার ক্ষেত্রে উঁচু গলাটা এড়িয়ে যাওয়া ভালো। মাহিনের পরামর্শ অনুযায়ী গোল, ইউ বা হাল ফ্যাশন মেনে ভি গলার কামিজ পরা যেতে পারে। কামিজের ছাটটা সোজা (অ্যালাইন) হলেই ভালো, তাহলে গরমে আরাম পাওয়া যাবে। এ সময়ের পোশাক একটু ঢিলেঢালা হওয়াই ভালো। মাহিন খানের মতে, সোজা ছাটা ছাড়াও কামিজের ছাটটা হতে পারে আনারকলি স্টাইলের। কোমরের নিচে একটু ঢিলে রেখে কলিদার কামিজ বেশ আরামদায়ক। মায়া রহমান জানান, এখন মেয়েরা পার্টিতে লেগিংস বা টাইটসের সঙ্গে কুর্তা কামিজ বা নকশা করা টিউনিক পরছেন। নিট কাপড়ের লেগিংস গরমে ভীষণ আরামদায়ক। আর এ ধরনের লেগিংস একটির সঙ্গে কয়েকটি কুর্তা ম্যাচ করে কিনে নিলে পরা যাবে ঘুরিয়ে-ফিরিয়ে। কেউ কেউ এখন জমকালো অনুষ্ঠানেও পরে যান পশ্চিমা পোশাক। তাঁরা পরতে পারেন হারেম প্যান্ট (কুঁচিযুক্ত প্যান্ট)। মাহিন খান বলেন, এসব প্যান্টের হেম লাইনে কুঁচি থাকে এবং কোমরের দিকেও খানিকটা ঢিলেঢালা থাকে বলে গরমে আরামদায়ক। তবে হারেম প্যান্টের ফ্যাশনটা সবাইকে ঠিক মানায় না, পরার পর আয়নায় তাই নিজেকে ভালোভাবে দেখে নিন। পোশাকের ক্ষেত্রে যেমন আরামের বিষয়টি মাথায় রাখতে হবে, তেমনি অনুষঙ্গ ব্যবহারের বিষয়টিতেও থাকা চাই সচেতনতা। এ সময়ে কোনো অনুষ্ঠানে যেতে গলায় গয়না পরা এড়িয়ে যেতে পারলেই ভালো। মাহিন খানের মতে, গলায় কিছু না পরে কানে পরা যেতে পারে একটু ভারী কোনো দুল। হাতে পরা যেতে পারে নানা নকশার বালা। এখন নানা আকারের এসব বালা পাওয়া যায়। আংটি পরতে পারেন মনের মতো করে। গরমে মুক্তো বা রুপার গয়না বেশ স্বস্তি নিয়ে আসে। খুব জমকালো অনুষ্ঠানে হালকা পাথর বসানো ছোট ডিজাইনের গয়না পরা যেতে পারে। এ ছাড়া এখন ছোট দুল ও পেন্ডেন্ট বেশ জনপ্রিয়। ব্যাগটাও বেশি বড় না নিয়ে ছোটখাটো ক্লাচ, পার্স নিলেই বেশি মানানসই হবে বলে মনে করেন মায়া রহমান। তাহলে হাতের মুঠোয় থাকবে অনেক কিছু। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খানের মতে, এ সময়ের সাজে ব্যবহার করতে হবে তেলহীন (অয়েল ফ্রি) মেকআপ। ফাউন্ডেশন ব্যবহার করার সময় দিতে হবে ম্যাট ফাউন্ডেশন। চোখের সাজে অনেক গাঢ় রঙের শেড না লাগিয়ে পোশাকের সঙ্গে মানিয়ে কোনো একটি হালকা রঙের শেডে চোখ সাজিয়ে ফেলুন। চোখের ওপরের পাতায় টেনে দিন আই লাইনার। আই লাইনারটা হওয়া চাই অবশ্যই পানি নিরোধক। কোনো অবস্থাতেই কাজল লাগানো যাবে না। কারণ, এ সময় কাজল ভীষণ ছড়িয়ে পড়ে। তবে কেউ যদি কাজল লাগাতেই চান সে ক্ষেত্রে কাজল দিয়ে হালকা পাউডারের প্রলেপ দিতে হবে চোখের নিচে। এতে কাজল গলে যাবে না। লিপস্টিকে থাকা চাই অবশ্যই ম্যাট লিপস্টিক ও হালকা রং। এ সময়ের সাজে যত বেশি সম্ভব হালকা ও স্নিগ্ধ সাজে সাজতে হবে। চুলগুলো ছেড়ে দিলেও সামনে একটু সেট করে নিতে হবে। পেছনে কার্ল করে নিতে পারেন। যাঁরা গরমে চুল খুলে রাখতে স্বচ্ছন্দ বোধ করেন না, তাঁরা চুল বাঁধতে পারেন ফ্রেঞ্চ নটে বা খোঁপা করে, তাতে কাঁটা অথবা সাদা ফুল লাগিয়ে নিতে পারেন। কানিজ আলমাস বলেন, এ সময়ের সাজে যেন কোনো বাড়াবাড়ি না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। সেই সঙ্গে সময় বুঝে সাজটাকে নিজের মতো করে বদলে নেওয়া সম্ভব।