জমজমাট বিকিকিনি মহেশখালীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। উপজেলার বিভিন্ন বিপণিবিতানে দম ফেলারও ফুসরত পাচ্ছেন না বিক্রেতারা। গোরকঘাটা বাজার, বড় রাখাইনপাড়া, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ি নতুন বাজার ও পুরান বাজারের বিভিন্ন দোকানে ঈদ উপলক্ষে এসেছে বাহারি ডিজাইনের পোশাক।
বিভিন্ন দোকানে ভারতীয় টিভি সিরিয়ালের নানা চরিত্রের নামে শোভা পাচ্ছে নজরকাড়া পোশাক। দেশি জামদানি, কাতান ও তাঁতের শাড়ির পাশাপাশি চলছে পাঞ্জাবি, লুঙ্গি ও থান কাপড়। বিক্রয় কর্মীরা জানান, সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রমাগত ক্রেতারা আসছেন। রমজানের শুরুর দিকে না হলেও এখন ঈদ বাজার জমে উঠেছে।
৮ জুলাই মহেশখালীর বিপণিকেন্দ্র ঘুরে দেখা যায়, ভারতীয় ও পাকিস্তানি পোশাক বিক্রি হচ্ছে চড়া দামে। ভারতীয় পোশাক কিরণমালা চার হাজার, জোবেদা ৩ হাজার ৫০০ ও বিপুলের জন্য ১৪ হাজার টাকা হাঁকা হচ্ছে। এ ছাড়া পাকিস্তানি পোশাক রোজাক ১৫ হাজার ও রানা চার হাজার টাকা দামে বিক্রি হচ্ছে। গোরকঘাটা বাজারের বিভিন্ন দোকানে ছিল সব বয়সী ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে এ বছর পোশাকের দাম বাড়ায় অনেক ক্রেতাই বিপাকে পড়েছেন। এই বাজারে কেনাকাটা করতে আসা বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার রহিমা বেগমের (১৮) সঙ্গে কথা হয়। তিনি বলেন, এবার সব বয়সী মানুষের হাল ফ্যাশনের পোশাক এসেছে। তবে দাম বেশি হওয়ায় অনেকে নির্ধারিত বাজেটে পোশাক কিনতে পারছেন না। এবার রোজার শুরুর দিকে বৃষ্টি থাকায় ঈদের কেনাকাটা তেমন জমেনি। তবে বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গে ঈদবাজারও জমে উঠেছে। ৷ স্টার শপিং মলের পরিচালক ওয়াকার উদ্দিন বলেন, রমজানের শুরুতে থেকে বৃষ্টি দেখে এই এলাকার বিক্রেতারা কিছুটা হতাশ হয়ে পড়েন। তবে ১০ রমজানের পর ক্রেতাদের ভিড় বেড়েছে। দেরিতে হলেও জমে উঠেছে মহেশখালী দ্বীপের ঈদ বাজার।