জমজমাট লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমকালো আয়োজন আর জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ পেল আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার-২০১২। কক্সবাজারের মেয়ে সীলমা সুবাহ রাইসা সেই গ্র্যান্ডমাস্টারের নাম। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উত্সবের সমাপনী অয়োজনের মধ্য দিয়ে ২২ জুন পওয়া গেল এই জিনিয়াস গ্র্যান্ডমাস্টারকে। রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হলো এই উত্সবের চূড়ান্ত পর্বের আয়োজন। সারা দেশের প্রায় পাঁচ লাখ প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত ১২১ জন আই-জিনিয়াসকে নিয়ে শুরু হয় এই চূড়ান্ত প্রতিযোগিতা।বিকেল চারটায় তরুণ সংগীতশিল্পী রাফার ‘এসো পৃথিবীর পাঠশালায়’ শীর্ষক গানের মধ্য দিয়ে উত্সবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। এতে সারা দেশ থেকে নির্বাচিত হয়ে আসা ১২১ জন আই-জিনিয়াসও অংশ নেয়। এরপর আমন্ত্রিত অতিথিদের সংক্ষিপ্ত বক্তৃতার পর শুরু হয় চূড়ান্ত পর্বের লড়াই। সেরা দশ, সেরা ছয়, সেরা চার ও গ্র্যান্ডমাস্টার—এই চার পর্বে বিভক্ত ছিল চূড়ান্ত পর্বের লড়াই। তবে সেরা দশ পর্বে আসার জন্য এর আগের দিন অবশ্য গ্রামীণফোন হাউসে এই ১২১ জন আই-জিনিয়াসকে অংশ নিতে হয়েছিল আরও এক প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় তাদের মুখোমুখি হতে হয়েছিল সৃজনশীল দক্ষতা যাচাই, মানসিক দক্ষতা ও নেতৃত্বের দক্ষতা পরীক্ষার। পরদিন সেই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো। সবার মধ্য থেকে সেরা দশ জিনিয়াস নির্বাচিত হয় ঈশ্বরদীর (পাবনা) অর্ণব কর্মকার, গোয়ালন্দের (রাজবাড়ী) ইনতিসার আউয়াল, পঞ্চগড়ের রিয়াজুল হাসান, মাদারীপুরের রাজীব হোসেন, কিশোরগঞ্জের সাদিয়া আজিজ, সান্তাহারের (বগুড়া) সাদিয়া ইসলাম, ঠাকুরগাঁওয়ের সৈয়দ তানভির আজম, শেরপুরের সাদমান সাকিব, কেরানীগঞ্জের (ঢাকা) সাহানা আখতার ও কক্সবাজারের সীলমা সুবাহ্ রাইসা। এই ১০ জনের মধ্যে আবার শুরু হয় সেরা ছয়ে আসার লড়াই। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সেরা ছয় পর্বে স্থান করে নেয় রিয়াজুল, সাদমান, ইনতিসার, রাইসা, রাজীব ও সাদিয়া আজিজ। এরপর চূড়ান্ত পর্বে ওঠার লড়াই। এই পর্বে মেধার লড়াইয়ে টিকে যায় রাইসা, রিয়াজুল ও ইনতিসার। ওয়াইল্ড কার্ড রাউন্ডে উঠে আসে সাদমান। সেরা তিন নির্বাচিত হওয়ার পর বাদ পড়া সাতজন ওয়াইল্ড কার্ড রাউন্ডে পেয়েছিল বিশেষ সুযোগ।অতঃপর গ্র্যান্ডমাস্টার হওয়ার লড়াই। চারজন প্রতিযোগীর মধ্য থেকে কে হবে গ্র্যান্ডমাস্টার? দর্শকদের মধ্যে শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা। মঞ্চে চলছে গ্র্যান্ডমাস্টার শিরোপার জন্য লড়াই। অবশেষে সবাইকে তাক লাগিয়ে শিরোপা ছিনিয়ে নিল কক্সবাজারের সুকন্যা সীলমা সুবাহ রাইসা। বিজয়ের পর তার প্রথম উক্তি, ‘আমি কি স্বপ্ন দেখছি!’ বিজয়ী রাইসার হাতে গ্র্যান্ডমাস্টার ট্রফি, নরওয়ে শিক্ষাসফর ও শিক্ষা অনুদান হিসেবে এক লাখ টাকার চেক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই জমকালো আয়োজন আর জমজমাট লড়াই। রাইসার হাতে পুরস্কারগুলো তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা অ্যালান বোঙ্কে, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।গ্রামীণ ফোন ও প্রথম আলোর আয়োজনে ইন্টারনেট উত্সবে সহযোগী ছিল গুগল, অপেরা, ফেসবুক, নোকিয়া, চ্যানেল আই ও রেডিও ফূর্তি। সহযোগিতা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচি। গ্র্যান্ড ফিনালে আয়োজন ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এশিয়াটিক ইভেন্টস মার্কেটিং কমিউনিকেশন।