প্রতীক বরাদ্দের পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নে প্রার্থীরা পুরোদমে প্রচারণায় নেমে পড়েছেন। এই তিন ইউনিয়নে নির্বাচন হবে ১৯ জুন। উপজেলার পাঁচটি ইউনিয়নের দুটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের মধ্যেও তিন ইউনিয়নের প্রার্থীরা গণসংযোগ চালিয়েছেন। তিন ইউনিয়নের মধ্যে প্রচার-প্রচারণার উত্তাপ সবচেয়ে বেশি দেখা গেছে ১ নম্বর মেরুং ইউনিয়নে। ২১ হাজার ২৫৮ ভোটারের এই ইউনিয়নের একটি ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী বেশি হওয়ায় অতিরিক্ত প্রতীকের ব্যবস্থা করতে হয়েছে নির্বাচন কমিশনকে। ইউনিয়নে আওয়ামী লীগ কোনো চেয়ারম্যান পদপ্রার্থীকে সমর্থন করেনি। অপরদিকে বিএনপির তিন সমর্থক চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—মোশারফ হোসেন (গরুর গাড়ি) মোসলেম উদ্দিন (কাপ-পিরিচ) ও শামছুল হক (দোয়াত-কলম)। এ ছাড়া আনারস প্রতীক নিয়ে শান্তি লোচন দেওয়ান ও চশমা প্রতীক নিয়ে সুজয় চাকমাও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। শান্তি লোচন দেওয়ান বলেন, ‘এখানে ভোটারদের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। আমি উভয় সম্প্রদায়ের ভোট পেয়ে নির্বাচিত হব।’ অপরদিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একই পরিবারের চাচা, ভাতিজা ও ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা তিনজন জয়ের ব্যাপারে আশাবাদী। ৩ নম্বর ওয়ার্ডে সদস্যপ্রার্থী হয়েছেন ১৩ জন। কিন্তু নির্বাচন কমিশনের প্রতীক নির্ধারিত ছিল ১০টি। ফলে নির্বাচন কমিশন থেকে হাতি, তীর-ধনুক ও একতারা প্রতীক অতিরিক্ত বরাদ্দ করতে হয়েছে। মেরুং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ৩ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত প্রার্থী হওয়ায় অতিরিক্ত প্রতীক বরাদ্দ দিতে হয়েছে। এত বিপুলসংখ্যক প্রার্থী আর কোনো ওয়ার্ডে নেই। এদিকে উপজেলার দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়নের কয়েকজন প্রার্থী একটি আঞ্চলিক রাজনৈতিক দলের সদস্যদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেন। পুলিশ প্রশাসনের তদন্তে এ অভিযোগের সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে গত ৩১ মে এই দুই ইউনিয়নে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।