জমজমাট বিভাগীয় নাট্যোৎসব শিল্পকলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী উদ্ভট আচার্য দীক্ষা নিয়েছেন সন্ন্যাসধর্মে। বটবৃক্ষের নিচে ধ্যানমগ্ন তিনি, ভক্তরা তাঁকে ঘিরে আছেন। একদিন উদ্ভট আচার্য তাঁর ভক্ত জোতদার সুখময় সামন্তের বাড়িতে যাওয়ার পথে পেলেন এক করোটি, ওই করোটি নিয়েই শুরু হলো নানা কাণ্ড। তিনি প্রভুর সঙ্গে জেদ ধরে বসলেন সেই করোটিতে প্রাণ দিতেই হবে। প্রভু বললেন, সম্ভব নয়। উদ্ভট আচার্যও মানতে নারাজ। শেষপর্যন্ত প্রভু ভক্তের কথা শুনলেন, প্রাণ এল করোটিতে। কিন্তু জীবিত মানুষটি বিশ্বাস করতে চান না যে সে মারা গিয়েছিলেন। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি...। একপর্যায়ে এটা স্পষ্ট হয় যে শোষক শ্রেণীর চেহারা যেকোনো সময় যেকোনো কালে একই হয়। চিরকাল শুধু দুর্বলেরা মার খায়। রোববার চট্টগ্রাম বিভাগীয় নাট্যোৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হয় কথক থিয়েটারেরকরোটি নাটকটি। ২২ এপ্রিল থেকে নাট্যপ্রেমী মানুষের পদচারণে মুখরিত হচ্ছে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ। ‘মঞ্চে নাটক দেখুন’ স্লোগানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে চলছে বিভাগীয় নাট্যোৎসব। শেষ হবে আগামী ৩০ এপ্রিল। প্রতিদিন সন্ধ্যা সাতটায় নাটক মঞ্চস্থ হচ্ছে। এ ছাড়াও রয়েছে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথনাটক। এ উৎসবে নয়টি নাটক মঞ্চস্থ হচ্ছে। ইতিমধ্যে হয়ে গেছে নান্দীমুখের প্রযোজনায় নাটক উর্ণাজাল, গণনাট্য পরিষদের (আশুগঞ্জ) ইয়াসিন চোরা, গণায়ন নাট্য সম্প্রদায়ের অদ্ভুত অন্ধকার। আজ মঞ্চস্থ হবে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের বেধুয়া। মঙ্গলপ্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন প্রবীণ নাট্যশিল্পী বেগম মণি ইমাম। এরপর শুরু হয় ঢোলের তালে নৃত্য, তাতে মেতে ওঠেন উৎসবের দর্শকেরাও। সুচরিত দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, অলক ঘোষ, সঞ্জীব বড়ুয়া, সাইফুল আলম, মোসলেম উদ্দিন সিকদার প্রমুখ। উদ্বোধক মণি ইমাম বলেন, ‘আমি অনেক গালমন্দ খেয়ে নাটকে কাজ করেছি, যাঁরা এ আয়োজন করেছে আমি তাঁদের জন্য দোয়া করছি। বেঁচে থাক বাংলাদেশ, জয় হোক নাটকের।’ প্রধান অতিথি লিয়াকত আলী বলেন, ‘আপনি (মণি ইমাম) গালি খেয়েছেন বলে আমরা গুলি খেতে প্রস্তুত আছি। আমরা যেন মূল্যবোধ থেকে বিচ্যুত না হই, সবার কাছে যেন সংস্কৃতিকে পৌঁছে দিতে পারি।’ তিনি বলেন, এবারই প্রথম সরকারি সহযোগিতায় নাট্যোৎসব হচ্ছে। নাটক দেখতে এসেছিলেন গৃহিণী মিতা আজাহার। তিনি বলেন, ‘অনেক দিন পর নাটক দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। অভিনয় নিয়ে কিছু বলার নেই। কিন্তু মঞ্চসজ্জায় আরেকটু যত্নবান হওয়া প্রয়োজন ছিল, আলোক প্রক্ষেপণে মুনশিয়ানা দেখা যায়নি।’ ২৭ এপ্রিল মঞ্চস্থ হবে প্রতিনিধি নাট্যসম্প্রদায়ের দুই বিঘা জমি, ২৮ এপ্রিল অরিন্দম নাট্য সম্প্রদায়ের জলকন্যা, ২৯ এপ্রিল বর্ণচোরা নাট্যগোষ্ঠীর গিট্টু, ৩০ এপ্রিল মঞ্চস্থ হবে শেষ নাটক উত্তরাধিকার প্রযোজিত সাম্পাননাইয়া।