জমে উঠছে পশুর হাট
চট্টগ্রামে জমে উঠছে পশুর হাট। ইতিমধ্যে নগরের সাগরিকা বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন। আজ মঙ্গলবার বড় আকারে বসছে বিবিরহাট বাজার। এ বাজারে পর্যাপ্ত জায়গা না থাকায় দূর-দূরান্ত থেকে আনা গরু মুরাদপুর ও আশপাশের বিভিন্ন স্থানে রাখছেন ব্যবসায়ীরা। ইজারাদারদের সঙ্গে কথা বলে এবং নগরের সাগরিকা বাজার ঘুরে দেখা গেছে, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙার গরু ইতিমধ্যে চলে এসেছে। আজ-কালের মধ্যে অনেক গরু আসবে। গরু আসার প্রবণতা ভালো বলে জানিয়েছেন ইজারাদারেরা। আগামী দুই দিনের মধ্যেই বাজার পূর্ণতা পাবে। বাজারে দেখা গেছে, অপেক্ষাকৃত বড় আকারের গরুর ভিড়। এগুলো সবই কুষ্টিয়া ও আশপাশের জেলা থেকে আসা। তবে ভারতীয় গরু যথারীতি কম দেখা যাচ্ছে। চট্টগ্রামের বিক্রেতারা জানান, মিয়ানমার থেকে এ বছর গরু আসছে কম। চোরাই পথে কিছু কিছু গরু আসছে। গরু আসা শুরু হলেও ক্রেতাদের এখনো তেমন দেখা যাচ্ছে না। কিছু শৌখিন লোক বাজারে ঘোরাফেরা করছেন। বিক্রেতারা বলেন, লোকজন গরুর দরদাম করছেন। কিন্তু কিনছেন না। সাগরিকা বাজারের অন্যতম ইজারাদার আবদুল্লাহ আল মামুন বলেন, শহরের মানুষ সাধারণত ঈদুল আজহার কাছাকাছি সময়ে গরু কিনে থাকেন। এবারও তা-ই হবে বলেই মনে হচ্ছে। বড় আকারের গরু আসতে শুরু হলেও স্থানীয় জাতের গরুর দেখা নেই বাজারে। পটিয়ার গরু ব্যবসায়ী আবদুস সালাম প্রথম আলোকে বলেন, বার্মা (মিয়ানমার) থেকে এবার গরু আসছে খুবই কম। আর সাতকানিয়া ও আশপাশের এলাকার গরু আসবে বুধবার থেকে। তবে আজ বিবিরহাট বাজারে স্থানীয় জাতের কিছু গরু দেখা যেতে পারে বলেও ধারণা করছেন তিনি। স্থায়ী দুই বাজারের চেয়ে অস্থায়ী বাজারগুলোতেই চট্টগ্রামের স্থানীয় জাতের গরু বেশি আসতে দেখা গেছে। নগরের দুইটি স্থায়ী বাজার ছাড়াও কোরবানির পশুর হাট বসানোর জন্য পাঁচটি অস্থায়ী বাজারের ইজারা দেওয়া হয়েছে। নুর নগর হাউজিং এলাকায় এবার বসছে কর্ণফুলী অস্থায়ী পশুর হাট। দক্ষিণ চট্টগ্রামের বেশির ভাগ গরুই এ বাজারে ওঠে। সেখানে স্থানীয় জাতের ছোট ও মাঝারি আকারের গরু বেশি দেখা গেছে। অস্থায়ী হাটগুলোতে প্রতিদিনই গরু-ছাগল ও কোরবানির অন্যান্য পশু বিক্রি হবে বলে সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। বাজারে গরুর দরদাম কেমন হচ্ছে তা জানতে কথা হয় বিক্রেতাদের সঙ্গে। তাঁরা বলেন, এবার প্রতিটি চার মণ ওজনের গরু মোটাতাজা করতে গত বছরের চেয়ে পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি খরচ হয়েছে। ফলে এবার দামও বাড়বে। এ ছাড়া গোখাদ্যের দাম আকাশচুম্বী। ফলে গতবারের দামে গরু বিক্রি করলে তাঁরা লাভের মুখ দেখবেন না বলে জানান। এদিকে, গরুর বাজারকে কেন্দ্র করে কিছু মৌসুমি ব্যবসাও শুরু হয়ে গেছে। যেমন কোরবানির পশুকে খাওয়ানোর জন্য খড় সরবরাহের ব্যবসা শুরু করেছেন এক ধরনের ব্যবসায়ী। নগরের চকবাজারের প্যারেড মাঠের দুই পাশে জমে উঠেছে বড় বড় খড়ের গাদা। আবার গরু আনা ট্রাকগুলো পরিষ্কার করার জন্যও কিছু লোক অপেক্ষা করেন। তাঁরা বলেন, গরু নামানোর পর প্রতিটি ট্রাক পরিষ্কার করার বিনিময়ে পরিশোধ করতে হয় ১৫০ টাকা।