জমে উঠেছে নারী প্রার্থীদের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার চারটি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। পুরুষ প্রার্থীদের চেয়ে প্রচারে এগিয়ে নারীরা। প্রতিটি ওয়ার্ডে মাঠে নেমেছেন একাধিক নারী প্রার্থী। ২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের পরদিন থেকে নারী প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন। পৌরসভার সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৮ হাজার। এ ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আয়েশা সিরাজ বলেন, ‘বেশির ভাগ এলাকায় পানির সংকট তীব্র। নলকূপগুলোতে নোনা পানি ওঠে। নেই রাস্তাঘাট, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করব।’ শাহেনা আকতার জানান, নুনিয়াছটা, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, ফদানারডেইল গ্রামে বসবাসকারী ৭০ হাজার মানুষ বাস্তুহারা। নির্বাচিত হলে বাস্তুহারাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি। হুমায়ারা বেগম জানান, উত্তর নুনিয়াছটা, টুইট্যাপাড়া, নাজিরাটেক থেকে সমিতিপাড়া পর্যন্ত শহররক্ষা বাঁধ নির্মাণ খুবই প্রয়োজন। পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানসহ শিক্ষা ও স্বাস্থ্য খাত উন্নয়নের চেষ্টা করবেন বলে জানালেন তিনি। একই প্রতিশ্রুতির ব্যক্ত করেন কাউন্সিলর পদপ্রার্থী টিপু সুলতানা ও রাজিয়া বেগম।সংরক্ষিত ওয়ার্ড ২-এ ভোটার আছে প্রায় ১৮ হাজার। এ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর চাম্পা উদ্দিন জানান, এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট অপ্রতুল। এ ছাড়া বিদ্যুৎ, পানি ও জলাবদ্ধতার সমস্যা প্রকট। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে ভোটার প্রায় ১৭ হাজার। কাউন্সিলর পদপ্রার্থী দীপ্তি শর্মা জানান, বেশির ভাগ এলাকা পাহাড়ি। গ্রামগুলোতে পানির সমস্যা তীব্র। নির্বাচিত হলে বিদ্যালয়, হাসপাতাল, রাস্তাঘাট-নির্মাণ ও পানি-সংকট নিরসনসহ ইভ টিজিং প্রতিরোধ, বেকার নারীর ভাগ্য উন্নয়ন ও বাল্যবিবাহ রোধে কাজ করবেন। প্রার্থী মনজুমন রাহাও একই সমস্যার কথা তুলে ধরলেন। নির্বাচিত হলে রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন বলে জানান তিনি। জামায়াত-সমর্থক প্রার্থী জাহেদা আকতার কাউন্সিলর নির্বাচিত হলে নারী শিক্ষার উন্নয়নে কাজ করবেন বলে জানান। সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে ভোটার প্রায় ১৮ হাজার। আওয়ামী লীগ-সমর্থক প্রার্থী নাসিমা বানু জানান, হোটেল-মোটেল এলাকায় পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। নির্বাচিত হলে কলাতলীতে বাঁধ নির্মাণ এবং সড়কে বাতি লাগানোর উদ্যোগ নেবেন তিনি।