জমজমাট মৌসুমি ফলের বাজার

গত সোমবার দুপুর ১২টা। নগরের স্টেশন রোডের ফলমণ্ডীতে জড় হয়েছেন বেশ কয়েকজন খুচরা বিক্রেতা। ট্রাক থেকে একে একে নামানো হচ্ছে ফলের ঝুড়ি। সেসব ঝুড়ি আড়তে এলে আড়তদার ঝুড়ির মুখ খুলে খুচরা বিক্রেতাদের পরখ করতে সুযোগ দিচ্ছেন। এরপর আড়তদার ঝুড়ির নিলাম ডাকেন। নিলামের মাধ্যমে ফলের ঝুড়ি কেনেন একজন খুচরা বিক্রেতা। আরও কিছু ঝুড়ি নামলে আবারও শুরু হয় হাঁকডাক।
ফলমণ্ডীর চারপাশে আম, লিচু, কাঁঠাল, আনারস ইত্যাদি মৌসুমি ফলের সুবাস। দোকানিরা জানান, সপ্তাহ খানেক আগে থেকেই এখানকার প্রায় সব দোকানেই কমবেশি মৌসুমি ফলের কেনাবেচা শুরু হয়েছ। প্রতিদিনই বাড়ছে ক্রেতার সংখ্যা।
নগরের সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত স্টেশন রোডের ফলমণ্ডী ঘুরে বর্তমানে লিচুর বাজারই বেশি জমজমাট দেখা গেল। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ভালোভাবে আম আসা শুরু হলে ফলবাজার পুরোপুরি জমে উঠবে বলে মনে করছেন ফলমণ্ডীর দোকানিরা। চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, প্রতিদিন ফলমণ্ডীতে পঁচিশ থেকে ত্রিশ ট্রাক লিচু, আট থেকে দশ ট্রাক আম এবং দুই থেকে তিন ট্রাক কাঁঠাল আসে। বেশির ভাগ লিচু পাবনা, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রাজশাহী থেকে আসছে। কাঁঠাল আসে রাঙামাটি থেকে। মেহেরপুর, কুষ্টিয়া ও বাঘা থেকে আসছে আম। ফলমণ্ডীর মেসার্স মো. তোফর ফার্মের মালিক মো. তোফর আলী বলেন, ‘এখন গড়ে প্রতিদিন আমার দোকান থেকে প্রায় ৫০০ ঝুড়ি লিচু ও এক হাজার ঝুড়ি আম বিক্রি হয়। কিছুদিনের মধ্যে রাজশাহীর আম ও লিচু বাজারে ওঠার পর বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।’
শুধু স্টেশন রোডের ফলমণ্ডী নয়, নগরের বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে মৌসুমি ফলের সরবরাহ প্রচুর। কাজীর দেউড়ি, ষোলোশহর কর্ণফুলী কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজারের পাশাপাশি বিভিন্ন এলাকার ফুটপাত ও রাস্তার পাশের ভাসমান দোকানগুলোয়ও বিভিন্ন ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নগরীর অভিজাত সুপার শপগুলোতেও রয়েছে মৌসুমি ফলের সমাহার।
ফলের দাম বাজারভেদে প্রায় অভিন্ন। তবে ফলের পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের রয়েছে অনেক ব্যবধান। ফলমণ্ডীর দোকানিরা জানান, প্রায় আট শ থেকে এক হাজার লিচু দিয়ে একটি ঝুড়ি পূর্ণ থাকে এবং এর দাম পড়ে প্রায় ষোলো শ থেকে দুই হাজার ১০০ টাকা পর্যন্ত। এ ছাড়া এই পাইকারি বাজারে ভালো মানের আম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৫০ টাকায় এবং সাধারণ মানের আম পাওয়া যাচ্ছে প্রতি কেজি ২৫-৩৫ টাকা দরে। নগরীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ১৫০ টাকায়, এক শ লিচু ৩০০-৩৫০ টাকা, মাঝারি আকারের কাঁঠাল প্রতিটি ২০০ টাকা ও বড় আকারের ৩৫০ টাকা, আনারস জোড়া ৪০-৬০ টাকায়।
ফরমালিন বা রাসায়নিক দিয়ে মৌসুমি ফল পাকিয়ে বিক্রি করা হচ্ছে কিনা এ বিষয়ে ক্রেতাদের সন্দেহ থাকে। গত বছর এ কারণে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান ফলমণ্ডীর দোকানিরা। তবে এ বছর রাসায়নিক প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ফলমণ্ডীর ব্যবসায়ী নেতারা। তাই এ বছর নিয়মিতভাবে এই ফলমণ্ডী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলেও ফলে কোনো ধরনের রাসায়নিক পাওয়া যায়নি বলে জানান তাঁরা। এ প্রসঙ্গে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর বলেন, ‘গত বছর প্রচুর ক্ষতিগ্রস্ত হওয়ায় এ বছর আমরা নিজেরাই ফরমালিন প্রতিরোধে সতর্ক রয়েছি। বিএসটিআই, পুলিশ এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষও আমাদের সহযোগিতা করছে। ফলমণ্ডীর কোনো দোকানেই ক্ষতিকর কোনো উপাদান নেই। তবুও যদি কোনো দোকানে ফরমালিনযুক্ত ফল পাওয়া যায় তবে সেই দোকানদারকে ব্যবসা থেকে বিতাড়িত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ফলমণ্ডীতে কথা হয় আইনজীবী খাদেমুল ইসলামের সঙ্গে। তিনি এসেছেন নগরীর হালিশহর এলাকা থেকে। তিনি বলেন, ‘মৌসুম শুরু হলে দাম আরও বেড়ে যাবে তাই আমি আগেভাগেই পরিবারের জন্য ফল নিয়ে নিতে চাই। সে জন্যই এখানে আসা।’ তবে গত বারের মতো এ বছরও ফলমণ্ডী ফরমালিন পরীক্ষা করার সুযোগ থাকলে ভালো হতো বলে জানান তিনি।