জমে উঠেছে বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর গড়িয়ে বিকেল না হতেই টিকিট কাউন্টারে শিশু-নারী-পুরুষের দীর্ঘ সারি। দর্শনার্থীদের পদচারণে উড়ছে ধুলা। পণ্যের পসরা সাজিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণে বিক্রেতারা ডেকে চলেছেন অনবরত। ফটকেও ভিড়। ফটক না পেরোতেই চোখে পড়ল লোকে লোকারণ্য হয়ে পড়েছে ফোয়ারার পাশে বিশাল জায়গাটি। স্টল-প্যাভিলিয়নে তিল ধারণের জায়গা নেই। গত শুক্রবার চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ডে আয়োজিত ২১তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেতর এবং বাইরের চিত্র এটি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা না হলেও চট্টগ্রাম চেম্বার আয়োজিত আন্তর্জাতিক এই মেলাজমে উঠেছে এবার। শুক্রবার ছুটির দিন থাকায় ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলার ভেতরে যেমন ক্রেতা-বিক্রেতার দর-কষাকষি চলেছে, ঠিক বাইরেও সমানে চলেছে ক্রেতা-বিক্রেতার দরদাম। ক্রেতাদের আকৃষ্ট করতে নানা ধরনের ছাড় এবং উপহার দেওয়া হচ্ছে। প্রতিবারের মতো মেলার স্টল এবং প্যাভিলিয়নগুলো সেজেছে নতুন সাজে। এর মধ্যে মার্কস প্যাভিলিয়নটি একেবারে নতুনত্ব নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামবাসীর কাছে। অনেকটা রাজা-বাদশাদের দুর্গের আদলে তৈরি এই প্যাভিলিয়নটি ফটক পেরোলেই চোখে পড়বে। মার্কস প্যাভিলিয়নের পাশেই রয়েছে ভারতীয় নানা আকর্ষণীয় পণ্য নিয়ে সাজানো ভারতের প্যাভিলিয়নটি। এই প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, গৃহস্থালি সামগ্রী, পোশাকের প্রাধান্যই চোখে পড়ল বেশি। এই প্যাভিলিয়নে কেনাকাটা করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানা হোসাইন বলেন, ‘শুধু এই মেলা থেকেই বিভিন্ন দেশের নানা পণ্যসামগ্রী একসঙ্গে পাওয়া যায়। তাই দেখেশুনে কেনাকাটা করা যায়।’ তবে এবারের মেলায় সবকিছুর দাম একটু বেশি বলে মনে করেন তিনি।মেলার ভেতরে গিয়ে দেখা গেছে, প্লাস্টিকসামগ্রীর প্যাভিলিয়নে ভিড় ছিল সবচেয়ে বেশি। কেনাবেচাও অন্যান্য সামগ্রীর চেয়ে বেশি হচ্ছে। আরএফএল, বেঙ্গল, এন মোহাম্মদ প্লাস্টিকসামগ্রীর দোকানে নির্দিষ্ট টাকার পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব উপহার। আরএফএল প্লাস্টিক প্যাভিলিয়নের পণ্যবিক্রেতা তোফায়েল বলেন, ‘মেলার শুরুর দিকে ক্রেতাসমাগম কম হলেও এখন বেশ বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনেগুলোতে ক্রেতা সামলাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।’ আসবাবপত্র প্রতিষ্ঠানগুলোতেও ছাড়ের ছড়াছড়ি। মেলা উপলক্ষে পারটেক্স দিচ্ছে ২৫, অটবি ২০, হাতিল ৫ থেকে ৩০, ভেগাস ফার্নিচার পাঁচ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে।মেলার আয়োজকেরা জানান, প্রায় চার লাখ বর্গফুট সুবিশাল জায়গায় এবারের মেলা আয়োজন করা হয়েছে। মেলার কান্ট্রি পার্টনার হিসেবে থাকছে থাইল্যান্ড। বরাবরের মতো থাইল্যান্ডের প্যাভিলিয়নটি সুসজ্জিত। কেনাকাটার চেয়ে থাইল্যান্ডের দৃষ্টিনন্দন পণ্য দেখতেই যেন ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বেশি। থাইল্যান্ড ছাড়াও বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে ভারত, চীন, তুরস্ক, ইরান ও পাকিস্তানের ১০০টির বেশি প্রতিষ্ঠান। মেলায় দেশীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে ৩৫০টি। মেলার সেকশন ইনচার্জ মোকাম্মেল হক খান প্রথম আলোকে জানান, চট্টগ্রামে বিনোদনের জায়গা খুব একটা নেই বললেই চলে। অনেকে এই মেলার জন্য মুখিয়ে থাকে। মেলায় পরিবারের লোকজনকে নিয়ে একসঙ্গে কিছু সময়ের জন্য ঘোরাঘুরি, কেনাকাটা, খওয়াদাওয়া করা যায়। ছুটির দিনগুলোতে মেলা বেশি জমে ওঠে। পুরো মাসেই এই মেলা চলবে বলে তিনি জানান।