
জলিকে আর তৈরি পোশাক কারখানায় কাজে যেতে হবে না। পড়াশোনা শেষ না করে তাঁকে আর কেউ বিয়েতেও বাধ্য করতে পারবে না। এখন তাঁর পড়াশোনার খরচের জোগাড় হয়েছে। এমনকি আগের বন্ধক রাখা জমিও ফিরিয়ে নেওয়া হয়েছে। এর সবই করা হয়েছে এক ব্যক্তির সহযোগিতায়।
জলি খাতুনকে নিয়ে গত ৩ সেপ্টেম্বর প্রথম আলোর বুধবারের ক্রোড়পত্র অধুনায় ‘ঘুরে দাঁড়ালেন জলি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গাজীপুর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রথমে জলির ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমে ১০ হাজার ও পরে পাঁচ হাজার টাকা পাঠান। তারপর তিনি নিজে জলিদের বাড়িতে গিয়ে তাঁদের বন্ধক রাখা ২৫ শতাংশ জমি ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। এ জন্য তিনি বন্ধকের ঋণ বাবদ এক লাখ পাঁচ হাজার টাকা পরিশোধ করেন।
সর্বশেষ ১৩ অক্টোবর আরও এক লাখ ২০ হাজার টাকা দিয়ে তাঁদের এক বিঘা দুই কাঠার একটি জমি বন্ধক নিয়ে দেন। তাঁর চাওয়া এই জমির ফসল থেকে জলির পড়াশোনার খরচ বহন করা হোক।
জলি খাতুনের বাড়ি নাটোরের নলডাঙ্গা থানার সড়কুতিয়া গ্রামে। তাঁর বাবার নাম জেকের আলী। বাবা একজন গরিব কৃষক। তাঁর দুই মেয়ের মধ্যে জলি ছোট। বড় মেয়ের বিয়ে হয়েছে। নবম শ্রেণিতে পড়ার সময় জোর করে জলিকে বিয়ে দেওয়া হয়। জলির স্বামী তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে সারা দিন তৈরি পোশাক কারখানায় কাজ করাতেন। পড়াশোনা করতে চাইলে পেটাতেন। স্বামীর পাকা ঘর করে দেওয়ার জন্য জলির বাবা এক লাখ পাঁচ হাজার টাকায় জমি বন্ধক রেখে খরচ দিয়েছিলেন। তৈরি পোশাক কারখানায় কাজ করেই জলি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চাইলে স্বামী আর রাজি হননি। কিন্তু জলিও পড়া ছাড়তে চাননি। ফলে তাঁদের সংসার ভেঙে যায়। এই অশান্তি নিয়েই এবার এইচএসসি পরীক্ষায় জলি খাতুন মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেছেন। নাটোরের নলডাঙ্গা থানার আটটি কলেজের মধ্যে শুধু জলিই সব বিষয়ে জিপিএ-৫ পান।
জলি জানান, এখন আর তাঁর কোনো সমস্যা নেই। পড়াশোনা শেষ না করে নিজের পায়ে না দাঁড়িয়ে আর বিয়ে করবেন না।