জমিতে অনুশীলন মাঠে চ্যাম্পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে খেলার মাঠ নেই। তাই বলে একটুও দমে যায়নি কিশোর দল। ফুটবল খেলতেই হবে। অনুশীলন শুরু হয় অনাবাদি জমিতে। সারা দিনের ক্লাস শেষে প্রতিদিন বিকেলে অনুশীলন। স্বপ্নজয়ের হাতছানিতে কোনো ক্লান্তি তাদের স্পর্শ করতে পারেনি। শেষ পর্যন্ত সফলই হয়েছে অদম্য এ কিশোরের দল। স্কুল পর্যায়ে জাতীয় ফুটবল টুর্নামেন্টে জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। ছোট্ট কাহিনিটি দীঘিনালার পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের।গত ২১ মার্চ স্কুল পর্যায়ে জাতীয় ফুটবল টুর্নামেন্টে মাটিরাঙা পাইলট উচ্চবিদ্যালয়কে হারিয়ে জেলায় চ্যাম্পিয়ন হয়েছে পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয় এ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র দুসন্তর ত্রিপুরা। সেরা খেলোয়াড় হওয়ায় দুসন্তর ত্রিপুরা বলে, ‘তিন কিলোমিটার দূরের বিদ্যালয় থেকে ফিরে বেরিয়ে পড়তাম খেলার জন্য। কারণ, আমাদের বিদ্যালয়ে খেলার মাঠ নেই। ধানের জমিতে আমরা সবাই ফুটবল খেলতাম। জেলায় সেরা হব ভাবতে পারিনি।’ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী খেলোয়াড় কুসুম বিকাশ চাকমা বলে, ‘জেলায় চ্যাম্পিয়ন হয়ে মনে হয়েছে আমাদের বিদ্যালয়ে একটি খেলার মাঠ প্রয়োজন। জমিতে খেলে যদি আমরা এতটুকু আসতে পারি, মাঠে চর্চা করলে আরও ভালো করতে পারব। এখনো জমিতে অনুশীলন করেই বিভাগীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি।’খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘স্কুল পর্যায়ে জাতীয় ফুটবল টুর্নামেন্ট থেকে আমরা ফুটবলার বাছাইয়ের চেষ্টা করেছি। পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী দুসন্তর ত্রিপুরাকে সেরা খেলোয়াড় হিসেবে বাছাই করে তার নাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পাঠানো হয়েছে। বাফুফে হয়তো তাদের প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে ভর্তি করবে।’জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় গত ২৯ মার্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এই কিশোর ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে। পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনিমেষ দেওয়ানের সভাপতিত্বে কিশোর ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম। তিনি খেলোয়াড়দের পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি দিলীপ চৌধুরী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বরণ বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা অবশ্যই প্রয়োজন। তবে খেলাধুলার জন্য মাঠ দরকার, খেলাধুলা মানসিক বিকাশ ঘটায়। এ শিক্ষার্থীরা জমিতে চর্চা করে মাঠে চ্যাম্পিয়ন হয়ে যে সম্মান বয়ে এনেছে, তা প্রশংসনীয়।