জমির আলে শিমের রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির আল ধরে যতদূর দৃষ্টি যায় শিম আর শিম। থোকা থোকা শিমে যেন কৃষকের হাসি। আর মাত্র কটা দিনের অপেক্ষা। একটু পুষ্ট হলেই চলে যাবে বাজারে। তাই চলছে শেষ মুহূর্তের পরিচর্যা। অবশ্য অনেকে এখনই বিক্রি শুরু করে দিয়েছেন। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় এখন ফলছে শিম। তা-ও মূল জমিতে নয়, জমির আলে।কৃষকেরা জানান, চার-পাঁচটি গাছ নিয়ে একটি মাচা। প্রতি মাচায় লাগে তিনটি খুঁটি ও একটি বেড়া। আর সামান্য সার। খরচ বলতে এটুকুই। একটি মাচা থেকেই পাওয়া যায় চার থেকে পাঁচ কেজি শিম। অল্প পুঁজিতে এমন অধিক লাভের কারণে জমির আলে এখন গড়ে উঠেছে ‘শিমের রাজ্য’। শিম চাষ করেই স্বাবলম্বী হয়েছেন এসব বিলের প্রায় তিন হাজারেরও বেশি কৃষক।সরেজমিনে দেখা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের তালুকদারপাড়া, গোচরা, নোয়াগাঁও বিল, পারুয়া ইউনিয়নের কাটাখালী, জঙ্গল পারুয়া, হাজারি, কোকানিয়া, বড়ুয়াপাড়া বিল, উত্তর রাজানগরের বগাবিলি, রইস্যবিলি বিল, দক্ষিণ রাজানগরের সিকদারপাড়া, ধামাইরহাট বিল, লালানগরের আলম শাহপাড়া, নিচিন্তাপুর বিল, হোছনাবাদের নাথপাড়া, রাজারপাড়া বিল, স্বনির্ভর ইউনিয়নের শান্তিনিকেতন, গুমাই বিল, মরিয়মনগরের নজরের টিলা, রশিদিয়াপাড়া বিল, কোদালার ধোপাঘাট বিল, পদুয়া ইউনিয়নের উদলবুনিয়া, হরিহর, দশমাইল, নারিশ্চা, সুখবিলাস বিল, বেতাগীর রামগতির হাট বিল ও পৌরসভার ইছামতী চরে জমির আলে শিম চাষ হচ্ছে। জানা যায়, কয়েক বছর ধরে রাঙ্গুনিয়ায় জমির আলে শিম চাষ করছেন কৃষকেরা। এর আগে শুধু ধান ও সবজি চাষ নিয়েই ব্যস্ত থাকতেন কৃষকেরা। এখন শিম চাষে বেশি গুরুত্ব দিচ্ছেন। আর মাটির গুণে উৎপাদিত শিম আকৃতিতে যেমন বড়, তেমনি হয় পুষ্টও। অন্য এলাকার শিমের চেয়ে এগুলো খেতেও সুস্বাদু। শিম চাষে বেশি মনোযোগী হওয়ার আরও একটি কারণ হচ্ছে, অল্প সময়ে ফসল ঘরে তোলা। মাত্র চার মাসের মাথায় পুঁজির টাকা চার থেকে পাঁচ গুণ লাভ হয় চাষিদের। শিম চাষ করে স্বাবলম্বী আবুল বশর বলেন, ‘ধানের চেয়ে আমি শিম চাষে বেশি লাভ পাচ্ছি।আবহাওয়া ও মাটি অনুকূলে থাকায় এবার দেড় একর জমির আলে শিম চাষ করেছি। প্রতি সপ্তাহে ১০ থেকে ১৫ হাজার টাকার শিম বিক্রি করছি। এভাবে শিম বিক্রি করতে পারব প্রায় দুই মাস। মৌসুম শেষে বিক্রি করা এমন শিমের পরিমাণ হবে লক্ষাধিক টাকা।’ কত টাকা বিনিয়োগ করে এভাবে লাখ টাকা আয় হচ্ছে জানতে চাইলে আবুল বশরের ছেলে নুরুল আমিন (২৭) বলেন, ‘সব মিলিয়ে হয়তো ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে আমাদের।’শুধু আবুল বশর নন, শিমের ব্যবসা এমন লাভজনক হওয়ায় ভাগ্য বদল হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার আরও অনেকের। ইছামতী চরের শিমচাষি নজরুল ইসলাম জানান, আমন ধানের সঙ্গে কিছুটা উঁচু জমির আলে তাঁরা শিম গাছের বীজ বপন করেছেন। চলতি অক্টোবর মাসের শুরু থেকে শিম তোলা শুরু করেছেন। আগাম শিম বাজারে আসায় দামও ভালো পাওয়া যাচ্ছে। প্রতি কেজি শিম ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি সাত দিন অন্তর টানা দুই থেকে আড়াই মাস শিম তোলা যাবে। পারুয়া ইউনিয়নের হাজারীখিল গ্রামের আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘হাজারী বিলের নিজস্ব তিন একর সবজিখেতের জমির আলে এবার শিম চাষ করেছেন তিনি। শিম চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অল্প জায়গায় সীমাবদ্ধ থাকে প্রতিটি গাছ। জমির আল (সীমানা) কিংবা উঁচু যেকোনো পরিত্যক্ত জমিতে এটি রোপণ করা যায়।’রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন বলেন, শিম চাষে খুব বেশি টাকা পুঁজি খাটাতে হয় না চাষিদের। প্রতিটি মাচার জন্য লাগে তিনটি খুঁটি। সেগুলোও ব্যবহার করা যায় কমপক্ষে দুই বছর। অন্যান্য খরচের মধ্যে আছে কীটনাশক ও সার। খরচ ও লাভের তুলনামূলক হিসাব দিতে গিয়ে তিনি বলেন, রাঙ্গুনিয়ায় প্রতি একরে ন্যূনতম ছয় মেট্রিক টন শিম হয়। শিমের দাম গড়ে ৩০ টাকা ধরলেও প্রতি একরে এক লাখ ৮০ হাজার টাকার শিম বিক্রি করা সম্ভব। অথচ একরপ্রতি একজন চাষির সব মিলিয়ে খরচ কোনোভাবেই ৩০ হাজার টাকার বেশি নয়। শিম বাগানের প্রতি হেক্টর জমিতে ২৫ থেকে ৩০ কেজি ইউরিয়া, ৫০ থেকে ৫৫ কেজি ফসফেট ও ৩৫ থেকে ৪০ কেজি পটাশ লাগে বলে জানান তিনি।