জমজমাট উদ্ভাবনী মেলায় মেধার ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে কিংবা শিল্পকারখানায় হঠাৎ গ্যাসলাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিস্ফোরিত হতে পারে কাছাকাছি রাখা গ্যাসের সিলিন্ডার। কিন্তু যদি গ্যাসলাইন ফুটো হয়ে আগুন লাগার পরপরই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় গ্যাসের সংযোগ, তবে ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো যায়। ‘অটোমেটিক কন্ট্রোল অব গ্যাস লাইন’ প্রযুক্তি ঠিক সেই কাজটিই করে। দুর্ঘটনা সামাল দেওয়ার এই প্রযুক্তি স্থান পেয়েছিল উদ্ভাবনী মেলায়।

নগরের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তরুণ উদ্ভাবকেরা যেন মেধার ঝলকই দেখালেন গত ৩০ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠিত উদ্ভাবনী মেলায়। নগরের ছয়টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই মেলা অনুষ্ঠিত হয়। এমন আয়োজনের লক্ষ্য তরুণ প্রকৌশলীদের সৃজনভাবনা উসকে দেওয়া। মেলার উদ্যোক্তা শিক্ষা মন্ত্রণালয়। এতে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক।

গত ৩০ অক্টোবর সকালে নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এনআইটি) গিয়ে দেখা যায়, শিক্ষক ও শিক্ষার্থীরা নানা প্রযুক্তি দেখছেন ভিড় করে। উদ্ভাবনী মেলায় সবচেয়ে বেশিসংখ্যক ১০৭টি প্রযুক্তি হাজির করেছিলেন এনআইটির শিক্ষার্থীরা। এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী মোহাম্মদ রুবেল, কাউসার মাহমুদ ও মোহাম্মদ মোরশেদের তৈরি করা ‘অটোমেটিক কন্ট্রোল অব গ্যাসলাইন’ প্রযুক্তিটি দিন শেষে জিতে নিয়েছে শ্রেষ্ঠত্বের খেতাবও। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্টিফেন হ্যাজং, ইব্রাহীম নোমান ও নোবেল চক্রবর্তীর তৈরি করা ‘ওয়্যারলেস সার্ভাইভ রোবট’ প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে গোপনে বিভিন্ন জায়গার ছবি তুলে আনা সম্ভব।

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে ‘এনসেম্বল পার্ক’ প্রযুক্তি। এ ছাড়া মেলায় নজর কেড়েছে তীব্র শীতে মাঠে খেলোয়াড়দের জন্য ‘গ্রিনহাউস মাঠ’ ও ‘পানি থেকে তেল সংগ্রহের যন্ত্র’।

মেলায় অংশ নেওয়া এনআইটির পুরকৌশল বিভাগের শিক্ষার্থী রিভু রাজ দত্ত বলেন, ‘দেশের বাইরে গিয়ে ভালো চাকরি পেতে কর্মমুখী শিক্ষায় ভর্তি হয়েছি। এই ধরনের উদ্ভাবনী মেলা আমাদের শিক্ষা গ্রহণের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে।’

ওই দিন সকালে এনআইটির চেয়ারম্যান আহসান হাবিবের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। এতে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া ও পরমাণু শক্তিকেন্দ্র চট্টগ্রামের পরিচালক মাসুদ কামাল। বিকেলে মেলার সমাপনী পর্বে সেরা তিন উদ্ভাবকের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। এ সময় অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাহফুজুল হক শাহ এবং আইডিইবির কেন্দ্রীয় সহসভাপতি জাফর আহমেদ সাদেক প্রমুখ।