জমজমাট সংসদীয় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে বসেছে সংসদীয় বিতর্কের আসর। এই সংসদ প্রস্তাব করছে যে ‘ধুম আকাঙ্ক্ষিত হলে ডরিমন অপরাধ নয়’। প্রধানমন্ত্রী এ প্রস্তাবের সংজ্ঞায়নে ধুমকে যন্ত্র ও ডরিমনকে যন্ত্রমানব হিসেবে চিহ্নিত করে বললেন, ‘এই পুঁজিবাদী বিশ্বে মানুষ যখন নিজের চাহিদা মেটাতে যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, তখন ভবিষ্যতে মানুষের যন্ত্রমানব হয়ে ওঠা বৈধ এবং সেক্ষেত্রে মানুষের অংশ হিসেবে অথবা প্রতিনিধি হিসেবে কাজ করবে যন্ত্র।’ অন্যদিকে বিরোধীদলীয় নেতা বললেন, ‘মানুষের যন্ত্রমানব হয়ে ওঠাকে বৈধতা দিলে মানবিক বিপর্যয় ঘটবে।’ দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে গত ৩০ জুন নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শেষ হওয়া রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত বিতর্কে এভাবেই জমে ওঠে ছায়া সংসদ। পাল্টাপাল্টি যুক্তির এই লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একসময় স্পিকার সরকারি ও বিরোধী দলের তর্কযুদ্ধের ইতি টানেন। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সরকারি দল এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছিল বিরোধী দল। চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।যুক্তির এ মিলনমেলার এবারের আসরে ছিল ২০তম আন্তস্কুল, দশম আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ২২ জুন শুরু হওয়া নয় দিনের এ প্রতিযোগিতার সরকারি-বেসরকারি ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল, ১০টি কলেজ ও ১২টি বিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়।সমাপনী দিনে অনুষ্ঠিত হয় আন্তস্কুল, আন্তকলেজ ও আন্তবিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। শেষে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আন্তস্কুল পর্যায়ের চূড়ান্ত পর্বের বিতর্কে সরকারি দলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও বিরোধী দলে ছিল সিলভার বেলস গার্লস হাইস্কুল। চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। আন্তকলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বের বিতর্কে ইস্পাহানি পাবলিক কলেজকে হারিয়ে শিরোপা জিতে নেয় হাজী মুহাম্মদ মুহসিন কলেজ। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অনুপম দেবাশীষ রায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি সৈয়দ আহসানুল আলম, দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজি রহমান ও রবির মহাব্যবস্থাপক (বিজনেস সেলস অ্যান্ড সার্ভিস) সাজিদ ইকবাল। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কসশাফুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল, দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আদনান মান্নান, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন ও প্রতিযোগিতার সমন্বয়কারী সাবের শাহ।