জমিতে লোনাপানি, কমে গেছে ঢ্যাঁড়সের আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনাগাজীতে ঢ্যাঁড়সের আবাদ দিন দিন কমে যাচ্ছে। একসময় এক হাজার ২০০ হেক্টর জমিতে চাষ হলেও বর্তমানে মাত্র ৬০ হেক্টর জমিতে ঢ্যাঁড়সচাষ হচ্ছে। উপকূলের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় জোয়ারের লোনাপানি ঢুকছে জমিতে। লোনাপানির কারণে জমির উর্বরতা কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে উৎপাদন খরচ। পরিস্থিতি মোকাবিলায় সরকারি সহায়তা পাননি কৃষকেরা। কৃষকদের অভিযোগ—উন্নত প্রশিক্ষণ, সার, বীজ, কীটনাশক ও কৃষিঋণ নিয়ে এগিয়ে আসেনি কৃষি বিভাগও। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক যুগেরও বেশি সময় ধরে সোনাগাজীর চাষিরা ঢ্যাঁড়সচাষ করছেন। উপজেলার চর চান্দিয়া, চর খোন্দকার, চর খোয়াজের লামছি, চর লামছি, চর সোনাপুর, চর সাহাভিকারী, চর দরবেশ ও চর পালগিরীসহ বিভিন্ন গ্রামে ঢ্যাঁড়সের চাষ হতো। এখানকার উৎপাদিত ঢ্যাঁড়স উপজেলার চাহিদা মিটিয়ে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো। কিন্তু বর্তমানে জোয়ারের পানির সঙ্গে জমিতে লোনাপানি ঢুকে পড়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে। বাড়ছে উৎপাদন খরচ। এতে দিন দিন ঢ্যাঁড়সচাষে আগ্রহ হারিয়ে ফেলছেন কৃষকেরা। চর চান্দিয়া গ্রামের কৃষক আলী হোসেন ও নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের সমস্যা নিয়ে ভাবার কেউ নেই। নেই উন্নত চাষাবাদের কোনো ব্যবস্থা।’উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিপূর্বে সোনাগাজী উপজেলায় প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিতে ঢ্যাঁড়সের আবাদ হতো। চলতি বছর মাত্র ৬০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব চর চান্দিয়া গ্রামের চাষি ভূপেনচন্দ্র দাস জানিয়েছেন, তিনি চলতি বছর ৪৫ শতক জমিতে ঢ্যাঁড়সের আবাদ করেছেন। কিন্তু জোয়ারের লোনাপানি খেতে ঢোকার কারণে পর্যাপ্ত চারাগাছ জন্মায়নি। তিনি আরও জানান, বীজ, কীটনাশক ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় এ বছর খরচ তুলে আনতে তাঁর কষ্ট হবে। একই এলাকার চাষি ঈমান আলী ও মোশারফ হোসেন জানান, সরকারিভাবে সার ও বীজ সহায়তা না পেয়ে তাঁরা ঢ্যাঁড়সের আবাদ বন্ধ করে দিয়েছেন। এ ব্যাপারে চর চান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দিন খোকন জানান, একসময় এখানে প্রচুর ঢ্যাঁড়স উৎপাদিত হতো। উৎপাদন খরচ বৃদ্ধি ও জমিতে লোনাপানি ঢোকার কারণে একাধিকবার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ‘সোনাগাজীর মাটি সবজি এবং ঢ্যাঁড়সচাষের জন্য খুবই উপযোগী।’ তিনি ঢ্যাঁড়সচাষে কৃষকদের সংগঠিত করে নতুন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি ও প্রশিক্ষণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সোনাগাজী উপজেলার চেয়ারম্যান জেড এম কামরুল আনাম জানান, ‘সোনাগাজীর দক্ষিণে নদীভাঙনে প্রতিরক্ষা বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশির ভাগ গ্রামে ফসলি জমিতে লোনাপানি ঢুকে পড়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। বেড়িবাঁধ মেরামত না করলে ভবিষ্যতে কোনো ধরনের ফসলই এখানে উৎপাদন করা সম্ভব হবে না।’