
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি বিলের বোরো ও আউশ ধানের জমিতে এখন তামাক চাষ হচ্ছে। অথচ একসময় বিলজুড়ে শোভা পেত সবুজ ধান। কিন্তু পানি কমে যাওয়ায় ও বালুর স্তর পড়ায় বিলের জমি ধান চাষের অনুপযোগী হয়ে পড়ছে। এ কারণে বাধ্য হয়ে চাষিরা ঝুঁকছেন তামাক চাষে। এর ফলে পাখি ও মাছের বিচরণক্ষেত্র বিলের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উগলছড়ি বিলে প্রায় ৫০০ একর জমি রয়েছে। এর মধ্যে বিলের চারদিকে ধান চাষ হলেও মাঝখানে সারা বছর পানি থাকে। ওই জলাশয়টি মাছ ও নানা জাতের পাখির বিচরণক্ষেত্র। কিন্তু তামাক চাষের কারণে ক্ষতি হচ্ছে বিলের পরিবেশের। কীটনাশক ও সারের কারণে দূষিত হচ্ছে বিলের পানি।
স্থানীয় চাষিরা জানান, উগলছড়ি বিলে একটি ছোট খাল দিয়ে কাচালং নদী থেকে পানি আসে। বিলের লাল্যাঘোনা এলাকায় খালটির অবস্থান। তবে পলি জমে খালের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বিলে নদীর পানির প্রবাহ কমে গেছে। নদীতে ভাঙন দেখা দিয়েছে এর ফলে। পাশাপাশি গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে আসা বালু জমেছে জমিতে। বিলের পশ্চিম অংশে কোথাও কোথাও হাঁটুসমান বালু জমে আছে এখনো। প্রতিবছরই ১০ থেকে ১৫ একর জমিতে নতুন করে বালু জমছে। এ কারণে বিলের বেশির ভাগ জমিতে তিন বছর ধরে তামাক চাষ করা হচ্ছে।
তামাকচাষিরা জানান, বিলের লাল্যাঘোনা এলাকার অর্ধশতাধিক চাষি বোরো চাষ করতেন। তবে ধানের ভালো ফলন না হওয়ায় তাঁরা প্রথমে সবজি চাষ করেছিলেন। কিন্তু বাজারজাত করতে না পারায় ব্যাপক লোকসান হয় তাঁদের। এরপর তামাক কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে এখন তাঁরা তামাক চাষে ঝুঁকছেন।
স্থানীয় চাষিরা জানান, বিলের ৫০০ একর জমির মধ্যে ইতিমধ্যে ২০০ একরের বেশি জমিতে তামাক চাষ হচ্ছে। এর ফলে উপজেলায় ধানের লক্ষ্যমাত্রা অর্জন নাও হতে পারে বলে তাঁদের আশঙ্কা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিলের লাল্যাঘোনা এলাকায় অর্ধশতাধিক কৃষক তামাকখেতে কাজ করছেন। কেউ চারা তুলছেন আর কেউবা রোপণ করছেন। কেউ আবার ছিটাচ্ছেন কীটনাশক।
উগলছড়ি বিলের কৃষক বরুণ চাকমা ও মো. আবদুর রহমান বলেন, ‘আমরা যুগ যুগ ধরে বিল বোরো ও আউশ ধান করে করে আসছি। লাল্যাঘোনা এলাকায় খাল ভরাট হয়ে যাওয়ায় নদীভাঙন দেখা দিয়েছে। অর্ধশত একর জমিতে বালু ও পলি জমে গেছে। এর ফলে খেতে পানি ধরে রাখা যাচ্ছে না এবং ধান চাষে খরচও উঠছে না। এখন বাধ্য হয়ে কিছু লাভের আশায় তামাক চাষ করছি।’
বাঘাইছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, একসময় উগলছড়ি বিল পাখি ও মাছের অভয়ারণ্য ছিল। বিলে প্রচুর গাছও ছিল। গাছে নানা প্রজাতির পাখি থাকত। এখন বিভিন্ন কীটনাশক ব্যবহার ও বিলের গভীরতা কমে আসায় এলাকার পরিবেশ বিপর্যয় ঘটছে। তামাক চাষ বেড়ে যাওয়ায় আরও বেশি ক্ষতি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান প্রথম আলোকে বলেন, ‘লাল্যাঘোনা এলাকায় প্রতিবছর জমিতে বালু জমছে। সেখানকার জমি ধান চাষের অনুপযোগী হয়ে পড়ছে। আমরা বালুচরে আলু, বাদাম, আখসহ বিভিন্ন সবজি চাষে কৃষকদের পরামর্শ দিচ্ছি। তামাক চাষের ক্ষতিকর বিষয় নিয়ে সভা করেছি। তবে লাল্যাঘোনা এলাকায় কাচালং নদীভাঙন রোধ করা না গেলে উগলছড়ি বিলে তামাকের আগ্রাসন ঠেকানো যাবে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা প্রথম আলোকে বলেন, লাল্যাঘোনা এলাকায় কাচালং নদীর ভাঙন রোধে একাধিকবার নানা কাজ হয়েছে। কিন্তু বরাদ্দ কম হওয়ায় তা টেকেনি। ভাঙন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করা হচ্ছে।