জমজমাট জার্মান সাংস্কৃতিক কেন্দ্র
ধরুন, আপনি কোনো তরুণ লেখক; বইয়ের মোড়ক উন্মোচন করতে চান। হয়তো বা আপনি একজন আলোকচিত্রী; আপনার আলোকচিত্রের প্রদর্শনী করতে চান। তা যদি এই কেন্দ্রের থিমের সঙ্গে মিলে যায়, তাহলে সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই কেন্দ্র। প্রতিষ্ঠার শুরু থেকেই নাটক, থিয়েটার, চিত্রকর্ম, সংগীত, স্থাপত্য, চলচ্চিত্র, নৃত্যকলা, আলোকচিত্র প্রভৃতি বিষয়ে প্রদর্শনী, কর্মশালাসহ যাবতীয় অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে আসছে কেন্দ্রটি। আর এর বেশির ভাগ করা হয়ে থাকে তরুণদের জন্য। বলছিলাম ধানমন্ডির ৮ নম্বর সড়কে অবস্থিত জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বা গ্যেটে ইনস্টিটিউটের কথা।প্রোগ্রাম অফিসার তানভীর আলম জানান, ‘জার্মান ও বাংলাদেশি শিল্প-সংস্কৃতির আদান-প্রদানের পথ তৈরি করে দেওয়াই এই কেন্দ্রের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। আগামী বছর ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের ৫০ বছর পূর্তি।’ এখানে সব সময়ই কোনো না কোনো প্রদর্শনী, কর্মশালা বা মেলা লেগেই থাকে। এই কেন্দ্রে প্রতি মাসের শেষ রোববার ডিইউএফএসের সহযোগিতায় বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত জার্মান ছবিগুলোও প্রদর্শন করা হয়। সংগীতপিপাসুদেরও হতাশ করে না জার্মান সাংস্কৃতিক কেন্দ্র। নিয়মিতভাবে মিউজিক্যাল কনসার্টও হয়ে থাকে এখানে। জার্মানির জনপ্রিয় ব্যান্ড টেলে, ববি ব্লাম, হাফনার যেমন এখানে অংশ নিয়েছে, তেমনি বাংলাদেশি বিভিন্ন ব্যান্ডের কনসার্টও হয়ে থাকে। অনেক সময় দুই দেশের ব্যান্ডগুলো যৌথভাবে অংশ নেয়। আহনাফ জাবী সবে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিয়েছেন। রক মিউজিক তাঁর খুবই প্রিয়। ‘এখানে প্রিয় কোনো ব্যান্ডের কনসার্টে যোগ দেওয়া ও আনন্দে মাতার মজাই আলাদা।’ বলছিলেন জাবী।আপনি যদি মঞ্চনাটক দেখতে চান, থিয়েটারে আগ্রহী হন, নাটকবিষয়ক কর্মশালায় অংশ নিতে চান, থিয়েটার ল্যাঙ্গুয়েজ কিংবা থিয়েটারের টেকনিক্যাল বিষয়গুলো জানতে চান—এসব ক্ষেত্রেও এ কেন্দ্র আপনার কাজে লাগবে। ‘ডি ডব্লিউ’ বা ‘ডয়চে ভেলে’ নামের টেলিভিশন ও রেডিও চ্যানেলের ঢাকার আঞ্চলিক কার্যালয়ও এই কেন্দ্র।এই সাংস্কৃতিক কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী দেখতে আসা কৌশিকুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি নিয়মিতই এখানে আসেন। ‘আলোকচিত্র দেখতে ভালো লাগে। দেশ ছাড়িয়ে বিশ্বের নানা সংস্কৃতিকে জানার সুযোগ পাই এখানে এলে। কোনো আলোকচিত্র প্রদর্শনী হলেই এখানে চলে আসি।’ জানান কৌশিক। এই সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি। এখানে বিজ্ঞান, সাহিত্য, ভাষা, চলচ্চিত্র, আলোকচিত্র, স্থাপত্যসহ বিভিন্ন বিষয়ের তিন হাজার ২০০ বই রয়েছে; যার বেশির ভাগই ইংরেজি ও জার্মান। বইয়ের পাশাপাশি এখানে জার্মান সাপ্তাহিক ও দৈনিক সংবাদপত্র কিংবা ম্যাগাজিন পড়ার সুযোগ রয়েছে। ‘লাইব্রেরিতে অনেক দুর্লভ বই পাওয়া যায়, আর পরিবেশও অতুলনীয়। তাই আমি এখানে নিয়মিতই আসি।’ জানান লাইব্রেরির পাঠক শাহাদাত হোসাইন।লাইব্রেরির আরেক পাঠক সায়মা জাহান বলেন, ‘এখানকার পরিবেশটা সুন্দর, নিরিবিলি। পড়ার জন্য খুব উপযোগী। সব মিলিয়ে ভালো লাগে। তাই সময় পেলেই চলে আসি।’ লাইব্রেরি থেকে বই নিতে হলে আপনাকে ৬০০ টাকা দিয়ে এর সদস্য হতে হবে। একজন নিয়মিত সদস্য তিন সপ্তাহে দুটি বই ও একটি ম্যাগাজিন নিতে পারেন। তবে যাঁরা এখানে জার্মান ভাষা কোর্স করছেন, তাঁরা ২০০ টাকা দিয়েই এর সদস্যপদ পেতে পারেন। এ ছাড়া এই লাইব্রেরি সংগীত ও চলচ্চিত্রের এক সমৃদ্ধ আর্কাইভও। আপনি চাইলে শুক্র ও শনিবার ছাড়া অন্য যেকোনো দিন লাইব্রেরি খোলা থাকার সময় গিয়ে দেখতে পারেন আপনার প্রিয় চলচ্চিত্রটি, অথবা শুনতে পারেন পছন্দের গানটি, পড়তে পারেন প্রয়োজনীয় বইটি।এই কেন্দ্রের ‘পাসে’ বিভাগ জার্মান পররাষ্ট্র অধিদপ্তর থেকে পরিচালিত হয়। এই বিভাগটি দেশের বিভিন্ন স্কুলকে জার্মান কৃষ্টি-সংস্কৃতি ও শিক্ষাব্যবস্থার সঙ্গে পরিচয় ঘটিয়ে সেসবের মানোন্নয়নে ভূমিকা রাখে।ল্যাঙ্গুয়েজ বিভাগ এই কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের তত্ত্বাবধানে আপনিও হয়ে উঠতে পারেন জার্মান ভাষায় পারদর্শী একজন। এই বিভাগ চালু রেখেছে জার্মান ভাষা শেখার তিন মাসের কোর্স। এ-১, এ-২, বি-১, বি-২—জার্মান ভাষার ওপর এই চার ধরনের কোর্সে যে কেউ ইচ্ছা করলেই ভর্তি হতে পারেন এই কেন্দ্রে। তবে জার্মানিতে উচ্চশিক্ষা, স্নাতক লেভেলে পড়াশোনা বা চাকরির জন্য যাঁরা যেতে চান, তাঁদের জন্য এ-১ কোর্সটি বাধ্যতামূলক। অন্য কোর্সগুলো জার্মানিতে গিয়েও সম্পন্ন করা যায়। তবে খরচের কথা বিবেচনা করে এখানেই এই চারটি জার্মান ভাষা কোর্স করে যেতে উৎসাহ দেওয়া হয়। এই কোর্সে ভালো ফল অর্জনকারী শিক্ষার্থীদের ভাষা কিংবা তাঁদের পছন্দমতো বিষয়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তি দিয়ে জার্মানিতে পাঠানো হয়। এই সাংস্কৃতিক কেন্দ্রের ‘দিয়াদে’ নামের বিভাগটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়ার বিষয়গুলো দেখে থাকে। শিক্ষকদের বৃত্তি দেওয়ার ব্যবস্থাও আছে এখানে। ভিসা-সংক্রান্ত সব রকম কাজে আপনার পাশে পাবেন এই গ্যেটে ইনস্টিটিউটকে।কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ করে দেয় এখানকার ‘গ্রিনক্যাফে’। বিকেল হতে না হতেই এর প্রতিটি কোনায় বসে জমজমাট আড্ডা; সুরের মূর্ছনা তো আছেই। তাই আপনি কিংবা আপনার বন্ধুরাও সঙ্গী হতে পারেন এ কেন্দ্রের।