
এক টুকরো জমি কেনার সিদ্ধান্ত নিলেন। জমি কেনার আগে জমিটির সব দলিল যাচাই করে নিচ্ছেন তো? দলিলগুলো সঠিক আছে কি না তা ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত। প্রায়ই দেখা যায়, জাল দলিল তৈরি করে প্রতারকচক্র জমি বিক্রির নামে প্রতারণা করছে। তাই জমিজমার দলিল দেখে সঠিক উপায়ে যাচাই-বাছাই করে দেখা উচিত কোনো জাল দলিল আছে কি না। একটু সতর্ক হয়ে দলিলটি পরীক্ষা করলেই জাল দলিলটি সহজেই চিনে নেওয়া যায়।
জাল দলিল যেভাবে হতে পারে
অন্য কাউকে মালিক সাজিয়ে জমি সাবরেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে নেওয়া হতে পারে। সাবরেজিস্ট্রি অফিসের সিল-সইও ভুয়া হতে পারে। বণ্টননামার ক্ষেত্রে সহশরিকদের অজান্তে ভুয়া বণ্টননামা করে দলিল জাল হতে পারে। দলিল সম্পাদনকারীদের সই ও সিল জালিয়াতি করে দলিল জাল হতে পারে। অনেক সময় ঘষামাজা করে এবং ওভাররাইটিং বা কাটাছেঁড়া করেও দলিল জাল হতে পারে। আবার মূল তারিখ ঠিক রেখে দলিলের বিষয়বস্তু জাল করতে পারে। মালিক বিদেশে থাকলে মূল দলিল থেকে জালিয়াতি করা হতে পারে। আমমোক্তার দ্বারা সম্পন্ন কোনো দলিল জাল হতে পারে।
কীভাবে বুঝবেন দলিল জাল কি না
প্রথমেই কোনো দলিল নিয়ে সন্দেহ হলে সাবরেজিস্ট্রি অফিসে খোঁজ নিতে হবে। সাবরেজিস্ট্রি অফিসে চারটি রেজিস্ট্রার বা ভলিউমে লেখা হয়ে থাকে। রেজিস্ট্রি অফিসে সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে। এক জমি একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে। কোনো স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে সই-স্বাক্ষর একই রকম কি না দেখে নিতে হবে। এ ছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায়। খেয়াল রাখতে হবে, অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহার হয়েছে কি না। আগের দলিলে সিল যদি নতুন হয়, তাহলে ধরে নিতে হবে, দলিলটি জাল হতে পারে। দলিল রেজিস্ট্রির তারিখ কোনো সরকারি বন্ধের দিন থাকলে ভালো করে যাচই করুন। সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে। নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কি না, পর্যবেক্ষণ করতে হবে। জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে, তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না, তা যাচাই করে দেখা। দাগ নম্বর, ঠিকানা এসব ঠিক আছে কি না, এসব যাচাই করতে হবে। জমির মালিকানা ভালোভাবে যাচাই করতে হবে। কোনো আমমোক্তারনামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে এবং জমির মূল মালিকের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করতে হবে। কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহীতা দখলে গেছে তা যাচাই করতে হবে। দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহীতার সম্পর্ক কী, তা যাচাই করতে হবে। দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন। দলিলে তফসিলি সম্পত্তির ধারাবাহিকতা পূর্ব দলিলের সঙ্গে মিল আছে কি না দেখতে হবে।
কীভাবে নেবেন আইনের আশ্রয়
দলিল নিয়ে জালিয়াতির শিকার হলে ফৌজদারি মামলা করার সুযোগ আছে। দণ্ডবিধির ৪৬৩ থেকে ৪৭৭ ধারা পর্যন্ত জালিয়াতি সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং দায়ী ব্যক্তর বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। আর যদি দলিলটি বাতিল এবং অকার্যকর হিসেবে ঘোষণা চান তাহলে দেওয়ানি আদালতে দলিল বাতিলের মোকদ্দমা করতে হবে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।