জমজমাট মক্কার বলীখেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলীদের শ্বাসরুদ্ধকর লড়াই চলছিল একদিকে। অন্যদিকে জমে উঠেছিল হস্তশিল্প আর গ্রামীণ খাবারদাবারের বেচাকেনা। আশপাশের কয়েক গ্রামের মানুষের জন্য এমন উৎসবের উপলক্ষ বছরে একবারই আসে। সাতকানিয়ার জমজমাট মক্কার বলীখেলা দেখতে গত বৃহস্পতিবার জড়ো হয়েছিল হাজারো মানুষ। মক্কা বাড়ির পাহাড়ঘেরা মাঠে ঐতিহ্যবাহী এ বলীখেলার ১৩২তম আসর বসেছিল এবার। খেলায় কক্সবাজারের রামু উপজেলার দিদার বলী ও যশোরের শিপন বলী যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন। বলীখেলা উপলক্ষে সপ্তাহব্যাপী বসেছিল গ্রামীণ পণ্যের মেলা। দেশের নানা প্রান্ত থেকে মৃৎশিল্পীরা এসেছিলেন পসরা নিয়ে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, খাবার ও নানা ধরনের খেলনা বিক্রি হয়েছে মেলায়। বলীখেলা ছিল মেলার প্রধান আকর্ষণ। বৃহস্পতিবার বিকেল চারটায় আয়োজকেরা ঢোল-বাজনার তালে তালে বলীদের সঙ্গে নিয়ে মাঠে উপস্থিত হন। মুহূর্তের মধ্যে মক্কা বাড়ির মাঠ কানায় কানায় ভরে যায়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন জব্বার মিয়া, রামুর দিদার বলী, যশোরের শিপন বলী, টেকনাফের আলম বলী, মহেশখালীর কামাল বলী, রামুর আবদুল্লাহ বলী, কলিমুল্লাহ বলীসহ ৪০ জন কুস্তিগীর। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দিদার বলী ও শিপন বলীর মধ্যে। তাঁদের দুজনের মধ্যে দীর্ঘ এক ঘণ্টা মল্লযুদ্ধ চললেও কেউ কাউকে পরাজিত করতে পারেননি। শেষে আয়োজকেরা তাঁদের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেন। খেলার আয়োজক সাবেক চেয়ারম্যান নাজমুল আলম চৌধুরী জানান, ‘১৩১ বছর আগে তাঁর দাদা মোহাম্মদ আবদুল কাদের বক্স চৌধুরী প্রথমে এ খেলার আয়োজন করেন। এর পর থেকে প্রতিবছর ৭ বৈশাখ এ খেলা অনুষ্ঠিত হয়।’সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালীসহ আশপাশের গ্রামে উৎপাদিত বাঁশ-বেত, মৃৎশিল্প, কৃষিপণ্য ও গৃহস্থালির নানা সামগ্রী বিক্রি হয় এ মেলায়। অনেকেই মেলায় আসেন সারা বছরের ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করতে।লোহার তৈজসপত্র বিক্রি করতে আসা নেপাল কর্মকার বলেন, ‘মেলার জন্য প্রতিবছর অপেক্ষা করি। সারা বছরের তৈরি দা-খুন্তির বেশির ভাগই বিক্রি হয় এ মেলায়।’আমিলাইশ ইউনিয়নের মঞ্জু রানী বলেন, ‘হিন্দু-মুসলিম-নির্বিশেষে সবার মিলনমেলায় পরিণত হয় এ মেলা। আমি ছেলেমেয়ে নিয়ে প্রতিবছর মেলায় আসি কেনাকাটা করতে।’