জমে উঠেছে মৌসুমি ফলের হাট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে এবার মৌসুমি ফলের বাম্পার ফলন হয়েছে। চাষিরা বাগান থেকে ফল এনে খুচরা ও পাইকারি বাজারে বিক্রিও শুরু করেছেন। বাজারে লিচু, আম, কাঁঠাল ও আনারসের সরবরাহ বেশ ভালো। এসব ফল ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ১৩৮ একর জমিতে আম, ৫২ একর জমিতে লিচু, ৩২১ একর জমিতে কাঁঠাল ও ১৩৫ একর জমিতে আনারসের চাষ হয়েছে। ফলের বাগান ছাড়াও প্রতিটি গ্রামে বাড়ির আঙিনায় লাগানো মৌসুমি ফলের গাছে ফল পাকতে শুরু করেছে। ফলন ভালো হওয়ায় খুশি বাগানিরা।জানা গেছে, উপজেলায় চার জাতের লিচু, তিন জাতের আম, হানিকুইন জাতের আনারস ও কাঁঠালের ফলন ভালো হয়। বাজারে আসা লিচুর মধ্যে চায়না থ্রি ও ফোর, বোম্বে থ্রি এবং দেশি জাতের লিচু আছে। দেশি পাকা আম এলেও আম্রপালি ও বার্মিজ জাতের আম এখনো আসেনি। এই দুই জাতের আম আগামী এক মাসের মধ্যে বাজারে আসবে বলে ফল ব্যবসায়ীরা জানান। বাজারে পাকা কাঁঠালের সরবরাহ বেশ ভালো। হানিকুইন ও দেশি জাতের আনারসও উঠেছে স্থানীয় বাজারে।ব্যবসায়ী ও চাষিরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার মৌসুমি ফলের ফলন ভালো হয়েছে, পাশাপাশি দামও ভালো পাওয়া যাচ্ছে। এতে চাষি ও ব্যবসায়ীরা উভয়ে লাভবান হচ্ছেন। এক শ লিচু আকারভেদে ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমও জাতভেদে কেজি ৩০ থেকে ৫০ টাকায়, কাঁঠাল আকারভেদে ২০ থেকে ৩০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। আর আনারস এক জোড়া বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। আগের বছরগুলোতে ১০০ লিচু ৫০ থেকে ৮০ টাকায়, আম প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকায়, আনারস জোড়া ১০ থেকে ১২ টাকায় আর কাঁঠাল আকারভেদে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে । উপজেলার মধ্যমপাড়া এলাকার লিচু ব্যবসায়ী মো. হাসেম প্রথম আলোকে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর ঢাকা-চট্টগ্রামে লিচুর চাহিদা বেশি। সেজন্য আমরা বেশি দামে কিনে নিচ্ছি। এখানে ১০০ লিচু ১০০ টাকায় কিনলে ঢাকা-চট্টগ্রামে ২৫০ টাকায় বিক্রি করতে পারি। আর ১৫০ টাকার লিচু ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়।’ বাঘাইছড়ি লিচুচাষি সমর কান্তি চাকমা বলেন, ‘আমার বাগানে এ বছর ১০ থেকে ১২টি লিচুগাছে ফলন এসেছে। একটি গাছের লিচু বিক্রি করে পেয়েছি ১৫ থেকে ২০ হাজার টাকা। গত বছর লিচুর দাম কম ছিল। এ বছর লিচুর ভালো দাম ওঠায় অনেক চাষি লাভবান হয়েছেন।’ উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা তুষার কান্তি চাকমা বলেন, ‘ঢাকা-চট্টগ্রামে সরবরাহ থাকায় চাষিরা ফলের ভালো দাম পাচ্ছেন। ভালো দাম পেলে চাষিদের ফলচাষে আগ্রহ বাড়বে।’