জমে উঠছে সাংস্কৃতিক অঙ্গন
রমজান ও বর্ষার কারণে কিছুটা ঝিমিয়ে পড়েছিল চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গন। সরকারি কিছু অনুষ্ঠান, শোকসভা, দু-একটি নাটক ছাড়া তেমন কোনো কার্যক্রম পুরো মাসে দেখা যায়নি। তাই বলে থেমে থাকেনি কর্মশালা, মহড়া, ক্লাস ও নিয়মিত কাজ। আসছে শুকনো মৌসুম সামনে রেখে দলগুলো এ সময়কেই কাজে লাগিয়েছে। ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়েছে বিভিন্ন আয়োজনের। প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান বলেন, রোজার মাসে শামসুর রাহমান ও হুমায়ুন আজাদ স্মরণে গত ১২ ও ১৭ আগস্ট প্রমার দুটি অনুষ্ঠান ছিল। দুটি অনুষ্ঠানেই দর্শকদের বেশ সাড়া পাওয়া গেছে। তিনি আরও বলেন, চট্টগ্রামে রোজার মাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে যায়। তবে ঢাকায় নাটক-আবৃত্তি-বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিতই হয়। আমাদের চট্টগ্রামেও তা সম্ভব হবে, তবে এর জন্য সাংস্কৃতিক সংগঠনগুলোকে সক্রিয় হতে হবে।তির্যক নাট্যদলের আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘গত মাসে তির্যকের কোনো শো ছিল না। যেহেতু রোজার মাস, তাই দর্শকেরা ইফতার, কেনা-কাটা নিয়েই ব্যস্ত থাকে। তাই এই সময়টাতে চলেছে তাদের রাজা, বিসর্জন ও রক্তকরবী নাটকের মহড়া ও নতুনদের কর্মশালা। আর এ মাসে যেহেতু মঞ্চ খালি পাওয়া যায়নি, তাই সামনের মাসে মঞ্চ খালি পাওয়ামাত্র চলবে রাজা নাটকের নিয়মিত প্রদর্শনী। আর নভেম্বরে হবে বিসর্জন নাটকের ২০০তম বিশেষ প্রদর্শনী।ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের প্রধান অসীম দাশ বলেন, গত ১২ আগস্ট বিকেলে ফেইমের রক্তকরবী নাটকের প্রদর্শনী ছিল এবং এতে বেশ দর্শকের সাড়াও পাওয়া গেছে। তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে ভালো দর্শকের সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি এ ধারা অব্যাহত থাকবে, যা থিয়েটারকে আরও বেগবান করবে।’ গত মাসে একটি প্রদর্শনী ছাড়া চলেছে ফেইমের নিয়মিত মহড়া, ক্লাস ও নতুন নাটকের কাজ। সাত দিন বন্ধের পর আবার পুরোদমে শুরু হয়েছে কাজ। তিনি জানান, চট্টগ্রামের প্রায় প্রতিটি দলেই নতুন নাটক আছে। মঞ্চ খালি পেলেই শুরু হবে নিয়মিত নাটকের প্রদর্শনী। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী বলেন, ‘গত মাসে আমাদের একটি অনুষ্ঠান ছিল—চলচ্চিত্রকার মণি কাউল স্মরণে পাঠচক্র। কিন্তু এ মাস থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অর্থা ৎ পুরো শীতেই কিছু গুরুত্বপূর্ণ আয়োজন থাকবে। এ মাসে চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনির স্মরণে ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী চলবে চলচ্চিত্র প্রদর্শনী। এরপর রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র সাহিত্যের ওপর নির্মিত চলচ্চিত্র নিয়ে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এরপর থাকবে দুই দিনের বিশ্ব চলচ্চিত্র অধিবেশন। এতে চীন, জাপানসহ মোট আটটি দেশের চলচ্চিত্র দেখানো হবে। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত চলবে কোরিয়ান চলচ্চিত্র উ ৎ সব এবং সাত দিনের ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। জানুয়ারিতে হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উ ৎ সব। আর প্রতিমাসের পাঠচক্র তো চলবেই।’উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চন্দন দাশের সঙ্গে কথা বলে জানা যায়, গত মাসে ক্লাস ও মহড়া ছাড়া উদীচীর কোনো অনুষ্ঠান ছিল না। কিন্তু আগামী ২১, ২২ ও ২৩ অক্টোবর রয়েছে জাতীয় সাংস্কৃতিক সম্মিলন। ২৯ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য ও রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এককভাবে ডিসি হিলে অনুষ্ঠান করার উদ্দেশ্যে তাঁরা নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছেন। বোধন আবৃত্তি সংগঠনের রণজিত রক্ষিত জানান, বোধনে ক্লাস ও মহড়া নিয়মিত হচ্ছে। এ মাসের ১৬ তারিখ শিল্পকলায় থাকছে তাদের সমাবর্তন অনুষ্ঠান। এ ছাড়া আপাতত তাদের বড় কোনো পরিকল্পনা নেই।আনন্দধ্বনির মিহির নন্দী জানান, তাদের আপাতত ক্লাস ছাড়া কোনো অনুষ্ঠান হবে না। তবে ফেব্রুয়ারিতে বড় করে বসন্ত উ ৎ সব করার জন্য প্রস্তুতি চলছে।