জমজমাট শিশু নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নাট্য উৎ​সবে শিশু উন্নয়নে অবদ​ানের জন্য হাসিনা জাকারিয়াকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন
শিশু নাট্য উৎ​সবে শিশু উন্নয়নে অবদ​ানের জন্য হাসিনা জাকারিয়াকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন

বিশ্ব শিশু নাট্য দিবস উপলক্ষে জমজমাট শিশু নাট্য উৎসব হয়ে গেল শুক্রবার দিনব্যাপী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী ও কিডস কালচারাল ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন । তিনি বলেন, শিশুরা জন্মগতভাবে সহজ, সরল ও সুন্দর। সে বিবেচনায় তারা স্বর্গ থেকে প্রেরিত। প্রত্যেক শিশুরই একটি আলাদা সত্তা আছে, তাই তারা বিশেষ ও অনুপম। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক সৃজনী প্রতিভার বিকাশ এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। নাট্যজন প্রদীপ দেওয়ানজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া, কবি রাশেদ রউফ ও সাইফুল আলম। স্বাগত বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন সিকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সৌরভ শাখাওয়াত।
এর আগে সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর পরিচালনা পর্ষদ সদস্য জেসমিন সুলতানা পারু। এ সময় স্বাগত বক্তব্য দেন শরফুদ্দিন চৌধুরী। উদ্বোধনের পর চট্টগ্রামে ‘শিশু নাটকের চার দশক সমস্যা ও সম্ভাবনা’র ওপর সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাট্যজন কুন্তল বড়ুয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন অসীম দাশ।
দিনব্যাপী কিডস কালচারাল ইনস্টিটিউট, কিডস ক্রিয়েটিভ স্কুল, খাজা আজমেরী স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, আগ্রাবাদ পাবলিক স্কুল, অংকুর সোসাইটি গার্লস হাইস্কুল, সিলভার বেলস স্কুল, টেকনো সাইডার ইন্টারন্যাশনাল স্কুল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও মাইম ফর চিলড্রেনের পরিবেশনায় বিভিন্ন শিশুনাটক, পাপেট শো, মূকাভিনয়, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।
এ ছাড়া শিশু উন্নয়নে অবদানের জন্য প্রফেসর হাসিনা জাকারিয়া ও সিলভার বেলস স্কুলের অধ্যক্ষ মাহমুদা হককে সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।