জমে উঠেছে কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের টেরিবাজারের একটি দোকানে শাড়ি দেখছেন  ক্রেতারা l প্রথম আলো
নগরের টেরিবাজারের একটি দোকানে শাড়ি দেখছেন ক্রেতারা l প্রথম আলো

থান কাপড়ের জন্য প্রসিদ্ধ নগরের টেরিবাজার। এখনো সেই ধারা অব্যাহত আছে। এর সঙ্গে যোগ হয়েছে এক ছাদের নিচে সব পণ্যের বিক্রয়কেন্দ্র। এসব দোকানে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতা, প্রসাধনী—সবই পাওয়া যায়। ফলে সব শ্রেণির ক্রেতার গন্তব্য এখন টেরিবাজার। প্রতিবারের মতো এবারও আগেভাগে জমে উঠেছে কেনাকাটা।
ক্রেতাদের পদচারণে মুখর এখানকার চারপাশ। পরে অতিরিক্ত দাম, ভিড় ও ভোগান্তি এড়াতে অনেকে এখনই শুরু করেছেন ঈদের কেনাকাটা। দোকানিরাও ক্রেতাদের চাহিদা বুঝে রকমারি থান কাপড় ও পোশাকের পসরা সাজিয়েছেন। রমজান মাসের দ্বিতীয় সপ্তাহের পর দরজির দোকানগুলো আর ফরমায়েশ (অর্ডার) নেবে না। তাই রোজা শুরুর আগে থেকেই থান কাপড়ের বিক্রি বেড়েছে।
দোকানিরা জানান, বারিস, কাতান, লিলেন, জামদানি, কটন, নেট, জর্জেট, শিফন, ম্যাক্স, থ্রিডি ও ডিজিটাল প্রিন্ট প্রভৃতি নামের থান কাপড়ে সয়লাব এবারের বাজার। অবশ্য কয়েক বছর থেকে দেশি কাপড়ের চাহিদা বেড়েছে। এর পাশাপাশি ভারত, চীন ও পাকিস্তানে তৈরি থান কাপড়ের প্রতিও আগ্রহ আছে ক্রেতাদের।
টেরিবাজারের পোশাক বিক্রয়কেন্দ্র মনে রেখ-এর ব্যবস্থাপক মাহমুদুল হক জানান, এবার ভালো কাজের ও বেনারসি থান কাপড়ের চাহিদা বেশি। রোজার প্রথম ১০ দিন থান কাপড়ের বিকিকিনি বেশি থাকবে।
বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, মানভেদে থান কাপড়ের গজ বিক্রি হচ্ছে ৬০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। গত সোমবার টেরিবাজারে কথা হয় ইউএসটিসির শিক্ষার্থী নাজিয়াত প্রতিভার সঙ্গে। তিনি জানান, কামিজের জন্য শিফন কাপড় কিনলেও রং মিলিয়ে পছন্দের ওড়না পাওয়া যাচ্ছে না। তাঁর মতে, এভাবে মিলিয়ে কাপড় কিনতে একটু কষ্ট হলেও থান কাপড় ভালো। কারণ তৈরি সালোয়ার-কামিজের যে দাম তার অর্ধেক দামে থান কাপড় কিনে পোশাক বানানো যায়। সেই সঙ্গে নিজের নকশায় পোশাক বানানোর তৃপ্তি তো রয়েছেই। থান কাপড়ের দোকানের পাশাপাশি ক্রেতাদের ভিড় বাড়ছে বিভিন্ন লেসের দোকানে। গজপ্রতি ৩০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিভিন্ন ডিজাইনের লেস মিলছে দোকানগুলোতে।

বিভিন্ন ডিজাইনের সেলাইবিহীন থ্রিপিসের চাহিদাও কম নয়। বিক্রেতারা জানালেন এবার বিভিন্ন বুটিকসের থ্রিপিসের চাহিদা বেশি। বাহারি নামে রয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন সেলাইবিহীন থ্রিপিস কাপড়ের সমাহার। কারিশমা, সানাসাফিনাস, বোম্বাই বুটিকস, তাওয়াক্কেল বুটিকস, মুটিস, ক্রিসেন্টসহ এসব সেলাইবিহীন থ্রিপিসের মানভেদে মূল্য পড়বে ২৫০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত।
শাড়ি ও থ্রিপিস বিক্রয়কেন্দ্র পরশমণির অন্যতম মালিক ইমরান সাদেক বলেন, ‘পাইকারি দামের কাছাকাছিতেই আমরা খুচরায়ও কাপড় বিক্রি করি। পাশাপাশি বাছাই করে পোশাক কেনার সুযোগ টেরিবাজারে বেশি। তাই ক্রেতারা এখানে বেশি আসেন।’
এ ছাড়া পোশাক বিক্রয়কেন্দ্র আজমীর, বৈঠক বাজার, তাজমহল, নবারুণ ট্রেডার্সেও ক্রেতাদের প্রচুর ভিড়। এক জায়গায় হরেক রকম কাপড় পাওয়া যায় বলে অনেকেই এসব দোকান থেকেই কিনছেন। এখানে মানভেদে বিভিন্ন কাতান শাড়ি ১ হাজার ৫০০ থেকে ১৩ হাজার টাকা, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ৮০০ থেকে ৪ হাজার টাকা, দেশি সুতির শাড়ি ৩০০ থেকে ৮০০ টাকা ও ঢাকাই জামদানি ১ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঞ্জাবির দাম পড়বে ৫০০ থেকে ১২ হাজার টাকা।