জমজমাট বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার। বিদ্যুৎ-ঘাটতি এখানে নিয়মিত ব্যাপার। এই সমস্যাটি পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে। অথচ জল থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেই চাহিদা পূরণ করা সম্ভব। আমরা তাই জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করে কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করছি।’ শুক্রবার কক্সবাজারের বিজ্ঞান মেলায় নিজের প্রকল্পের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর (বিজ্ঞান) ছাত্রী খদিজা রিদোয়ান। পাশে দাঁড়িয়ে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন। তিনি বলেন, এ যুগের ছেলেমেয়েরা অনেক এগিয়ে। মেলায় প্রদর্শিত ১৭০টি উদ্ভাবনী প্রকল্প দেখলে মনে হয় দ্রুত পাল্টে যাবে বাংলাদেশ। খদিজার পাশেই সোলার প্যানেল বসিয়ে সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদনের বর্ণনা দিচ্ছিল একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাফিসা চৌধুরী। নাফিসা বলে, ‘আমার স্বপ্ন—বাংলাদেশ আলোকিত হবেই।’ বিজ্ঞান মেলায় আরেকটি প্রয়োজনীয় প্রকল্প ছিল ‘ফরমালিন টেস্ট’ যন্ত্র। পরিবেশবান্ধব ইট তৈরির প্রকল্পও ছিল। বন্যার পানি থেকে রক্ষা পাওয়ার জন্য কেউ কেউ বানিয়েছে ভাসমান ঘর। এ ছাড়া স্বল্প খরচে আধুনিক চুলা, দূষণমুক্ত ও পরিবেশবান্ধব জ্বালানি এবং আমাদের জীবন, বায়োগ্যাস উৎপাদন প্রকল্প, বৃষ্টির পানি সংরক্ষণ, বায়ুকল, বিদ্যুৎ দিয়ে লেখা, ব্লিচিং পাউডার থেকে বিদ্যুৎ, আধুনিক পর্যটন শহর, একটি পরিকল্পিত খামারবাড়ি, যানজটমুক্ত স্বয়ংক্রিয় রেলক্রসিং, পরিবেশবান্ধব উভচর যান, বন্যার পানি দিয়ে সেচ প্রকল্প, জলবিদ্যুৎ ও সৌর চুল্লি, সমুদ্রের পানি থেকে লবণ, প্রাকৃতিক উপায়ে পানি শোধনসহ নানা প্রকল্প দর্শকদের আকৃষ্ট করে। মেলায় কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা (মেডিসিন ক্লাব সদস্য) মাত্র ১০ টাকার বিনিময়ে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছেন। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার শুরু হয় তিন দিনের এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ওই দিন সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) খন্দকার জহিরুল ইসলাম, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, সহকারী শিক্ষক ফরিদ আহমদ, সোহেল ইকবাল, শিক্ষার্থী আমিনা আতিক প্রমুখ। মেলা উদ্যাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহমদ জানান, জেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০টি প্রকল্প এই মেলায় প্রদর্শিত হয়েছে।