জমজমাট বিকিকিনি মিমি সুপারে

রোজার শুরু থেকেই জমে উঠেছে বিপণিবিতান মিমি সুপার মার্কেটের কেনাকাটা। ক্রেতাদের ভিড়ে সরগরম প্রতিটি পোশাকের দোকান। মালিক ও বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে এক সপ্তাহ মন্দা গেলেও ১০ রোজার পর থেকে বিক্রি ভালো হচ্ছে। সকাল ১০টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ক্রেতারা আসছেন।
মিমি সুপার মার্কেটে দেশীয় পণ্যর চেয়ে আমদানি করা পণ্য বেশি। তা ছাড়া গুণ মানে সেরা পণ্য পাওয়া যায় এখানে। ফলে দামও তুলনামূলক বেশি। সে কারণে উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ক্রেতারাই মিমি সুপার মার্কেটে বেশি কেনাকাটা করেন। বিশেষ করে শাড়ি ও ‘এক্সক্লুসিভ’ সালোয়ার-কামিজের জন্য বিপণিবিতানটি প্রসিদ্ধ।
গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, নিচ ও দোতলায় ক্রেতাদের বেশ ভিড়। নারী ক্রেতার সংখ্যাই বেশি। খুলশী থেকে দুই মেয়ে, বোন ও ভাগনিকে নিয়ে কেনাকাটা করতে আসেন আমেনা রহমান। প্রথম আলোকে তিনি জানান, প্রায় প্রতিবছরই ঈদে এখান থেকে পরিবারের জন্য কেনাকাটা করেন। এবারও মেয়েদের জন্য ‘এক্সক্লুসিভ’ সালোয়ার-কামিজ কিনতে চান।
বিপণিবিতান ঘুরে দেখা গেল, সালোয়ার-কামিজের ক্ষেত্রে পাকিস্তান ও ভারত থেকে আমদানি করা কাপড়ের কাটতি বেশি। তৈরি সালোয়ার-কামিজের ক্ষেত্রে ভারতীয় পোশাক বেশি বিক্রি হচ্ছে। তবে এসবের পাশাপাশি শৈল্পিকের মতো দেশীয় বুটিকের পোশাকের বিক্রিও মন্দ নয়।
সেলাইবিহীন (আনস্টিচ) ও থান কাপড়ের দোকান ‘তন্বী’র স্বত্বাধিকারী আবুল কাশেম জানান, তাঁর দোকানে ৪০০ থেকে ১০ হাজার টাকা দামের কাপড় পাওয়া যাচ্ছে। তবে ক্রেতারা এসে পাকিস্তান ও ভারতের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক খঁুজছেন। তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বেশি কাপড় বিক্রি হচ্ছে।
ভারতীয় তৈরি পোশাকের দোকান ইয়াং লেডিতে প্রদর্শনে রাখা হয়েছে বিভিন্ন নজরকাড়া পোশাক। সে কারণেই হয়তো দোকানটিতে দেখা গেল গিজগিজে ভিড়। দোকানের বিক্রেতা নিজামউদ্দিন জানালেন, ফ্লোরটাচ ও কটি ডিজাইনের পোশাক খুব ভালো বিক্রি হচ্ছে। ৭ থেকে ১৫ হাজার টাকার মধ্যে এসব পোশাক পাওয়া যাচ্ছে।
তবে অনেক ক্রেতাই পোশাকের দাম দেখে হতাশ হচ্ছেন। পাঁচলাইশ এলাকা থেকে আসা শাহানা আকতার বলেন, ‘মেয়ের জন্য যে পোশাকটি পছন্দ হয়েছে, বিক্রেতা আট হাজার বলছেন। অথচ আমার বাজেট পাঁচ হাজার।’
মিমি সুপার মার্কেটে সেলাইবিহীন ও তৈরি পোশাকের এ রকম আরও কয়েকটি দোকান হচ্ছে চন্দ্রবিন্দু, তরঙ্গ, লাগান, রূপসী, জারা, নিপুণ, আকর্ষণ প্রভৃতি।
শাড়ির জন্য রয়েছে কাঁকন, কানন, আঁচল, শাওনভাদো, তৃষা, বধূ শাড়িঘর, পিন্ধন ও মানসী। শাওনভাদো দোকানের বিক্রেতা বিপ্লব দাশ জানান, তাঁদের দোকানে ভারতীয় শাড়ির পাশাপাশি মিরপুরের কাতান, টাঙ্গাইলের মসলিন জামদানি, হাফসিল্ক, জামদানি শাড়ির কাটতিও ভালো।
শাড়ির জন্য প্রসিদ্ধ কাঁকন শাড়ি হাউসের স্বত্বাধিকারী জাকির হোসেন জানান, এবার ভারী কাজের বদলে হালকা কাজের শাড়ির দিকে ক্রেতারা ঝঁুকেছেন। বিভিন্ন ধরনের কাতানের পাশাপাশি নেট ও জর্জেট ভালো চলছে।
শিশুদের পোশাকের দোকানও কম ভিড় নয়। বিশাল সেন্টার, সাথী, ইয়াং লেডি, শৈশবে শিশুদের পোশাক বিক্রি বেশ ভালো হচ্ছে। শৈশব-এর ব্যবস্থাপক ওয়াহিদুল ইসলাম জানান, গরম ও আরামের কথা বিবেচনা করে শিশুদের জন্য সুতি কাপড়ের পোশাক তৈরি করা হয়েছে। কিছু পার্টি পোশাকও আছে। ২০০ থেকে ২৪০০ টাকার মধ্যে এখান থেকে পোশাক কেনা যাবে।
ছেলেদের পোশাক পাওয়া যাচ্ছে এলি, কে রহমান ও রেভলনে। সন্ধ্যার পর পুরুষ ক্রেতার সংখ্যা বাড়ে বলে জানিয়েছেন বিক্রেতারা।
এদিকে জুতা ও গয়নার দোকানেও ভিড় বাড়ছে। মিমি সুপার মার্কেটে প্রায় ৩০টি জুতার দোকান আছে। বেশির ভাগ জুতাই চীন ও থাইল্যান্ড থেকে আনা।