জমি, ফ্ল্যাট কেনাবেচা ও বাড়ি ভাড়ার খবর নিয়ে অ্যাসেটবাজার
এখন থেকে ইন্টারনেটে বসেই জানা যাবে জায়গা-জমি, ফ্ল্যাট বেচাকেনা ও বাড়ি ভাড়ার সব খবর। শুধু তাই নয়, জায়গা, ফ্ল্যাট আর বাড়ির মালিকেরা ইচ্ছে করলে নিজেরাও বিনা মূল্যে নিজেদের তথ্য জানাতে পারবেন। ইন্টারনেটের এই সাইটটির নাম অ্যাসেটবাজার।সাইটে গিয়ে নিজেদের তথ্য জানা কিংবা জানানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়বে না। কোনো ধরনের খরচও লাগবে না। কাঙ্ক্ষিত জেলা, থানার নাম দিয়ে অনুসন্ধানে দিলেই একজন ক্রেতার সামনে মুহূর্তের মধ্যেই হাজির হবে সংশ্লিষ্ট এলাকার সব ফ্ল্যাট/জমি/বাড়ির তথ্যের তালিকা। একইভাবে জমি/ফ্ল্যাট বিক্রেতা ও ইজারাদার খুব সহজেই তাদের তথ্য সরবরাহ করতে পারবেন। এ সাইট প্রসঙ্গে বিডি টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, ‘এই ওয়েবসাইট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো, ক্রেতা একজন বিক্রেতার সঙ্গে কোনো খরচ বা তৃতীয় কোনো মাধ্যম ছাড়াই যোগাযোগ করতে পারবেন। প্রথমবার তথ্য দেওয়ার সময় একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এর মাধ্যমে বিক্রেতা বা তথ্য প্রদানকারী নতুন নতুন জমি/ফ্ল্যাট এবং বাড়ি ভাড়া-সংক্রান্ত তথ্য অ্যাসেটবাজারে সংযোগ করতে পারবেন। আবার প্রয়োজনে তথ্যগুলো পরিবর্তন-পরিবর্ধনও করতে পারবেন।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে এ ধরনের অ্যাসেটবাজার প্রদর্শিত হয়। বিশেষ করে বিদেশে বাংলাদেশিদের বৈশাখী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে অ্যাসেটবাজারে অংশগ্রহণ করে জমি/ফ্ল্যাট সম্পর্কে তথ্য তুলে ধরে। এতে দেশীয় ব্যবসায়ীদের জন্য একটি সুযোগ তৈরি হয়। ওয়েবসাইটের ঠিকানা: www.assetsbazar.com নিজস্ব প্রতিবেদক