জমি ফিরে পায়নি শরণার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির ১৩ বছরেও ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুরোপুরি পুনর্বাসন করা হয়নি। তারা ফিরে পায়নি বেদখলে চলে যাওয়া জমি। দেশে ফেরার এক যুগ পেরোলেও অনেক পরিবার নিজের ভিটায় ফিরতে পারেনি। এমনিক আদালতের রায় পেলেও বসতিস্থাপনকারীদের (স্যাটেলার) দখল করা জমি ফেরত পাচ্ছে না বলে অভিযোগ আদিবাসীদের। উপজাতি শরণার্থী পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনসংক্রান্ত টাস্কফোর্সের তালিকা অনুযায়ী এ পর্যন্ত ভারত থেকে ফিরে এসেছে ১২ হাজার ২২২টি পরিবার। এর মধ্যে ৫৩ পরিবার রাঙামাটির, বাকিরা খাগড়াছড়ির। উল্লেখ্য, বান্দরবানের কোনো পরিবার ভারতে উদ্বাস্তু হিসেবে যায়নি। অন্যদিকে, অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারেরও একই অবস্থা বলে দাবি সংশ্লিষ্ট ব্যক্তিদের। তিন জেলায় অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারের সংখ্যা ৯০ হাজার ২০৮টি। এর মধ্যে খাগড়াছড়িতে ৪৬ হাজার ৫৭০, রাঙামাটিতে ৩৫ হাজার ৫৯৫ ও বান্দরবানে আট হাজার ৪৩টি পরিবার রয়েছে। জানা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৩ মার্চ খাগড়াছড়ির সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরাকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে উপজাতি শরণার্থী পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনসংক্রান্ত টাস্কফোর্স পুনর্গঠন করা হয়। টাস্কফোর্সের প্রথম সভায় অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারগুলোর আগের তালিকা প্রকাশ করা হয়। সিদ্ধান্ত হয় পরবর্তী সভা থেকে উদ্বাস্তুদের তালিকা যাচাই-বাছাই করে পূর্ণ তালিকা প্রকাশ করা হবে এবং তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এরপর আর কোনো অগ্রগতিই হয়নি। প্রতি মাসে সভা করার কথা থাকলেও গত জানুয়ারিতে সর্বশেষ সভা হয়েছিল।জানা যায়, পার্বত্য চুক্তির তৃতীয় খণ্ডে ভারতের ত্রিপুরা রাজ্যে আশ্রিত আদিবাসী শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ে উল্লেখ করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সরকার ও শরণার্থী নেতাদের মধ্যে ১৯৯৭ সালের ৯ মার্চ সম্পাদিত চুক্তি (২০ দফা প্যাকেজ চুক্তি) অনুযায়ী শরণার্থীদের স্বদেশে ফেরার কথা। চুক্তিতে উল্লেখ আছে, সরকার ও জনসংহতি সমিতির মধ্যে চুক্তি সইয়ের পর ভারত প্রত্যাগত আদিবাসী শরণার্থী ও অভ্যন্তরীণ আদিবাসী উদ্বাস্তুদের পুনর্বাসন করা হবে। এরপর ভূমি জরিপ করা হবে। উপজাতি শরণার্থী পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসনসংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্রলাল ত্রিপুরা এ ব্যাপারে বলেন, ‘ভারত প্রত্যাগত সব পরিবারকে প্রাথমিকভাবে পুনর্বাসন করা হয়েছে, দু-একটি পরিবারের হয়তো সমস্যা আছে।’খাগড়াছড়ির দীঘিনালার রসিকনাগর গ্রামের সুরনাথ চাকমা (৬৫) পার্বত্য চুক্তি সইয়ের পর দেশে ফেরেন। সুরনাথ তাঁর বঞ্চনার কথা জানান এভাবে—‘আমার বন্দোবস্তি করা জমি ছিল পাঁচ একর ২৬ শতক। সবই ধানি জমি। ১৯৯৮ সালে এলাকায় ফেরার পর নিজের জমিতে যখন চাষের জন্য নামি তখন স্যাটেলার বাঙালিরা আমাকে বাধা দেন। তাঁদের দাবি জমিটি তাঁদের কবুলিয়তভুক্ত, তাই জমি তাঁদের। এরপর আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করি। ইউএনওর রায় আমার পক্ষে যায়। এরপর স্যাটেলারেরা খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট (এডিএম) আদালতে আমার বিরুদ্ধে মামলা করে। ওখানেও আমার পক্ষে রায় হয়। এ রায়ের বিরুদ্ধে স্যাটেলারেরা চট্টগ্রাম জজ কোর্টে (তখন তিন পার্বত্য জেলায় জজ কোর্ট ছিল না) মামলা দায়ের করেন। ২০০৪ সালে আমার পক্ষে রায় হয়। এত কিছুর পরও আমি আমার জায়গার দখল পাইনি। প্রশাসন আমাকে কোনো সহযোগিতা করছে না। স্বদেশে ফেরার এক যুগ পরও নিজের ভিটায় ফিরে যেতে পারিনি। বর্তমানে রসিকনাগরপাড়ার পাশের গ্রাম রত্নমোহন মেম্বারপাড়ায় অন্যের জায়গায় অস্থায়ীভাবে বসবাস করছি।’সুরনাথ চাকমার মতো দীঘিনালা উপজেলার রসিকনাগর গ্রামের ৭৮টি পরিবার এখনো জমি ফেরত পায়নি এবং বাস্তুভিটায় যেতে পারেনি বলে অভিযোগ করেছে।ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বলেন, ‘২০ দফা প্যাকেজ চুক্তিতে শরণার্থীদের জীবনের নিরাপত্তা, বেদখল ভূমি ফেরত, নিজ জায়গায় পুনর্বাসন ও ভূমিহীনদের ভূমি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সরকার এসবের কোনোটিই বাস্তবায়ন করেনি। শরণার্থীরা দেশে ফেরার পর অন্তত ১৩ বার বাঙালি স্যাটেলারদের হামলার শিকার হয়েছে।’শরণার্থীনেতা চয়ন বিকাশ চাকমা বলেন, ‘সরকার ইচ্ছে করলে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে পারে। এটা সরকারের আন্তরিক সদিচ্ছার ওপর নির্ভর করবে।’দীঘিনালার কালাচান মহাজনপাড়ার বাসিন্দা নন্দী বালা তালুকদার (৬২) তাঁর শ্বশুর ও স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাঁচ একর ১৫ শতক ধানি জমির মালিক হন। তিনি ১৯৮৬ সালে শরণার্থী হন, ফিরে আসেন ১৯৯১ সালে। তিনি বলেন, ১৯৯৪ সালে রায়ে জমির মালিকানা ফিরে পেলেও পুরোপুরি দখলে যেতে পারিনি।’অভ্যন্তরীণ উদ্বাস্তু পূর্ণেন্দু বিকাশ চাকমা বলেন, ‘ভারত প্রত্যাগত শরণার্থীরা সরকারের প্রতিশ্রুতির মধ্যে একমাত্র রেশনই পাচ্ছে। আমরা তেমন কিছু পাইনি।’