জমছে সবুজের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থোকা থোকা পাকা আম, টসটসে হলুদ কামরাঙা, বড় বড় লেবু আর অপরূপ করমচা দুলছে গাছে। একটু আগে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা লেগে আছে ফলগুলোর গায়ে। কোথাও ফুটে আছে হরেক ফুল। শোভা বাড়াচ্ছে রকমারি পাতাবাহার। হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দিতে মন চায়। কিন্তু ছোঁয়া যাবে না ‘হাত দেওয়া নিষেধ’ লেখা আছে যে! নানা বয়সী মানুষ তাই ঘুরে ঘুরে দেখছেন। বাচ্চারা অবাক বিস্ময়ে দেখছে লোভনীয় সব ফলগুলো, বানান করে পড়ছে গাছের নাম। ছোট্ট সোনামণিরা পরিচিত হচ্ছে গাছের সঙ্গে। গৃহিণীরা খুঁজছেন মেহেদি, মরিচ, পোলাওপাতা ইত্যাদির চারা। আবার কেউ মঞ্চের সামনের লাল চেয়ারগুলোতে গা এলিয়ে আয়েশ করে শুনছেন আলোচনা, উপভোগ করছেন গান। এমন চিত্র এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম চত্বরের বৃক্ষমেলার। ‘সবুজ নগর সবুজ দেশ বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে ২৪ জুলাই শুরু হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষকালব্যাপী এ বৃক্ষমেলা। মেয়র মোহাম্মদ মন্জুর আলম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও সবুজ নগরীতে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। পৃথিবীকে বাসযোগ্য করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’ উদ্বোধনী দিনে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও করপোরেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অবশ্য প্রতিদিন বিকেলেই চলছে আলোচনা আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাতের মেলা হয়ে ওঠে অন্য রকম, আলো ঝলমল।মেলায় অংশ নিয়েছে বেশ কিছু নামকরা নার্সারি। এর মধ্যে আরণ্যক, ন্যাশনাল, সবুজ বিপ্লব, রাহে ভান্ডারি, কসমো, চন্দননগর বনফুল, ছায়ানীড়, বনরূপা, নন্দন, ফতেয়াবাদ, চিটাগং, বন্য, পুষ্প ও সিটি করপোরেশন নার্সারি উল্লেখযোগ্য। প্রায় সব নার্সারিই সাজানো হয়েছে ফুল, ফল, পাতাবাহার আর নানান ওষুধি গাছের চারা দিয়ে। আছে মানকচু গাছের চারাও। পলিব্যাগের ছোট্ট চার-পাঁচ টাকার চারা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামের দেশি-বিদেশি গাছের চারা মিলছে মেলায়। যেসব গাছে ফল ধরেছে সেগুলোর দাম হাঁকা হচ্ছে বেশি। অবশ্য ক্রেতারাও দরদাম করে কিনছেন পছন্দের চারা। শুধু চারা নয়, বিভিন্ন ধরনের ওষুধ, জৈবসার, সুন্দর ডিজাইনের ছোট-বড় মাটির টব, পাত্র ইত্যাদিও সুলভে বিক্রি হচ্ছে বিভিন্ন স্টলে। নার্সারির পাশাপাশি বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, গ্রিন জোন বাংলাদেশ, ইবরাহীম হারবাল অ্যান্ড কোম্পানি, কেইন গ্যালারি ও ফেইম মধুর প্রদর্শনী স্টল রয়েছে মেলায়। হামদর্দের স্টলে ত্রিফলা চূর্ণ, রুহ আফজা শরবত এবং বিভিন্ন ধরনের ওষুধ বিক্রি হচ্ছে। বিক্রয়কর্মী মো. রাকিবুল হক জানান, ‘আমরা বিক্রির জন্য আসিনি। মূলত প্রচারের জন্যই এখানে স্টল দেওয়া। মেলায় আসা লোকজনের বেশ সাড়া পাচ্ছি।’