জমবে মেলা শিরীষতলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ মানে নগড়জুড়ে উৎসব। উৎসবের রং ছড়িয়ে পড়ে সবখানে। পান্তা-ইলিশে শুরু হওয়া দিনটি সুরের মূর্ছনা আর মেলায় ঘুরে কাটে নগরবাসীর।প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম নগরে সবচেয়ে বড় আয়োজন হচ্ছে ডিসি পাহাড় ও সিআরবির শিরীষগাছের শীতল ছায়ায় এবং বাওয়া উচ্চবিদ্যালয়ের মাঠে। এখানে দুই দিনের আনুষ্ঠানের পাশাপাশি থাকবে গ্রামীণ আবহের মেলা। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী ও লালদীঘির মাঠে বসবে বৈশাখী মেলা। শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন রয়েছে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে। চারুশিল্পী সম্মিলন পরিষদ নববর্ষের দিন বের করবে মঙ্গল শোভাযাত্রা।ডিসি পাহাড়: সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের আয়োজনে দুই দিনের অনুষ্ঠানমালায় থাকবে নাচ, গান ও আবৃত্তি। বর্ষবিদায়ের দিন বিকেলে শুরু হয়ে অনুষ্ঠান চলবে পরদিন রাত ১০টা পর্যন্ত। তবে মেলা বসে যায় আগের দিন রাত থেকেই। ডিসি পাহাড়কে কেন্দ্র করে বসা এ মেলার ব্যাপ্তি থাকে এক থেকে দেড় কিলোমিটারজুড়ে। চেরাগী পাহাড়ের মোড় থেকে বৌদ্ধমন্দির হয়ে মেলা ছড়িয়ে যায় নন্দনকাননের বোস ব্রাদার্স পর্যন্ত। রকমারি খাবার, খেলনা, নকশা করা পাটি, মাটির তৈজসপত্র, নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী, ঘর সাজানোর উপকরণ, দা-বঁটি, ছুরিসহ সব ধরনের জিনিসই পাওয়া যায়। উৎসবে আসা মানুষজনের হাতে ফেরার পথে কিছু না কিছু থাকেই।সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার জানান, চট্টগ্রামে পয়লা বৈশাখের প্রথম আয়োজন ডিসি পাহাড়ে। চট্টগ্রামের শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও ভারতের কলকাতা থেকে শিল্পীরা আসবেন।সিআরবি: সাত রাস্তার মোড়ে সিআরবি এলাকায় চার বছর ধরে চলছে মেলা ও সাংস্কৃতিক আয়োজন। নববর্ষ উদ্যাপন পরিষদ, চট্টগ্রাম এর আয়োজক। এখানেও রকমারি পসরা নিয়ে বসেন দোকানিরা। তবে এখানকার মূল আকর্ষণ সাহাবউদ্দিনের বলীখেলা। পয়লা বৈশাখ দুপুরে অনুষ্ঠানস্থলের এক পাশে লড়বেন এ অঞ্চলে কুস্তিগিরেরা। এ ছাড়া আনন্দে মেতে ওঠার নাগরদোলা তো থাকছেই। পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, চট্টগ্রামের শিল্পীরাই গাইবেন এখানে। দুই দিনের আয়োজনে থাকবে নাচ, গান ও আবৃত্তি।বাওয়া উচ্চবিদ্যালয় মাঠ: বর্ষবিদায় ও বরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে দুই দিনের অনুষ্ঠানমালায় থাকবে পঞ্চকবির গান, হারানো দিনের গান, লালনগীতি, বাউল ও দেশের গান। সঙ্গে নাচ। দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা এতে অংশ নেবেন। অনুষ্ঠান শুরু হবে বর্ষবিদায়ের দিন বিকেলে।ফুলকি: শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজন করছে তিন দিনের ছোটদের বৈশাখী মেলার। এতে থাকবে ছোটদের মজার বই, কারুপণ্য, সোনারতরীতে তৈরি নানা জিনিস ও বুদ্ধির খেলা। তিন দিনই চলবে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা শুরু হবে বর্ষবিদায়ের আগের দিন।ফয়’স লেক: প্রতিবারের মতো ফয়’স লেকে নববর্ষের দিন থাকবে বৈশাখী কনসার্ট। এতে গান পরিবেশন করবেন বালাম, কিশোর ও সাব্বির। এ ছাড়া সি-ওয়ার্ল্ডে জলকেলিতেও মেতে উঠতে পারেন। বিভিন্ন রাইডে চড়ার সুযোগ তো থাকছেই।জেলা শিল্পকলা একাডেমী: একাডেমীর মুক্তমঞ্চে দুই দিনের সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকবে বৈশাখী মেলা। মেলায় থাকবে বিভিন্ন ধরনের বই ও পিঠার স্টল। এ ছাড়া পান্তা-ইলিশ খাওয়ারও স্টল থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রাম ও ঢাকার শিল্পীরা।