জমে উঠেছে সীতাকুণ্ডের ঈদ-বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে গিয়ে ঈদের কেনাকাটা করার ইচ্ছে থাকলেও মহাসড়কের যানজটের কথা ভেবে অনেকেই নিরুৎসাহিত হন। সীতাকুণ্ডের লোকজন তাই এখন ছুটছেন তাঁদের নিজেদের এলাকার বিপণিবিতানগুলোতে। রমজান মাসের শুরুতেই তাই জমে উঠেছে সীতাকুণ্ডের ঈদ-বাজার।ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, যানজটের কারণে গ্রামের লোকজন ঈদের কেনাকাটার জন্য শহরমুখী হচ্ছেন না। তা ছাড়া বর্তমানে এ উপজেলায় বেশ কয়েকটি আধুনিক বিপণিবিতান গড়ে উঠেছে, যেগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে পারছে।দিন যতই ঘনিয়ে আসছে, ততই বেচাকেনা বাড়ছে সীতাকুণ্ডের বিপণিবিতানগুলোতে। পৌর এলাকার শপিং সেন্টার, বদিউল আলম নিউমার্কেট, ন্যাশনাল মার্কেট, সুপার মার্কেট, নাহার প্লাজা, সমবায় বিতান, আফরোজা প্লাজা, মহিলা মার্কেট, কুমিরার চৌধুরী মার্কেট, ভাটিয়ারী সুপার মার্কেট ও বাড়বকুণ্ডের গনি মার্কেটে চলছে কেনাকাটার ধুম। ঈদ উপলক্ষে বিপণিবিতানগুলোকে সাজানো হয়েছে জমকালো সাজে। সরেজমিনে দেখা গেছে, বেশ কয়েকটি বিপণিবিতানে ক্রেতা আকর্ষণের জন্য আলোকসজ্জা করা হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা।কুমিরা শপিং সেন্টারের উজ্জ্বল ক্লথের বিক্রয়কর্মী মাহমুদুল হক জানান, দোকানে প্রথম রমজান থেকে পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত বেচাকেনা চলছে। পৌর সদরের নাহার প্লাজার আঁঁচল শাড়ি বিতানের মালিক নিজাম উদ্দিন বলেন, ‘বিদেশি পোশাকের চেয়ে এখানে দেশি পোশাকের চাহিদা বেশি। পাঞ্জাবি ও শিশুদের পোশাক এবার বেশি করে এনেছি।’এদিকে স্বর্ণের দাম বাড়ায় অলংকারের দোকানগুলোতে তেমন বেচাকেনা হচ্ছে না। কাপড়ের দামও এবার একটু চওড়া।ভাটিয়ারী সুপার মার্কেটের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, চোরাইপথে কাপড় না আসায় এবং বিদেশি কাপড়ের ওপর সরকার কর বাড়িয়ে দেওয়ায় কাপড়ের দাম একটু বেশি।ঈদের বাজার করতে আসা সীতাকুণ্ডের গোলাবাড়িয়া গ্রামের আবদুর রশীদ বলেন, ‘মা, ছোট ভাইবোনসহ সবার জন্য কেনাকাটা করছি। এখনো দাম সাধ্যের মধ্যেই আছে, তবে দামাদামি করতে হয়।’বদিউল আলম নিউমার্কেটের আকাশ টেইলার্সের মালিক স্বপন দাশ জানান, পৌর সদরের দর্জির দোকানগুলোতে সেলাইয়ের ফরমায়েশ নেওয়া হচ্ছে পুরোদমে। কারিগরেরা কাজ করছেন দিন-রাত।সীতাকুণ্ড উপজেলা ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহার জানান, উপজেলার সব মার্কেটে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা বাহিনী এবং জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। তিনি ক্রেতাদের নিরাপত্তা দিতে টহল পুলিশ বাড়ানোর আহ্বান জানান। এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘এ বিষয়ে বাজারের ব্যবসায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। ঈদ উপলক্ষে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় থাকবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি।’