ফাইনাল পরীক্ষার তখন আর মাত্র নয় দিন বাকি। প্রস্তুতি চলছে পুরোদমে। হঠাৎ পেটে তীব্র ব্যথা। ধরা পড়ল অ্যাপেন্ডিসাইটিস। পেটে ব্যথার চেয়ে তখন বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াল পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে কি না। অপারেশন হওয়ার আড়াই দিন পর হাসপাতাল থেকে ফিরে এলেন। তবে বসতে কষ্ট, চলাফেরায়ও কষ্ট। জোরে পড়তেও ভয় লাগে, পেটে না আবার ব্যথা বাড়ে। এ অবস্থার মধ্যেই পরীক্ষা দিলেন তিনি। কী আশ্চর্য! এর পরও ফাইনাল ইয়ারের পরীক্ষায় দ্বিতীয় জনের চেয়ে ১৮ নম্বর বেশি পেলেন জমশেদুর রহমান। জমশেদ পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ২০০৪-০৫ এবং ২০০৮-০৯ সেশনে অনার্স এবং মাস্টার্স করেছেন তিনি—দুটোতেই হয়েছেন প্রথম।জমশেদের মুখে শোনা গেল একটা তত্ত্ব, ‘আরনল্ড জে টয়নবির একটা তত্ত্ব আছে ‘চ্যালেঞ্জ অ্যান্ড রেসপন্স’। এর মূল কথাটা হলো, জীবনে প্রতিকূলতা আসবেই। সেসবের মোকাবিলা করার সাহস যে রাখবে, সে-ই জয়ী হবে।’ বুঝলাম, এ তত্ত্ব বেশ ভালোই প্রভাব ফেলেছিল জমশেদুর রহমানের জীবনে। তাই প্রতিবন্ধকতাগুলো আর সেভাবে পাহাড় হয়ে দাঁড়ায়নি।জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকের ভালোবাসা পেয়েছেন জমশেদুর রহমান। মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর গ্রামে জন্ম তাঁর। চার ভাইবোনের সবার ছোট জমশেদ। তাই সবাই তাঁকে আদর করে ডাকে ইতি বলে। বাবা বিল্লাল আহমেদ সরকারি চাকরি করতেন। আর মা জীবননেছা গৃহিণী।নিজের ভালো লাগাগুলোর কথা বলেন ইতি, ‘ছোট থেকে আমি মাছ ধরতে ভালোবাসি। কৃষিকাজে আগ্রহও আমার অনেক। গ্রামের শস্যখেতের মধ্যে আইল ধরে হাঁটতে ভালো লাগে। ভালো লাগে ঝড়ের দিনে আম কুড়াতে। আমি মানুষের সঙ্গে মিশতে এবং তাদের নিয়ে ভাবতে ভালোবাসি। সমাজবিজ্ঞান পড়ার ফলে আমার কাজটা হয়েছে আরও সহজ।’প্রথম হওয়ার অভিজ্ঞতা জমশেদের বহুবারের। ভবেরচর প্রাইমারি স্কুল থেকে তিন বছর পর ১৯৯৫ সালে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেলেন জমশেদ।জিজ্ঞেস করি, প্রথম হওয়ার রহস্যটা কী? উত্তরে জমশেদ, ‘আমার কাছে সফলতার শর্ত হলো নিয়মিত কাজ এবং নিয়মিত পড়াশোনা। নিয়মিত লাইব্রেরিতে যেতাম। পড়তাম মন দিয়ে। আমি সব সময় তথ্য সংগ্রহ করতাম। পরে সেটা সবার থেকে একটু আলাদা করার কথা মাথায় রেখে পরীক্ষায় অংশ নিতাম।’মানুষ ও সমাজ নিয়ে কাজ করতে চান জমশেদ। এখনই নিজে নিজে যতটুকু পারেন, সেসব করার চেষ্টা করছেন তিনি। যারা দরিদ্র মেধাবী, তাদের বই দিয়ে বা লেখাপড়া বুঝিয়ে দিয়ে সাহায্য করার চেষ্টা করেন জমশেদ। এভাবেই ভবিষ্যতে মানুষের জন্য কিছু করার ইচ্ছা জমশেদুর রহমানের।