জমিসংক্রান্ত জটিলতায় বন্ধ নালার নির্মাণকাজ চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভা সদরের বাজার সড়কে (মুচিপট্টি) ২০০ মিটার নালার নির্মাণকাজ শেষ করার কথা তিন মাসের মধ্যে। কিন্তু দরপত্র কার্যাদেশের মেয়াদ পার হলেও এখনো কাজের অর্ধেক শেষ হয়নি। ঠিকাদারের দাবি, জমিসংক্রান্ত জটিলতায় কাজ থেমে আছে।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, বাজার সড়কের আশপাশে দুই শতাধিক খুচরা ও পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। তা ছাড়া ওই এলাকায় অন্তত সাড়ে তিন শ পরিবারের বসবাস। সড়কটি দিয়ে প্রতিদিন সাতকানিয়া বালিকা উচ্চবিদ্যালয় ও রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ে যাতায়াত করে। নালার কাজের জন্য এখন সড়ক কেটে রাখায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ফলে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে মে মাসের শুরুতে আড়াই ফুট প্রস্থের নালার নির্মাণকাজ শুরু হয়। গত মাসে বৃষ্টির কারণে কাজের গতি কমে যায়। এখন জায়গাসংক্রান্ত জটিলতার কারণে নির্মাণকাজ আপাতত থেমে আছে প্রায় দেড় মাস।

সরেজমিনে দেখা যায়, বাজার সড়কের মাঝখানে কেটে ফেলা হয়েছে। এখনো পুরোপুরি শেষ হয়নি নালার দুই পাশের দেয়াল নির্মাণের কাজ। এদিকে নালায় বৃষ্টির পানির সঙ্গে আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। এ ছাড়া এলোমেলোভাবে ইট ফেলে রাখায় হাঁটতেও কষ্ট হচ্ছে লোকজনের।

ওই সড়কের পাইকারি মুদির দোকানি মোহাম্মদ তোফায়েল বলেন, নালার কাজ এখনো অর্ধেকও হয়নি। গত রমজানে ব্যবসা করতে পারিনি। ধারকর্জ করে ব্যবসা চালাতে হয়েছে। কেবল নালার কারণে খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা এই সড়কের দোকানগুলোতে আসতে চান না। এতে বেচাকেনা অর্ধেকের চেয়েও কমে গেছে।

পার্শ্ববর্তী সতিপাড়া এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিন (৫২) ওই এলাকার দোকান থেকে নিয়মিত বাজারসদাই করেন। তিনি বলেন, নালার কারণে সড়কের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে ওই সড়কের দোকানগুলো থেকে পণ্য কিনতে মন সায় দেয় না। তাই এখন আদালত সড়কের দোকান থেকেই প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনছি।

 এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদার মোহাম্মদ বাদশা মিয়া বলেন, নালার কাজ এত দিনে শেষ হয়ে যেত। এখন কাজ আটকে আছে জমিসংক্রান্ত জটিলতার জন্য। এটার অবসান হলে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে পারব। তিনি দাবি করেন, কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে।

পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশও একই কথা বলেন। তিনি জানান, জায়গাসংক্রান্ত সামান্য জটিলতার কারণে নালাটির নির্মাণকাজ সম্পন্ন করা যাচ্ছে না। তা ছাড়া বৃষ্টিও বাধা হয়ে দাঁড়িয়েছে।

পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, নালাটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। তা ছাড়া নালাটির আরও কিছু অংশ সম্প্রসারণ করতে গিয়ে একটু সময় বেশি লাগছে। তারপরও কাজ দ্রুত শেষ করতে চেষ্টা চলছে।