জমছে বইমেলা
নগরের মুসলিম ইনস্টিটিউট হলের সামনের চত্বরের এক পাশে স্থাপন করা মঞ্চে চলছিল দেশাত্মবোধক গান। সামনে পাতা কয়েক শ আসন তখন দর্শকে পরিপূর্ণ। চত্বরের বাকি অংশ জুড়ে সারি সারি স্টল। কেউ কিনছিলেন আর কেউ বা বই হাতে নিয়ে দেখছিলেন উল্টেপাল্টে। চত্বরের খোলা জায়গাজুড়ে বিচ্ছিন্ন জটলা। চলছিল আড্ডা ও আলাপচারিতা।
গত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম সিটি করপোরেশ আয়োজিত একুশের বইমেলায় গিয়ে এই চিত্র দেখা গেল। ১০ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন করেন সিটি মেয়র এম মন্জুর আলম। বইমেলায় অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের ২০টি প্রকাশনা ও পুস্তক বিক্রয় প্রতিষ্ঠান। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত পাঠকদের জন্য উন্মুক্ত থাকছে এই বইমেলা।
হরিশংকর জলদাসের আমি মৃণালিনী নই ও উৎপল শুভ্রের শচীন রূপকথা কিনেছেন হালিশহর এলাকার বাসিন্দা রাফি হক। প্রথমা প্রকাশনের স্টলের সামনে কথা হয় তাঁর সঙ্গে। বললেন, ‘ঢাকার বইমেলায় এবার যাওয়া হয়নি। তাই নতুন প্রকাশিত বইয়ের খোঁজে এসেছি। দুটো বই কিনলাম আপাতত। আরও কেনার ইচ্ছে আছে।’ প্রথমার বিক্রয় কর্মকর্তা মো. সোহেল আহসান জানান, নতুন প্রকাশিত বইয়ের দিকেই পাঠকের আগ্রহ বেশি। বেশ ভালো বিক্রি হচ্ছে আনিসুল হকের উপন্যাস আমারও একটা প্রেম কাহিনি আছে এবং বিশ্বজিৎ চৌধুরীর নজরুল ও নার্গিসের প্রেম নিয়ে রচিত উপন্যাস নার্গিস। সোহেল আরও জানান, দর্শক অনুপাতে মেলায় বিক্রিও খারাপ নয়। প্রথমা প্রকাশনের পাশাপাশি মেলায় নতুন বই নিয়ে এসেছে শৈলী, বলাকা, অ্যাডর্ন, নন্দন, মনন, শিশুমনন, কালধারা, আবীর, আদিগন্ত, শব্দশিল্প ও মাইজভান্ডারী প্রকাশন। মেলায় লেখক ও পাঠকদের আড্ডার জন্য পৃথক ব্যবস্থাও করেছে কর্তৃপক্ষ। এখানকার প্রকাশক ও লেখকেরা আশা করছেন, মেলার মাঝামাঝি ও শেষ সময়ে পাঠক-লেখকের সমাগম আরও বাড়বে।
ঢাকার বইমেলার মতো না হলেও এখানেও হচ্ছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন। মেলার প্রথম দিন মোড়ক উন্মোচন হয়েছে বলাকা থেকে প্রকাশিত জামাল উদ্দিনের লেখা মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহর ও পার্বত্য চট্টগ্রামের চাকমা জাতি বই দুটোর।
মুক্তিযুদ্ধ, উপন্যাস, শিশুসাহিত্য ও চিরায়ত সাহিত্যের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ বেশি। অ্যাডর্ন পাবলিকেশনের বিক্রয়কর্মী ফজলুল করিম জানালেন, এই প্রকাশনার সাহিত্যকীর্তি গ্রন্থমালা সিরিজের বই বেশ ভালো চলছে। বলাকা থেকে প্রকাশিত ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক বইগুলোও ভালো বিক্রি হচ্ছে বলে জানালেন প্রকাশনার কর্মকর্তা তারেক উদ্দীন।
শৈলী প্রকাশনের বিক্রয়কর্মী বিপুল পাল জানান, মাহবুবুল হকের অন্বেষার চট্টগ্রাম ও আয়েশা হকের ছোটদের আবৃত্তি বেশ ভালো বিক্রি হচ্ছে।
সিটি করপোরেশনের সমাজকল্যাণবিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রধান ও কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, ১০ লাখ টাকা বাজেটের এই মেলায় সেরা তিনটি স্টল ও সাতটি প্রকাশনাকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি এবার প্রথমবারের মতো পাঁচজনকে দেওয়া হবে সিটি করপোরেশন সাহিত্য পুরস্কার।
কেমন হচ্ছে বই মেলা, জানতে চাইলে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি কবি শাহ আলম বলেন, ‘সিটি করপোরেশনকে আমরা সহযোগিতা করছি। আশা করছি, কয়েক দিনের মধ্যেই মেলা আরও জমজমাট হয়ে উঠবে।’
শৈলী প্রকাশনের প্রকাশনা উপদেষ্টা কবি রাশেদ রউফ বলেন, ‘প্রচার আরও ভালো হলে মেলা শুরু থেকেই জমজমাট হতো। সামনের বছরগুলোতে চট্টগ্রামের লেখক-পাঠক ও সংস্কৃতিকর্মীদেরও এই আয়োজনে সম্পৃক্ত করার কথা ভাবতে হবে।’ একই কথা বললেন বলাকা প্রকাশনের অন্যতম প্রকাশক জামাল উদ্দিন। তিনি বলেন, ভালো রকমের প্রচার হলে মেলায় আরও অনেক দর্শক আসবে।