জমে উঠছে মেলা
মেলার একটি স্টলে নানা সরঞ্জাম নিয়ে এক মনে কোমর তাঁত বুনছিলেন জয়শ্রী, শিউলি ও প্রিয়াংকা চাকমা। আগ্রহ ভরে তাঁদের ঘিরে দেখছেন দর্শনার্থীরা। তাঁরা রিহা টেক্সটাইলের তাঁতকর্মী। নারী উদ্যোক্তা মনোয়ারা বেগম এ প্রতিষ্ঠানের কর্ণধার। কোমর তাঁত প্রদর্শনীর জন্য তাঁরা এসেছেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা পণ্যের মেলা। মেলায় অংশ নিতে মনোয়ারা বেগমের মতো বরিশালের লাইজু আক্তার, বান্দরবানের জিংঠাকুং বমসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নারীরা। আবার নগরের মিতা আজহারের মতো অনেক নতুন নারী উদ্যোক্তাও এসেছেন এবারের মেলায়।মেলায় ঘুরে দেখা গেছে, সারা দিনে মেলার দর্শনার্থী সমাগম কম থাকলেও লোকজনের চাপ বাড়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তবে ছুটির দিনগুলোতে ব্যতিক্রম। দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে মেলার প্রাঙ্গণ। তবে ধীরে ধীরে মেলা জমে উঠছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বিভিন্ন হস্ত শিল্পের তৈরি পণ্যসামগ্রীর দোকান, গৃহস্থালি তৈজসপত্র, জুয়েলারি, বুটিকস হাউস, বিদেশি প্যাভিলিয়ন ও জুতার দোকানে তরুণী এবং মহিলাদের ভিড় দেখা গেছে। মেলা কমিটির চেয়ারম্যান গুলশানা আলী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন জেলার শতাধিক নারী উদ্যোক্তাকে মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তাদের ব্যবসার পরিচিতি ও প্রসার দুটোই ঘটবে। তিনি আরও বলেন, ‘এবারের মেলায় বেশ সাড়া পাচ্ছি। গতবারের সময় বৃষ্টির কারণে তেমন সাড়া পাইনি। আশা করছি, স্কুল-কলেজগুলোর পরীক্ষা শেষ হলেই মেলা আরও জমজমাট হয়ে উঠবে।’মিতা বুটিকসের কর্ণধার মিতা আজহার বলেন, প্রথমবার মেলায় এসে বেশ সাড়া পাচ্ছি। এখন প্রতিদিন দর্শনার্থী বাড়ছে। হস্তশিল্প ও বুটিকসের স্টলগুলোতে সব ধরনের ক্রেতাদের ভিড় লেগেই থাকে।তবে কর্তৃপক্ষের প্রচারণার অভাবে মেলা এখনো পুরোপুরি জমছে না বলে অভিযোগ করেন এন মোহাম্মদ প্লাস্টিক কোম্পানির ব্যবস্থাপক এম জি শাকারিয়া। তিনি বলেন, কর্তৃপক্ষের মেলার প্রচারে তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। বেশির ভাগ মানুষই এখনো এ মেলা সম্পর্কে জানে না। প্রচার যদি হতো তাহলে ক্রেতা আরও বাড়ত। ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলায় বসেছে দেশি-বিদেশি ৩৫০টি স্টল। বিদেশি স্টলের মধ্যে রয়েছে ইরান, ভারত ও পাকিস্তানের। বিদেশি এসব প্যাভিলিয়নেও ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। কলেজ-পড়ুয়া অর্পিতা বড়ুয়া তাঁর বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিলেন মেলায়। বিদেশি প্যাভিলিয়নে এসেই তাঁর পছন্দ হয়ে যায় কাশ্মিরী চাদর। অর্পিতার নিজের ও মায়ের জন্য চাদর কেনা দেখে তাঁর বন্ধু রাজনও তাঁর মায়ের জন্য একটি চাদর কেনেন। পাকিস্তানি প্যাভিলিয়নের বিক্রেতা মো. মিলন বলেন, শীত চলে আসায় চাদর বিক্রি হচ্ছে বেশি। কাশ্মিরী এসব চাদরের দাম ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। এবারের মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। শিশুদের বিনোদনের জন্য অস্থায়ী পার্কটি নির্মাণ করেছে ঢাকা থেকে আসা নেপচুন এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট কোম্পানি লিমিটেড। রোলার কোস্টার, রেঞ্জার, স্ট্রাইকিং কার, সুইং চেয়ার, ব্রেক ড্যান্স, জাম্পিং ফ্রগসহ মোট ১৩টি রাইড রয়েছে এখানে। রাইডে চড়তে প্রতিটি টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ থেকে ৩০ টাকা।