চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ১৫ অক্টোবর বসেছিল সৃজনশীল মানুষের মিলনমেলা। মঞ্চে বসা অতিথিরা তো বটেই দর্শক-শ্রোতার আসনেও আলো ছড়িয়েছেন এ জনপদের লেখক, কবি, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রীসহ পেশাজীবীরা। তাঁরা এসেছিলেন আবু সুফিয়ানের লেখা ইতিহাসের প্রেক্ষাপটে সামপ্রতিক চীন বইয়ের প্রকাশনা উৎসবে।উৎসবে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনি বলেন, নতুন প্রজন্ম দেশকে ভিন্নভাবে গড়তে চায়। চেষ্টা করলে বাঙালির কাছে অসাধ্য কিছু নেই। ছাত্র ভর্তি, রেজিস্ট্রেশন, টেন্ডার থেকে শুরু করে সব কিছু এখন ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। এখানে উৎকোচ বা হয়রানির কোনো সুযোগ থাকছে না। উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক কবি আবুল মোমেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য এ বি এম আবুল কাসেম, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিষদের সচিব কলিম সরওয়ার। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। অনুভূতি জানান বইয়ের লেখক, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে আবুল মোমেন প্রধান অতিথি ইয়াফেস ওসমানের হাতে স্মারক (ক্রেস্ট) তুলে দেন। এরপরই প্রধান অতিথি বইয়ের মোড়ক উন্মোচন করেন।প্রধান অতিথি আরও বলেন, ‘চীনের অগ্রযাত্রা এবং অব্যাহত উন্নয়ন প্রসঙ্গে সংক্ষিপ্তাকারে লেখক যা তুলে ধরেছেন তা পাঠ করে আমাদের পথচলায় কাজে লাগাতে হবে।’ লেখকের বন্ধুবাৎসল্যের বিষয় টেনে ছড়ার ছন্দে তিনি বলেন, ‘সাংবাদিক লেখক বন্ধু আবু সুফিয়ান/ বন্ধুর তরে যার জান কোরবান।’ মুহাম্মদ সিকান্দর খান বলেন, চীন যে কৌশল পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে গেছে তা আবু সুফিয়ান সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের সব রাজনৈতিক দলের উচিত নিজেদের পুনর্গঠন করা। আনোয়ারুল আজিম আরিফ বলেন, জ্ঞান গ্রন্থাবদ্ধ করা মহত্তম কাজ। চোখের দেখা বিষয়গুলো সংক্ষেপে যেভাবে আবু সুফিয়ান বইতে তুলে ধরেছেন তাতে চীনকে খুব সহজেই জানা যাবে। সভাপতির বক্তব্যে আবুল মোমেন বলেন, আমাদের দেশ নিয়ে যে স্বপ্ন ছিল তা ভঙ্গের ঘটনাও ঘটছে। কৃষকসহ শ্রমজীবী মানুষেরাই আমাদের দেশের সম্পদ। জাতীয় উন্নয়নে শ্রমজীবীদের অবদানের মূল্যায়ন করতে হবে। আবু সুফিয়ান রচিত বইটিকে উপলক্ষ করে যে আলোচনা হলো এটাই বইটির এবং লেখকের সার্থকতা।অনুষ্ঠান সঞ্চালন করেন আবৃত্তিকার মিলি চৌধুরী।