গ্রিন জোন বাংলাদেশের স্টলে মোহাম্মদ রফিক জানান, ‘আমরা এক বছর বয়সী অয়েল পামের চারা বিক্রি করছি ১৫০ টাকায়।’ কক্সবাজারে নিজস্ব বাগানে উৎপাদিত ইন্ডিয়ান (কেরালা) নারকেল চারা বিক্রি করছেন মিডওয়ে সাইন্টিফিক নার্সারির তাজুল ইসলাম। দাম নিচ্ছেন প্রতিটি ১০০ টাকা। এ ছাড়া মালয়েশিয়ান নারকেলের চারা বিক্রি করছেন ১২০ টাকা। আরবের খেজুরগাছের চারা ১০০-৪০০ টাকা। মেলায় তিনি ৩০০ চারা বিক্রির অর্ডার পেয়েছেন। বন গবেষণা ইনস্টিটিউটের স্টল সাজানো হয়েছে রাবার কাঠের চেয়ার, বাঁশের সোফা, টি-টেবিল, চেয়ার, প্রজাপতি, বীজ, কীট পতঙ্গের নমুনা দিয়ে। গবেষণা সহকারী মো. জিল্লুর রহমান জানান, ‘আমরা উদ্বুদ্ধ করছি। আমাদের ১৭টি বিভাগে উদ্ভাবিত গবেষণার নমুনা এখানে প্রদর্শিত হচ্ছে। আগ্রহীদের কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ দেবে আমাদের ইনস্টিটিউট।’ চন্দননগর বনফুল নার্সারির স্টলের মাঝখানে একটি বড় গাছ। তার গায়ে পেরেক দিয়ে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সুদৃশ্য মাটির টব, পাত্র। কথা বললেন মাহমুদুল ইসলাম, ‘৪০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে টবগুলো।’ এ স্টলে আছে কয়েকটি বনসাই। একটি চায়না বটের বনসাইয়ের দাম হাঁকা হলো ২৫ হাজার টাকা। কলম্বো লেবু ঝুলছে গাছে। দাম বললেন পাঁচ হাজার টাকা।পুষ্প নার্সারির মোরশেদ আলম বলেন, ‘যে সব গাছে ফল থাকে সেগুলোর দাম প্রায় দুই গুণ বেড়ে যায়। ফল ঝড়ে গেলে দাম কমে যায়।’ এ নার্সারিতে ফলসহ কিছু গাছ বিক্রি হচ্ছে—আনার ৪০০ টাকা, মিষ্টি জলপাই দুই হাজার টাকা, করমচা ৪০০ টাকা, বারোমাসি আম ৬০০ টাকা, নাগপুরি কমলা এক হাজার ২০০ টাকা, হাইব্রিড জাম্বুরা এক হাজার ২০০ টাকা।কেইন গ্যালারিতে এলিফ্যান্ট বাম্বুর বাঁশের সোফা ১২ হাজার টাকা, বেতের সোফা এক হাজার ২০০ টাকা, বাঁশের খাট পাঁচ হাজার টাকা, মোড়া এক জোড়া ৭০০ টাকা এবং ৩০ টাকায় হাতপাখা পাওয়া যাচ্ছে। ফেইমের দোকানে সরিষা, লিচু ও সুন্দরবনের বিভিন্ন ফুলের মধু বিক্রি হচ্ছে কেজি ৩০০ টাকা। কালিজিরা ফুলের মধু কেজি ৪০০ টাকা। মাশরুম ও অর্জুন পাউডার ১০০ গ্রামের প্যাকেট ১০০ টাকা, ত্রিফলা পাউডার ১২০ টাকা। কালিজিরা তেল ৬০ মিলিগ্রাম ১২০ টাকা। আনোয়ারা থেকে গাছের চারা কিনতে এসেছেন কামরুল ইসলাম। তিনি বলেন, ‘পুকুর পাড়ে লাগানোর জন্য কিছু চারা কিনতে এসেছি মেলায়। এখানে সুস্থ সবল পছন্দের চারা দেখে শুনে কেনা যায়। তা ছাড়া মেলায় দরদামেরও যথেষ্ট সুযোগ থাকে।’